আওয়ামী লীগ জিতবে, না বিএনপি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

নির্বাচনে জয়-পরাজয়ের হিসাবে যাচ্ছি না। নির্বাচন তো পরে। আগে দেখতে হবে নির্বাচনে প্রধান বিরোধী দলসহ অন্য সব দলের অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে কি না। যদি হয় তাহলে বলব, দুই দলই প্রথম রাউন্ডে জয়যুক্ত হয়েছে। ২০০৮ সালের নির্বাচনে অনেক দ্বিধাদ্বন্দ্ব ও প্রতিকূলতা সত্ত্বেও বিএনপি শেষ মুহূর্তে অংশ নিয়েছিল বলেই আওয়ামী লীগের বিজয় সার্থক হয়েছিল। আজ যদি প্রধান বিরোধী দল ও জোট নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে দোষটা গিয়ে পড়বে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ওপরই। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে জিতলেও তার কোনো দাম থাকবে না। বরং রাজনৈতিক অস্থিরতায় গণতন্ত্র বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দেবে।
এটা যে আওয়ামী লীগ জানে না বা বোঝে না, তা নয়। দেশে সংবিধানবিরোধী কোনো শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে যে দৃঢ় প্রত্যয়ের কথা বারবার বলা হয়, তার মানে ওই একটাই। ধরে নেওয়া হয়, সবাই নির্বাচনে না এলে রাজনৈতিক ডামাডোলে অন্য কোনো শক্তি পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারে। কিন্তু এই ভয় দেখিয়ে সব বিরোধী দলকে নির্বাচনে নিয়ে আসা সম্ভব হবে বলে যদি ধরে নেওয়া হয়, তাহলে সেটা হবে এক বোকামি।
বিরোধী দল ভাবছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে তাদের নিশ্চিত বিজয় হাতছাড়া হয়ে যাবে। তাদের এই ধারণা ভুল না শুদ্ধ, সে বিচার পরে। প্রধান বিষয় হলো, তাদের আস্থার অভাব। শুধু সংবিধানের দোহাই দিয়ে তাদের আস্থাহীনতা দূর করা যাবে না। সংবিধান কোনো নিরেট বস্তু নয়। মানুষের জন্যই সংবিধান। গণতন্ত্রের জন্যই সংবিধান। ঐকমত্যের স্বার্থে সংবিধানের সুযোগগুলোকে কাজে লাগানো সম্ভব। এটা সম্ভব না হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই বছর জরুরি আইন চালিয়ে ২০০৮ সালের নির্বাচনটি কীভাবে হলো? তখন তো একে সংবিধানসম্মত বলে সবাই মেনে নিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের বেশি হওয়ার কথা নয়। কিন্তু যেভাবেই হোক, মেয়াদ দুই বছর পর্যন্ত টেনে লম্বা করা হয়েছিল। সংকট ও ঝড়ঝাপটা কাটিয়ে গণতন্ত্র অব্যাহত রাখার বিশেষ বিধান সংবিধানেই থাকে। সময়মতো তাকে কাজে লাগাতে পারাই হলো রাজনৈতিক নেতৃত্বের একটি বড় পরীক্ষা। যাঁরা এই পরীক্ষায় টিকে থাকেন, ইতিহাসে তাঁরাই অমর হন। বাংলাদেশ আজ এ রকম এক কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়েছে।
সংবিধানবহির্ভূত শক্তির ক্ষমতা দখলের কথা কেন উঠছে? আমাদের রাজনৈতিক বিতর্ক সমাধানের জন্য আমাদেরই তো যথেষ্ট হওয়া উচিত। আজ কেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন এবং সর্বশেষ জাতিসংঘের মহাসচিবকে সংলাপের কথা বলতে হয়? এটা তো আমাদের জন্য লজ্জা। উদীয়মান বাংলাদেশের সম্ভাবনা যেন নষ্ট না হয়, সে জন্য ওদের উদ্বেগ থাকতেই পারে। তারা যে সংলাপের কথা বলছে, সে জন্য তাদের নিশ্চয়ই আমরা ধন্যবাদ দেব। আর আমরা নিজেদের ধিক্কার দেব এই বলে যে আমাদেরই ব্যর্থতার জন্য আজ বিশ্বের বড় বড় শক্তি, জাতিসংঘ পরামর্শ দিচ্ছে। এ জন্য তাদের ওপর রাগ করার চেয়ে বরং আমাদের নিজেদের মাথা ঠুকে মরা দরকার।
আমরা কি এতই অক্ষম যে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারি না, বারবার জট পাকিয়ে ফেলি? সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের পরীক্ষিত রাজনৈতিক দল ও নেতৃত্বের এমন অক্ষমতার কথা ভাবলে লজ্জায় মাথা নুয়ে যায়।
বারবার ‘সংবিধানবহির্ভূত’ যে শক্তির আশঙ্কা করা হয়, সেটা যে কে তা সুনির্দিষ্টভাবে কেউ বলে না। দেশে তো জঙ্গিরা এত শক্তিশালী এখনো না। তাহলে থাকে সশস্ত্র বাহিনী। কিন্তু সশস্ত্র বাহিনী এখন যথেষ্ট সচেতন। রাজনীতিতে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা বা চিন্তা তাদের নেই, থাকতে পারে না। কারণ, ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পর সশস্ত্র বাহিনী পেশাগত কাজেই নিজেদের সম্পৃক্ত রাখছে। তা ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিমধ্যে বিশ্বপরিসরে ব্যাপক প্রশংসা লাভ করেছে। সেখান থেকে বিচ্যুত হওয়ার কোনো কারণ নেই।
এটা তো অনস্বীকার্য যে বর্তমান বিশ্বে কয়েকটি দেশে রাজনৈতিক উত্থান-পতনের পটভূমিতে সেনা হস্তক্ষেপের অভিজ্ঞতা ও পরিণতি খুব একটা ভালো নয়। ধরা যাক, মিসরের কথা। সেখানে হোসনি মোবারকের দীর্ঘ ৩০ বছরের একনায়কতন্ত্রী শাসনের অবসান ঘটিয়ে নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তাঁর শাসনের ব্যর্থতায় সৃষ্ট রাজনৈতিক প্রতিবাদ-প্রতিরোধের সুযোগে সেখানে সেনা হস্তক্ষেপ ঘটে। এখন নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি সেনা হেফাজতে বন্দী আর বন্দী সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক জামিনে মুক্ত। জেনারেল আবদুল-ফাত্তাহ আল-সিসির সামরিক প্রশাসন সেখানে ইতিহাসের চাকা পেছনে ঘোরাতে শুরু করেছে। বিক্ষোভ দমনে হাজার হাজার মানুষ নির্বিচারে হত্যা করা হচ্ছে। এমনকি কারফিউ ভাঙার ঠুনকো অভিযোগে গুলি করে সাংবাদিক মেরে ফেলা হচ্ছে। প্রেসিডেন্ট ওবামা মিসরে নতুন সরকার ‘বিপজ্জনক পথে’ যাচ্ছে বলে মন্তব্য করেছেন। ওই অঞ্চলে মিসরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মনে রেখে যুক্তরাষ্ট্র মিসরের সেনা হস্তক্ষেপকে যদিও বেআইনি ‘অভ্যুত্থান’ রূপে চিহ্নিত করেনি বা সাহায্য বন্ধ করেনি, শুধু দ্রুত গণতন্ত্রে প্রত্যাবর্তনের ওপর জোর দিয়েছে, কিন্তু কিছু কঠোর পদক্ষেপও নিয়েছে। যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা বাতিল ও মিসরে বছরে এক হাজার ৩০০ কোটি ডলার সামরিক সহায়তা পুনর্বিবেচনা এবং প্রায় ২০ কোটি ডলারের বেসামরিক সহযোগিতা আটকে রাখার পদক্ষেপ নিয়েছে (দেখুন নিউইয়র্ক টাইমস, ২৫ আগস্ট, ২০১৩)।
আজকের বিশ্ব কোনো দেশেই সামরিক হস্তক্ষেপের অনুকূল নয়। পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফকে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছেন আদালত। তুরস্কের একটি আদালত সম্প্রতি ডজন খানেক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছেন। তাঁদের আটক করা হয়েছে। বাংলাদেশে ২০০৭ সালে সীমিত সেনা হস্তক্ষেপের জন্যও সে সময়ের সেনাপ্রধান জেনারেল মইনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি পাঁচ বছর ধরে দেশের বাইরে রয়েছেন।
তাই সংবিধানবহির্ভূত কোনো শক্তির ক্ষমতা কেড়ে নেওয়ার আশঙ্কার কথা এখন উচ্চারিত না হওয়াই ভালো। কারণ, এর কোনো বাস্তব ভিত্তি নেই। বরং রাজনৈতিক সমঝোতার ওপরই জোর দেওয়া উচিত। আগামী ১২ সেপ্টেম্বর সংসদ অধিবেশন। সেখানে আলোচনার একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা দরকার।
সংসদে আলোচনা উত্থাপনে বিএনপির আপত্তি আছে। যেহেতু তাদের আসনসংখ্যা খুব কম, তাই তাদের যেকোনো বিল ভোটে দিলে পার হয়ে আসার সম্ভাবনা একেবারেই নেই, এ কথা সবাই বোঝে। এ অবস্থায় সরকারকে এগিয়ে এসে আশ্বস্ত করতে হবে। সরকার যদি সত্যিই কোনো সমঝোতা চায়, তাহলে তাদের আরও কিছু বলতে হবে। বলতে হবে যে ভোটাভুটি নয়, প্রস্তাব নিয়ে আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আলোচনার উদ্দেশ্য হবে নির্বাচনকালীন সরকার সম্পর্কে একটি গ্রহণযোগ্য উপায় নির্ধারণ।
এর আগে সংসদে বিএনপির পক্ষ থেকে সাংসদ মাহবুবউদ্দিন খোকন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল-সংক্রান্ত আলোচনার জন্য একটি মুলতবি প্রস্তাব এনেও পরে তা প্রত্যাহার করে নেন। তাদের আবার এ ধরনের প্রস্তাব সংসদে আনা উচিত। আলোচনা সংসদের বাইরেও হতে পারে। তবে সরকারপক্ষকে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।
অন্যদিকে বিরোধী দলও কিছু পদক্ষেপ নিয়ে একটি অনুকূল আবহাওয়া সৃষ্টি করতে পারে। যেমন, বিরোধী দল যদি জামায়াত-হেফাজতের সংশ্লিষ্টতা ত্যাগ করার ঘোষণা দেয়, তাহলে এক নাটকীয় পরিস্থিতির উদ্ভব ঘটবে। তাদের চাহিদা অনুযায়ী, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অনুকূলে এমন এক ঝড় উঠবে যে সেখানে সরকারপক্ষের হাজার আপত্তিও আর টিকবে না।
এভাবে বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে দেব-নেব ধরনের পদক্ষেপ ছাড়া বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতির আবর্ত থেকে বেরিয়ে আসার সহজ কোনো পথ নেই।
দুই দলের অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কে জিতবে, কে জিতবে না, সে প্রশ্নটি গুরুত্বহীন হয়ে থাকবে। কারণ, একতরফা নির্বাচন হলে সেই নির্বাচনে আওয়ামী লীগ জিতলেও কার্যত হেরে যাবে, কারণ প্রধান বিরোধী দল বিএনপিবিহীন সংসদ নিয়ে সরকারে টিকে থাকা কঠিন। আর বিএনপি যদি নির্বাচনই না করে, তাহলে তাদের তো বিজয়ী হওয়ার প্রশ্নই থাকে না। বরং একটি উজ্জ্বল সম্ভাবনা নষ্ট হওয়ার বিড়ম্বনাই প্রধান হয়ে উঠবে।
দুই দলের অংশগ্রহণে নির্বাচন এখন আওয়ামী লীগ ও বিএনপি উভয়েরই অভিন্ন স্বার্থ। এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে না।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
[email protected]