আওয়ামী লীগের কর্মীদের থানা আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর খানেক ধরে থানা-পুলিশ ছিল জামায়াত-শিবিরের আক্রমণের লক্ষ্যবস্তু। গত বুধবার মাঝরাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেখিয়ে দিলেন, এ ধরনের কাজ তাঁরাও খারাপ পারেন না! নোয়াখালীর কবিরহাট থানা সে রাতে আক্রান্ত হয় আওয়ামী লীগের কর্মীদের হাতে। হামলা ও ভাঙচুরে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে তা সামলাতে পুলিশকে শেষ পর্যন্ত গুলি ছুড়তে এবং জেলা পুলিশ লাইন থেকে দাঙ্গা পুলিশ ডাকতে হয়েছে।
কেন এই থানায় আক্রমণ? প্রথমত, পুলিশ পৌর ছাত্রলীগের সভাপতির দুই ভাইকে ‘থানায় ডেকে নেওয়ার’ মতো কাজ করেছিল। দ্বিতীয়ত, পুলিশের ভাষ্য অনুযায়ী, সেই দুই ভাইকে ছাড়াতে মাতাল অবস্থায় থানায় গিয়েছিলেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক। এ নিয়ে পুলিশের সঙ্গে বিতণ্ডা, পরে নিজের কর্মী-সমর্থকদের খবর দেওয়া এবং এর ফলাফল হচ্ছে থানায় আক্রমণ।
প্রায় ঘণ্টাব্যাপী হামলার সময় থানায় পুলিশের কর্মকর্তাদের বসার কক্ষগুলোসহ অন্তত নয়টি কক্ষের কাচ ভাঙচুর হয়েছে, মূল দরজার কাচ ভেঙে ফেলা হয়েছে। এ ব্যাপারে জহিরুল হকের ভাষ্য অবশ্য ভিন্ন। জানান, তিনি মাতাল ছিলেন না, থানায় গিয়েছিলেন ‘দুই প্রতিবেশীকে থানায় ডেকে নেওয়ার’ বিষয়টি জানতে। এ সময় তাঁকে আটকের গুজব ছড়িয়ে পড়লে এলাকার লোকজন থানা আক্রমণ করে। জহিরুল হক যে বক্তব্য দিয়েছেন, তার যথার্থতা নিয়ে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। জনগণ যদি গুজবের কারণে থানায় আক্রমণ করে থাকে, তবে তিনি কেন সঙ্গে সঙ্গে বের হয়ে তাঁর লোকজনকে আশ্বস্ত করলেন না যে বিষয়টি নিতান্তই গুজব? ঘণ্টা খানেক ধরে তো এমন আক্রমণ চলতে পারে না!
যেকোনো পরিস্থিতিতেই হোক, থানা-পুলিশ আক্রান্ত হওয়ার বিষয়টি একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। এটা দেশের প্রচলিত আইনি ব্যবস্থার ওপর একটা চ্যালেঞ্জ। সরকারি দলের কর্মী-সমর্থকেরাই যদি থানায় আক্রমণ করে বসেন, তবে তা আরও উদ্বেগজনক। কবিরহাট থানায় হামলা ঘটনাটির একটি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। যাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। এই গুরুতর অপকর্মের সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত থাকায় তাঁরা পার পেয়ে যাবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।