এত আলোচনা, এত আশ্বাস, এত প্রতিশ্রুতি—কোনো কিছুই তো কাজে দিল না। পোশাক কারখানায় আবার আগুনে পুড়ে মারা গেলেন সাতজন শ্রমিক। পোশাক কারখানা মানেই কি তবে আগুনে পুড়ে বা ভবনধসে শ্রমিকের মৃত্যু? আজকের দুনিয়াতেও এ বিষয়টিকে আমাদের বাস্তবতা বলে মেনে নিতে হবে?
আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে আগুন লেগে ১১২ জন শ্রমিকের মৃত্যুর এক বছরের কম সময় আর রানা প্লাজা ধসে এক হাজার ১৩২ জন শ্রমিকের মৃত্যুর মাস ছয়েকের মধ্যেই আবার ঘটল আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যুর ঘটনা। এবারের ঘটনাস্থল গাজীপুর আর পোশাক কারখানার নাম আসওয়াদ কম্পোজিট মিলস লিমিটেড। তাজরীন আর রানা প্লাজার ঘটনা, এত শ্রমিকের এভাবে মর্মান্তিক মৃত্যু শুধু দেশে নয়, সারা বিশ্বকেই কাঁপিয়ে দিয়েছে। বাংলাদেশের পোশাকশ্রমিকেরা কতটা অমানবিক পরিবেশে কাজ করেন, এখানে শ্রমিকের জীবন কত মূল্যহীন, তৈরি পোশাকশিল্পের মালিকদের কেউ কেউ কতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারেন—এসব বিষয় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।
এ দেশের শ্রম পরিবেশ ও শ্রমিকদের অধিকারের বিষয় আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বাংলাদেশের তৈরি পোশাক বর্জনের জন্য আন্তর্জাতিক ক্রেতাদের ওপর চাপও এসেছে অনেক মানবাধিকার ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। শ্রমিকদের কাজের পরিবেশ ও অধিকার নিশ্চিত করার জন্য চাপ দিতে যুক্তরাষ্ট্র সে দেশের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশের ক্ষেত্রে যে বিশেষ সুবিধা (জিএসপি) দিয়েছিল, তা বাতিল করেছে। এই সুবিধা ফিরে পাওয়ার জন্য সরকার যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেন-দরবার করছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করছে এবং নানা পদক্ষেপের কথা জানাচ্ছে, তখন এই আগুন লাগার ঘটনা একটি নেতিবাচক সংকেত হিসেবেই বিবেচিত হবে।
পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট কারখানায় আগুন লাগার ঘটনা প্রমাণ করে যে গত এক বছরে পোশাক কারখানায় দুটি বড় ও মর্মান্তিক ঘটনাও পোশাকশিল্প মালিকদের টনক নড়াতে পারেনি। দুর্ঘটনা রোধে যথাযথ প্রস্তুতির ক্ষেত্রে অবহেলা ও দায়িত্বহীনতার বিষয়টি রয়েই গেছে। শ্রমিকদের জীবনকে মূল্যহীন ভাবার মানসিকতাই এ ধরনের দায়িত্বহীনতার পেছনে কাজ করে। কারণ, এভাবে শ্রমিকেরা পুড়ে ও চাপা পড়ে মারা গেলেও তৈরি পোশাকশিল্প মালিকদের সে দায়িত্ব নিতে হয় না। তাঁদের যথাযথ শাস্তির মুখোমুখি হতে হয় না।
এ ধরনের দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর দায় তৈরি পোশাকশিল্প মালিকদের যত দিন নিতে না হবে, যত দিন এর জন্য তাঁরা শাস্তির মুখোমুখি না হবেন, তত দিন পরিস্থিতির খুব উন্নতি হবে বলে মনে হয় না। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত এই তৈরি পোশাকশিল্প টিকিয়ে রাখতে হলে এই খাতে শৃঙ্খলা ও জবাবদিহির বিষয়টি নিশ্চিত করতেই হবে। অতিরিক্ত মুনাফা করতে গিয়ে যাঁরা যথাযথ কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা থেকে দূরে থাকেন, সেই মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
আমরা আসওয়াদ কম্পোজিট মিলের আগুন লাগার ঘটনাটির যথাযথ তদন্ত দাবি করছি। ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি হয়েছে, আমরা আশা করব, আগুন লাগার কারণ হিসেবে কোনো ধরনের গাফিলতি বা অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনো ত্রুটি ধরা পড়লে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। সামনে এ ধরনের ঘটনা রোধে এটাই হচ্ছে একমাত্র দাওয়াই।