
চারটি সিটি নির্বাচনে সরকারি দলের লজ্জাজনক পরাজয়ের পটভূমিতে গাজীপুরের সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দুটি বার্তা খুবই স্পষ্ট। প্রথমত, বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগ ও তার ফল সুরক্ষাকারী ব্যবস্থা জোরালো হয়েছে, যা নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সামর্থ্যবৃদ্ধির ইঙ্গিতবহ। দ্বিতীয়ত, আমাদের ব্যক্তিনির্ভর রাষ্ট্রব্যবস্থায় ক্ষমতাসীনদের জনপ্রিয়তা যাচাইয়ের নিরিখে গাজীপুরসহ পাঁচটি সিটি নির্বাচন গণভোটের সঙ্গে তুলনীয়। এটাকে ক্ষমতাসীনদের বিদায়ঘণ্টা হিসেবেও অভিহিত করা যায়। এই ভূমিধস বিজয়ের অন্যতম কারণ ২০০৮ সালে আওয়ামী লীগের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয় ক্ষমতায় আসা। কোনো দলের বিপুল বিজয় গণতন্ত্রের রক্ষাকবচ নয়। গণতন্ত্র রক্ষিত হতে পারে, বিএনপি যাতে আগামী নির্বাচনে ভূমিধস বিজয় না পায়, তা নিশ্চিত করতে পারলে।
দুটি জ্বলন্ত প্রশ্ন সামনে। প্রথমত, আওয়ামী লীগের দাবি বিবেচনায় নিয়ে অথবা না নিয়ে আমরা ভরসা করতে পারি কি না যে, আগামী সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে একইভাবে সম্পন্ন হতে পারে। দ্বিতীয়ত, সরকারের জনপ্রিয়তা যথেষ্ট হ্রাস পেয়েছে, তা প্রমাণিত হওয়ার পরও জাতীয় নির্বাচন বিলম্বিত করার নীতি আওয়ামী লীগের জন্য সুদূরপ্রসারী ক্ষতি বয়ে আনতে পারে কি না।
দুটিরই উত্তর মাত্রাভেদে নেতিবাচক। তবে দলীয় সরকারের অধীনে এভাবে নির্বাচন করে বিএনপি জয় পেলে আওয়ামী লীগের জন্য তা দ্বিগুণ লোকসানের কারণ হবে। বিরোধী দলে বসা, আর পুনরায় ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির করুণাপ্রার্থী হওয়া। তখন লজ্জার মাথা খেয়ে ভোল পাল্টে তত্ত্বাবধায়ক সরকারের জন্য জিগির তুলতে হবে। ক্ষমতাসীনরা কোন পথে যাবে, সেটা এখন তাকে ঠিক করতে হবে।
তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কারচুপি কিংবা ভোট ডাকাতি করে ক্ষমতাসীন দল বিরোধী দলের বিজয় ছিনিয়ে নেবে না—এটা এখন হলফ করে বলা যায় না। তবে সেটা ২০১৩ সালের বিএনপির জন্য যেমন সত্য, ভবিষ্যতে আওয়ামী লীগের জন্যও তেমন সত্য হতে পারে।
পাঁচটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস পরাজয় দল হিসেবে তাকে ২০০৮ সালের সাধারণ নির্বাচন-পূর্ববর্তী বিরোধী দলের অবস্থানে নিয়ে গেছে। গত সাধারণ নির্বাচনে দারুণভাবে পরাজিত ও বিধ্বস্ত বিএনপির পুনর্জন্ম ঘটেছে। এই বাস্তবতা ক্ষমতাসীন দল মেনে নিয়ে আগাম নির্বাচনই দেওয়া উচিত। এখন আওয়ামী লীগের কৌশল হওয়া উচিত আগামী সাধারণ নির্বাচনে বিরোধী দলের আসনে বসার মানসিক প্রস্তুতি গ্রহণ করা। আর সে জন্য তাকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দেওয়া উচিত। সেটা বিএনপির চাপের মুখে নয়, নিজের স্বার্থেই বিবেচনায় নিতে হবে। তার উদ্দেশ্য থাকবে আগামী সাধারণ নির্বাচনে ২০০৮ সালের বিএনপির যে বিপর্যয় ঘটেছিল, সেটা একই মাত্রায় তার নিজের ক্ষেত্রে হতে না দেওয়া। সুশাসনের আশায় ২০০৮ সালে আওয়ামী লীগকে দুই হাত ভরে যে ভোট মানুষ দিয়েছিল, মনে হচ্ছে এখন তারা তা কেড়ে নিচ্ছে। বদলা নিচ্ছে।
তাই কত বেশি আসন নিয়ে তারা বিরোধী দলের আসনে বসতে পারে, সেটাই হওয়া উচিত তার রাজনৈতিক কৌশল। আওয়ামী লীগকে মনে রাখতে হবে, তাদের সরকারের আমলে স্থানীয় সরকারের নির্বাচনগুলো যতটা অবাধ ও সাফল্যজনকভাবে অনুষ্ঠিত হতে পেরেছে, সেটা কার্যত নির্বাচন কমিশন শক্তিশালী হওয়ার প্রমাণ নয়, বরং দলীয় সরকারের যে সদিচ্ছা ছিল তারই বহিঃপ্রকাশ।
আর সেটা বিএনপি ও তার দক্ষিণপন্থী মিত্রদের নিয়ে যে সরকার গঠিত হতে যাচ্ছে, তারাও একইভাবে নিশ্চিত করবে, সেটা হলফ করে বলা যায় না। আওয়ামী লীগের উচিত সংবিধানের সংশোধনী আনা। নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিদের সংসদের কাছে দায়বদ্ধ রেখে অন্তর্বর্তীকালীন সরকারের নামে হলেও সংশোধনী আনা উচিত। গাজীপুরসহ পাঁচটি সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের জয় কেবল নয়, বিরাট ব্যবধানে আওয়ামী লীগের হারটাও লক্ষণীয়। এটা নিশ্চিত করছে যে, এগুলো আমাদের ব্যক্তিনির্ভর সরকারি দলব্যবস্থার জনপ্রিয়তার প্রশ্নে গণভোট হয়েছে। ভবিষ্যতেও হবে।
মিজানুর রহমান খান: সাংবাদিক