আগামী নির্বাচনে তৃতীয় ফ্রন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে মধ্যবর্তী নির্বাচন অবশ্যম্ভাবী বলে মনে হচ্ছে। রাজ্যগুলোর বেশির ভাগ নেতার প্রভাব কমে আসছে। খালি হয়ে আসছে সম্পদের ভান্ডার। খুব বেশি দেরি হওয়ার আগেই তা থেকে ফায়দা লুটতে তাঁরা তৎপর। এখন যে সুযোগ-সুবিধা নেতারা ভোগ করছেন, তা হারানোর আগেই সর্বোচ্চ নির্যাসটুকু হয়তো নিতে চান তাঁরা। উত্তর প্রদেশ রাজ্যে মুলায়ম সিং যাদব দ্রুত তাঁর ভিত হারাচ্ছেন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ক্ষেত্রেও তাই। নির্বাচনের আগে নেতাদের নিজ নিজ ক্ষমতা ধরে রাখার ওপর অনেক কিছুই নির্ভর করছে।

পরিণতি সবার কাছেই অনুমেয়। এ মুহূর্তে একটা বিষয় নিশ্চিত যে ৫৪৩ আসনের লোকসভায় কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এই সন্ধিক্ষণে এটাও বলা মুশকিল কোন কোন দল পরস্পর হাত মেলাবে। অসাম্প্রদায়িক থাকার বিষয়ে দলগুলোর বিশ্বাসযোগ্যতা এবং তাদের পারস্পরিক বোঝাপড়া কত দূর এগোল, এর ওপর সবকিছু নির্ভর করছে। দৃশ্যত হিন্দুত্ববাদের অনুসারী বলে পরিচিত বিজেপি থাকতে পারে একদিকে, অন্যরা থাকবে আরেক দিকে।

যা হোক, তৃতীয় জোটের (থার্ড ফ্রন্ট) আবির্ভাব ঘটার একটা সম্ভাবনা রয়েছে। কংগ্রেস আর বিজেপি হচ্ছে দুই পক্ষ। তাদের বিকল্প একটি পক্ষ তৈরি হবে অন্য দলগুলোর সমন্বয়ে। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে লাগবে ২৭৩টি আসন। কংগ্রেস বা বিজেপি যেকোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্য দলগুলোর সমর্থন লাগবে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর তৃতীয় ফ্রন্ট সরকার গঠিত হতে পারে, এ ধারণাকে পাত্তা না দিয়ে বিজেপি মুলায়ম সিং যাদবের কাছে প্রশ্ন রেখেছিল, কংগ্রেসের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও তাঁর দল ক্ষমতাসীন ইউপিএ জোট থেকে সমর্থন প্রত্যাহার করছে না কেন। মুলায়ম এ ব্যাপারে তাঁর বাধ্যবাধকতার বিষয়টি তুলে ধরেন। তা ছাড়া তাঁর ছেলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতার সঙ্গে বৈঠকের পর তৃতীয় ফ্রন্টের বিষয়টিকে খুব করে জিইয়ে রেখেছেন।

কংগ্রেস ও বিজেপি উভয় দলের ক্ষেত্রেই বিকল্প একটা কিছু যে প্রয়োজন, তা সাধারণ মানুষ মেনে নিয়েছে। তবে এমন ফ্রন্ট পুরোনো দিনের পথ অনুসরণ করবে না। আদর্শবাদে ঘাটতির কারণে বেশ কিছু আপসের ঘটনা ঘটবে। এমনকি নৈতিক বিবেচনাও পেছনে ঠেলে দেওয়া হবে। তার মানে এ দেশে এমন নেতারা বিচরণ করতে শুরু করবেন, যাঁদের মান বলে কিছু নেই। সন্দেহ নেই, ভারত আজ এমন এক পর্যায়ের ভেতর দিয়ে যাচ্ছে। পরিবর্তন মানেই এই নয় যে একদল অনাকাঙ্ক্ষিত লোকের স্থানে আরেক দল অনাকাঙ্ক্ষিত লোক এনে বসাতে হবে। পরিবর্তনের শুরুটা ছোট হতে পারে, তবে এতে সন্দেহ রাখা যাবে না।

ভারতে তৃতীয় ফ্রন্ট গঠিত হলে, বছরের পর বছর ধরে কংগ্রেস ও বিজেপির জমানো বিশৃঙ্খলার স্তূপ সরাতে অনেক কাজ করতে হবে তাদের। এই দল দুটির সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, ক্ষমতায় টিকে থাকতে সমাজের ব্যাধিগুলোতে রাজনীতি জড়ানো। পেশিমানব আর অর্থের থলে সম্বল করে তারা একের পর এক মূল্যবোধ সব ধ্বংস করে দিয়েছে। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেসব দল মিলে এই তৃতীয় ফ্রন্ট হচ্ছে, প্রতিটি দলই কোনো কোনো সময় কংগ্রেস বা বিজেপির নেতৃত্বাধীন জোটে ছিল।

এই পটভূমিতে এটা সহজেই বোঝা যায়, মুলায়ম সিং যাদব যখন তৃতীয় ফ্রন্ট ধারণার কথা পুনরুত্থাপন করেন, তখন কংগ্রেস আর বিজেপি কেন উষ্মা প্রকাশ করেছে। ওই সময় কংগ্রেস আর বিজেপির নেতারা তাঁদের বিবৃতিতে তৃতীয় ফ্রন্টের আবির্ভাব নিয়ে উপহাস করেছেন। এতে বরং আভাস পাওয়া গেছে, প্রধান দুটি দল সাধারণ নির্বাচনে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ নির্বাচন এখন থেকে ২০১৪ সালের প্রথম ভাগ—এর মধ্যে যেকোনো সময় হতে পারে।

এখানে একটি বড় প্রশ্ন হচ্ছে—মতৈক্য তৈরি। কারণ, দল তো অনেক। মতাদর্শ, কাজের ধারা ও ব্যক্তিত্ব নিয়ে রয়েছে দ্বন্দ্ব আর সংঘাত। ভিন্ন ভিন্ন ধাঁচের এমন বেশ কয়েকজন নেতার মধ্যে কে হবেন প্রধানমন্ত্রী? এটা হবে সবচেয়ে বড় সমস্যা। মুলায়ম সিং যাদব এর মধ্যে ডিম গুনতে শুরু করেছেন, যদিও তা দিয়ে ছানা ফোটাতে অনেক দেরি। আঞ্চলিক নেতাদের মধ্যে জে জয়ললিতা এবং অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশমের চন্দ্রবানু নাইডুও এ দৌড়ে শামিল হতে ইচ্ছুক। বহুজন সমাজবাদী পার্টির নেতা মায়াবতীও এ আকাঙ্ক্ষা লালন করে আসছেন। কিন্তু আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে, আঞ্চলিক দৃষ্টিভঙ্গি নিয়ে এসব দল কীভাবে সারা দেশ শাসন করবে? কীভাবে রক্ষণাবেক্ষণ করবে বৈচিত্র্যময় জনতাকে?

এমন প্রেক্ষাপটে সমাধান একটাই। তা হচ্ছে, প্রধানমন্ত্রী নির্বাচনে মতৈক্যে পৌঁছা। এমন এক ব্যক্তিকে এ পদে নির্বাচিত করতে হবে, যিনি বৈদেশিক সম্পর্ক ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে জ্ঞান রাখেন। দেশে এমন হাজার হাজার তরুণ-তরুণী রয়েছে, যারা স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও মানবাধিকার খাতে তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। তারা একসূত্রে গ্রথিত হতে পারে। তারাই পর্যায়ক্রমে তাদের অভিজ্ঞতা ও যোগাযোগ দিয়ে ফ্রন্টকে আরও অর্থবহ করে তুলতে পারে। এমনকি বামপন্থীরাও কংগ্রেস আর বিজেপির কক্ষপথের বাইরে থাকা অন্যদের মতো ফ্রন্টকে সহায়তা করতে আগ্রহী হবে।

গত লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়া মল্লিকা সরভির কথা মনে পড়ে। বিজেপির লালকৃষ্ণ আদভানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। আদভানির সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার একটা কারণ ছিল। তিনি দেশবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী জনতাকে এমন এক স্থানের জন্য লড়তে হবে, যে স্থান রাজনৈতিক দলগুলো দখল করতে এসেছে। কিছু মানবাধিকারকর্মীও একই পথ অনুসরণ করেন। তাঁরা ‘লোকনীতি মঞ্চ’ নামের একটি রাজনৈতিক ফোরাম গঠন করেন। যেসব দল বা ব্যক্তি মানবাধিকার রক্ষায় লড়ছেন, তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এই মঞ্চে যোগ দেন।

এ মঞ্চে যোগ দেওয়ার একমাত্র শর্ত ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও কল্যাণরাষ্ট্রে অবশ্যই বিশ্বাস থাকতে হবে। এখানে লক্ষণীয় যে এই মঞ্চের কোনো প্রার্থী জিততে পারেননি। মল্লিকাও জেতেননি। তবে এটা তাঁদের কাছে ব্যাপার নয়। তাঁদের এ উদ্যোগ সমমনা ব্যক্তিদের প্রশংসা কুড়িয়েছে। কারণ, এটি ছিল রাজনীতি শোধন করা একটি প্রক্রিয়া। ক্ষমতা ও টাকার গরমে চলা লোকদের বিতাড়িত করারও প্রক্রিয়া ছিল এটি। আজ তাঁরা সংখ্যায় অল্প, কিন্তু তাঁদের বার্তা ছড়িয়ে পড়লে ক্রমে লোকবল বাড়বে। ১৯৭৭ সালে গান্ধীর অনুসারী জয়প্রকাশ নারায়ণ সফলভাবে ইন্দিরা গান্ধীর সরকারকে ক্ষমতাচ্যুত করেছিলেন। তাঁর জনতা পার্টি লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আমার প্রত্যাশা, এ ধরনের প্রচেষ্টা কোনো একদিন সুফল বয়ে আনবে এবং ইউরোপে প্রতিষ্ঠিত দ্য গ্রিনসের মতো একটি রাজনৈতিক দলের আদল নেবে।

ইংরেজি থেকে অনুবাদ: শরিফুল ইসলাম ভূঁইয়া

কুলদীপ নায়ার: ভারতীয়সাংবাদিক।