আওয়ামী লীগের কাছে দুটি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম প্রশ্ন, আওয়ামী লীগ কি বিএনপির এক যুগ আগের ভুল রাজনীতির পরিত্যক্ত পথে হাঁটতে চায়? যদি না চায়, তাহলে কেন বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রায় অসম্ভব করে তুলছে?

আওয়ামী লীগের এখন পরিষ্কার বলা উচিত যে তাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারটি চরিত্রগতভাবে তত্ত্বাবধায়ক সরকারই হবে। শুধু বললেই চলবে না, বাস্তবে তার প্রমাণ দিতে হবে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা বা অন্তর্বর্তীকালীন ছোট ও প্রায় ক্ষমতাহীন মন্ত্রিসভার কথায় এখন আর কাজ হবে না। প্রধান বিরোধী দল বিএনপির আস্থাভাজন নির্বাচন কমিশন লাগবে। তার পরও কথা থেকে যাবে, বর্তমান প্রধানমন্ত্রীই যদি অন্তর্বর্তীকালীন ছোট সরকারের প্রধানমন্ত্রী থেকে যান, তাহলে নির্বাচন প্রভাবিত করার সুযোগটি তো আওয়ামী লীগই পাবে। এই সন্দেহ দূর করতে আওয়ামী লীগ কতটা প্রস্তুত?

এসব প্রশ্নের মীমাংসা না করে এক কদমও এগোনো যাবে না। বর্তমান অচলাবস্থা দূর করার সম্ভাবনা শূন্যের কোঠায় চলে যাবে। আওয়ামী লীগ যদি ভাবে, বিএনপি আসলে আসবে, না আসলে নাই, নির্বাচন করে ফেলবে, দেশটা গণতন্ত্রের পথে এগিয়ে যাবে, তাহলে ভুল করবে। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার ঝুঁকি নিলে আওয়ামী লীগ তার ৬৫ বছরের ইতিহাসের মারাত্মক ভুল করবে।

রাজনীতিতে ভুল হতে পারে। কিন্তু একই ভুল বারবার করার মতো বড় বোকামি আর কী হতে পারে? ১৯৯৬ সালে বিএনপিও ভেবেছিল, আওয়ামী লীগ না আসলেও নির্বাচন করে তারা সরকার চালিয়ে যাবে এবং প্রয়োজন হলে দু-তিন বছরের মাথায় আবার নির্বাচন দিয়ে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রাখবে। কিন্তু দুই বছর দূরে থাক, দুই মাসও তারা টিকতে পারেনি। তারপর সারা রাতের অধিবেশনে কীভাবে ত্রয়োদশ সংশোধনী পাস করে তারা মানে মানে ক্ষমতা ছাড়ার পথ খুঁজে নিয়েছিল, সে ইতিহাস কারও অজানা নয়।

আওয়ামী লীগ বলছে, অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই হবে। তারা বোঝাতে চাচ্ছে যে সরকারের মেয়াদ শেষে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ছোট মন্ত্রিসভা ক্ষমতায় থাকবে, আর নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সেটা দলীয় সরকারই হবে, কিন্তু তাদের নির্বাচন প্রভাবিত করার ক্ষমতা প্রায় থাকবেই না। নির্বাচন কমিশন সর্বময় ক্ষমতার অধিকারী হবে। বিলেত-আমেরিকায়, এমনকি ভারতেও এমনই হয়।

কিন্তু সমস্যা হলো, বাংলাদেশে সে রকম পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বলে বিরোধী দল মনে করে। তারা যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে, তার কারণ এটাই। তাই এ বিষয়ে দুই পক্ষকে একটি কার্যকর সমঝোতায় আসতে হবে।

রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সমঝোতা বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে যে আভাস দিয়েছেন, তা যদি সত্যিই তিনি বুঝিয়ে থাকেন এবং দায়িত্ব নিয়ে বলে থাকেন, তাহলে বলা যায় একটি বড় সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে চলেছে। কারণ, বিএনপিও এখন বলছে না যে ঠিক আগের মতো তত্ত্বাবধায়ক সরকার হতে হবে। এমনকি নির্দলীয় হতেই হবে, এ বিষয়টিও খুব জোর দিয়ে তারা এখন বলছে না, অবশ্য শব্দ হিসেবে ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের’ কথা তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে। তাদের মূল জোরটি হলো, নির্বাচনকালীন সরকারপ্রধান আর যে-ই হোন, তিনি যেন বর্তমান প্রধানমন্ত্রী না হন। সে রকম হলে চলবে না। এ ছাড়া নির্বাচনের সময় সংসদ বিলুপ্ত হতে হবে, তা তো বলার অপেক্ষাই রাখে না।

বর্তমান সংবিধানের শর্ত মানলে এ দুটির একটিও চলে না। সংবিধান অমান্য করা যায় না। কিন্তু ফাঁকফোকর আছে। যেমন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার তিন মাসের দু-চার দিন আগে প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ করেন, তাহলে সংবিধানে কোনো বাধা নেই। বস্তুত আওয়ামী লীগের পক্ষ থেকে একবার এমন আভাস দেওয়া হয়েছিল যে নির্বাচনের সময় সংসদ থাকবে না। তাই প্রধানমন্ত্রীর অনুরোধে সংসদ ভেঙে দেওয়ার সম্ভাবনাটি বাস্তবতাবর্জিত ধারণা নয়। সে ক্ষেত্রে নির্বাচন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন যে মন্ত্রিসভাকে রাষ্টপতি দায়িত্ব দেবেন, তার রূপরেখা নিয়ে এখন বিএনপির সঙ্গে আলোচনা চলতে পারে। ঠিক এটাই সৈয়দ আশরাফের প্রস্তাব।

এখানে একটি প্রশ্ন উঠতে পারে। প্রধানমন্ত্রী ২০০৭-২০০৮ সালের জরুরি আইনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে বারবার বলছেন, কোনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। এ কথাটি খুবই যুক্তিসংগত। কিন্তু যখন সংসদ ভেঙে দেওয়া হয়, তখন সবাই অনির্বাচিত হয়ে যান। সেটা ভারতেই হোক বা অন্য যেখানেই হোক। আবার এটাও ঠিক যে পূর্বে নির্বাচিত প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীদের মধ্য থেকেই যেহেতু নির্বাচনকালীন সরকারের ছোট মন্ত্রিসভা গঠন করা হয়, তাই তাঁদের বলা যায় নির্বাচিত সরকারের ধারাবাহিকতা রক্ষাকারী সরকার। এক অর্থে একে নির্বাচিত সরকার বলা যায়। এবারও সে রকমই হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান কে হবেন, তা দুই দলের সম্মতির ভিত্তিতে মীমাংসিত হলে সমস্যা মিটে যায়। সংসদে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধি সাংসদদের মধ্য থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নির্বাচিত করার একটি প্রস্তাব ইতিমধ্যেই দুই জোটের বিভিন্ন নেতা বলেছেন।

সুতরাং এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের ওপর। এর মধ্যে স্পিকার বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলছেন। তাঁদের সবার চেষ্টায় একটা সমঝোতা বৈঠক হওয়া সম্ভব। এভাবে দেশে একটি নির্বাচনমুখী পরিবেশ সৃষ্টি হতে পারে।       

আওয়ামী লীগের কাছে দ্বিতীয় প্রশ্নটি হলো, কেউ কি নিজের সন্তানকে ছুড়ে ফেলে দিতে পারে? তত্ত্বাবধায়ক সরকার তো একান্তভাবেই আওয়ামী লীগের মস্তিষ্কজাত একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। ১৯৯৬ সালে তাদের আন্দোলনের সঙ্গে পুরো দেশবাসী একাত্ম হয়েছিল। দাবিটি আদায়ের পর অনেকে বলেছিলেন, অনির্বাচিত কোনো তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রসম্মত নয়। এটা নাকি একমাত্র বাংলাদেশের মতো দেশেই সম্ভব, যেখানে গণতন্ত্র সম্পর্কে অজ্ঞরাই রাজনীতি করে ইত্যাদি। কিন্তু গত দুই দশকে তিনবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা একটি অতিমাত্রায় ‘গণতন্ত্রসম্মত’ ব্যবস্থা। পাকিস্তান, নেপাল, ইতালি প্রভৃতি দেশ এই পদ্ধতি গ্রহণ করে সুফল পেয়েছে। তাহলে কেন আজ আওয়ামী লীগ তাদের শ্রম ও মেধায় অর্জিত সাফল্য এভাবে বর্জন করছে?

হ্যাঁ, এটা ঠিক যে ২০০৭ সালে ‘সেনা সমর্থিত’ সরকার আসার সুযোগ পেয়েছিল। এটাও ঠিক যে ওই পদ্ধতির কারণে বিচার বিভাগে দলীয়করণ প্রবণতা সৃষ্টি হয়েছিল। এসব ত্রুটি দূর করা দরকার, এতে সন্দেহ নেই। তত্ত্বাবধায়ক সরকারের মৌলিক ধারণা অক্ষুণ্ন রেখেও কি এসব ত্রুটি দূর করা যায় না?

এটা সম্ভব, খুবই সম্ভব। সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নবরূপে তত্ত্বাবধায়ক সরকারে পরিণত করাই হলো এই মুহূর্তের সবচেয়ে জরুরি কাজ। দুই জোট ও বিশেষভাবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এ বিষয়ে একটি সমঝোতায় আসতে হবে।

আমাদের বিশ্বাস, দেশের দায়িত্বশীল নেতারা ব্যর্থ হবেন না। আগামী নির্বাচনে দুই জোট ও অন্য সব দলের অংশগ্রহণ কত দ্রুত নিশ্চিত করা যায়, সেটাই হওয়া উচিত এখন সবার সব চেষ্টার অভিন্ন লক্ষ্য।

 আব্দুল কাইয়ুম: সাংবাদিক।