আগুন থেকে সতর্ক থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন শীতকাল এবং শুষ্ক মৌসুম। এ মৌসুমে পথঘাটে ধুলাবালু উড়তে থাকে। গাছের পাতা ঝরে যায়। প্রতিবছর এ মৌসুমে দেশের প্রতিটি জেলায় আগুনে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়; এমনকি জীবনহানিও ঘটে। কথায় বলে, চোরে চুরি করলে ঘরের বেড়া হলেও থাকে, কিন্তু আগুনে পুড়লে কিছুই থাকে না।
অতি সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন এলাকা, রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন থেকে সতর্ক থাকলেই হয়তো ক্ষয়ক্ষতি থেকে রেহাই পাওয়া যায়। চুলার আগুন ও বিড়ি-সিগারেটের জ্বলন্ত শেষাংশ, শর্টসার্কিট এবং নানাবিধ কারণে আগুন লাগতে পারে। গ্রামগঞ্জে চুলার আগুন থেকে বেশি আগুন লাগে। রান্না শেষে চুলার মুখ ঢেকে রাখা আবশ্যক।
প্রতিটি ঘরে দুই বালতি বালু ও পানি মজুত রাখা বাঞ্ছনীয়। যেখানে-সেখানে বিড়ি-সিগারেটের জ্বলন্ত শেষাংশ ফেলবেন না। অনেক সময় রান্নাঘরে মেয়েদের শাড়িতে অসতর্ক অবস্থায় আগুন লেগে যায়। শাড়িতে আগুন লাগলে দৌড়াদৌড়ি না করে মাটিতে গড়াগড়ি দিলে আগুন নিভে যাবে। গ্যাসের চুলা সারাক্ষণ না জ্বালিয়ে রান্না শেষে নিভিয়ে দিন। চুলার তাপে কাপড় শুকাবেন না। নিজের জীবন ও সারা জীবনের সঞ্চিত সম্পদ রক্ষায় আগুন থেকে সতর্ক থাকুন।
সুমিত্র বিকাশ বড়ুয়া
চট্টগ্রাম বৌদ্ধবিহার, নন্দনকানন, চট্টগ্রাম।