
অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো। ডুবোজাহাজ কেনার ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে ডুবোজাহাজ কেনার ঘোষণা দিয়েছেন। তাঁর এ বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে আকরাম জামান লিখেছেন: ডুবোজাহাজ কেনার দরকার নেই, আগে দেশের আইনশৃঙ্খলা ঠিক করেন। দেশের বেহাল অবস্থায় ডুবোজাহাজের আশ্বাসে মানুষের পেট ভরবে না। এসব না করে, কীভাবে দেশের আইনশৃঙ্খলার উন্নতি করে দেশের মানুষের কল্যাণ করা যায়, সে চিন্তা করুন। আজ দেশের জন্য ডুবোজাহাজের চেয়ে সার্বিক অর্থনীতির উন্নয়ন ভীষণ দরকার। বিজন সরকার: ভূরাজনৈতিক কারণেই আমাদের তিন বাহিনীর সামগ্রিক উন্নয়ন অপরিহার্য। বঙ্গোপসাগরে অর্থনৈতিক এলাকার আইনগত অধিকার পাওয়ার কারণে নৌবাহিনীর উন্নয়নও বিশেষভাবে প্রয়োজন। ডুবোজাহাজ কেনার ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মহিউদ্দিন মাসুদ: দেশের সবচেয়ে বড় শিক্ষালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ছাত্রীর জন্য মাত্র ৫৮টি শৌচাগার আর আমাদের প্রধানমন্ত্রী বলছেন ডুবোজাহাজ কেনার কথা। কী বিচিত্র এ দেশ, সেলুকাস!
সোহান মিহাফ: জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহারের জন্য সামরিক বাহিনীর ধারাবাহিক ও পরিকল্পিত উন্নয়ন অবশ্যই প্রয়োজন। কিন্তু এ ধরনের সব কাজ যথাযথ স্বচ্ছতা ও জবাবদিহির মধ্য দিয়ে হবে, এটাই কাম্য।
বিশ্বের বাসযোগ্য নগরে সবার নিচে ঢাকা-দামেস্ক
ব্রিটেনভিত্তিক একটি গবেষণাপ্রতিষ্ঠানের জরিপ বলছে, বিশ্বের গুরুত্বপূর্ণ ১৪০টি শহরের মধ্যে বসবাসের জন্য ঢাকার অবস্থান ১৩৯। এ খবরে মতামত জানিয়ে সাজেদ রহমান লিখেছেন: দামেস্কের ঠিক আগে আমরা, চমৎকার! ঢাকায় বসবাসের ঝক্কি কী রকম, সেটি বোঝাতে এর চেয়ে ভালো উপমা আর কিছু হতে পারে না।
মকবুল হোসেন: এর জন্য শুধু এ সরকারকে দোষ দিয়ে লাভ আছে ভাই, আগের সরকারগুলো কী করেছিল? আমাদের রাজনীতিবিদেরা প্রশাসনিক কাজে অদক্ষ। এ কারণে আমাদের উন্নয়ন পরিকল্পনা এগোয় আমলাদের ওপর ভর করে। আর দুর্নীতিবাজ আমলারা কখনোই চায় না কোনো কিছুর স্থায়ী সমাধান হোক। একটা সুন্দর নগর তো এক দিনে গড়া সম্ভব নয়, এর জন্য চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বাংলাদেশের কোনো সরকারের আমলেই তা দেখা যায়নি।
নাসিম রাতুল: এ রকম খবর পড়লে কষ্ট পাই। ঢাকা আমার সবচেয়ে প্রিয় শহর। ঢাকাকেন্দ্রিক উন্নয়নের পাশাপাশি সারা দেশে উন্নয়ন ছড়িয়ে দিতে না পারলে আরও কী যে হবে!
ফাহিম হাসান: আক্ষেপ করে বসে থেকে লাভ নেই। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে কিছু হবে না। ঢাকার জন্য জরুরি হলো বিকেন্দ্রীকরণ ও পরিকল্পনা। এ লক্ষ্য পূর্ণ হলে, দেশের অন্যান্য অঞ্চলও অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে যাবে। তাতে ঢাকা ফাঁকা হবে, বাসযোগ্যও হবে। মূল কথা, ঢাকার জন্য সবার আগে দরকার পরিকল্পনা ও সেগুলোর সঠিক বাস্তবায়ন।
বিচারক জাবেদ ইমামের চার বছরের কারাদণ্ড
মাদক বহনের দায়ে আদালত ভোলার সহকারী বিচারক জাবেদ ইমামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন। একজন বিচারকের অপরাধ ও শাস্তির খবরে এম এইচ রহমতুল্লাহ বাবু মন্তব্য করেছেন: আদালত ছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তা ও কৌঁসুলিদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। রাস্তায় আটক করা মাদকের মামলা প্রমাণ করা খুবই কষ্টসাধ্য। নির্ভরযোগ্য সাক্ষী পাওয়া যায় না। সাক্ষী মিললেও মামলা চলাকালে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এ রকম আরও হাজারো ঝামেলা আছে। তা ছাড়া, এ মামলার আসামি নিজে একজন সহকারী বিচারক এবং তাঁর বাবা একজন প্রতিষ্ঠিত উকিল। তদন্তকারী কর্মকর্তা ও কৌঁসুলিরা দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ না করলে মামলার অভিযোগ প্রমাণ করা রীতিমতো অসাধ্য হয়ে পড়ত।
এ ফোরকান: বিচার যদি এ ধরনের হয়, তবে দেশে অপরাধ ও অপরাধীর সংখ্যা অনেক কমে যেত। বিচারব্যবস্থা দুর্বল হলে অপরাধ ও অপরাধী দুটোই বাড়ে।
শফিক: এটি খুব ভালো সংবাদ যে মাদক বহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজন বিচারককে সাজা দিয়েছেন আদালত।
ওয়াহিদ হোসেইন সিদ্দিকী: মাত্র নয় মাসে এ ধরনের একটি মামলার রায়! সত্যিই নজিরবিহীন। আশা করি, সব মামলার রায় আমরা এ রকম দ্রুততার সঙ্গে পাব এবং সমাজে অপরাধপ্রবণতা কমবে।
বিশ্বে প্রথম জিংকসমৃদ্ধ ধানের জাত অবমুক্ত করল বাংলাদেশ
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের উদ্ভাবিত বিরি-৬২ নামের জিংকসমৃদ্ধ ধানের একটি জাতসহ মোট আটটি নতুন ধানের জাত অবমুক্ত করেছে জাতীয় বীজ বোর্ড। এ সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে সোহেল রহমান লিখেছেন: ধন্যবাদ কৃষি ব্যবস্থাকে আধুনিক ও জলবায়ু উপযোগী কৃষিবিজ্ঞানে রূপদানের জন্য। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দেশকে শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেননি, সেই সঙ্গে মৌলিক গবেষণায় বিনিয়োগের মাধ্যমে কৃষিবিজ্ঞানকে এই সময়ের প্রতিকূলতা মোকাবিলার উপযোগী করে গড়ে তুলেছেন।
তানভীন রহমান: বিশ্বে এবারই প্রথম জিংকসমৃদ্ধ একটি ধানের জাত অবমুক্ত করেছে বাংলাদেশ। সকালে উঠেই মনটা ভালো হয়ে গেল। আমাদের দেশের মেধাবীদের একটু সুযোগ করে দিলে কী হয়, তা দেখলাম। পাটের জিন মানচিত্র ও ধানের নতুন জাত উদ্ভাবনের খবরও পেলাম। ধন্যবাদ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের। সফল হোক আপনাদের পরিশ্রম।
সাইদুর রহমান: ধান গবেষণা ইনস্টিটিউটকে ধন্যবাদ। এ বীজের সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হোক। কেবল বীজ বোর্ডের ভান্ডারে গোটা কয়েক জাতের বীজ পড়ে থাকলে চলবে না, কিংবা ব্যবসায়ীদের হাতে তুলে দিলে চলবে না; সারা দেশের কৃষকদের মাঝে ভালো জাতের বীজ ছড়িয়ে দেওয়ার কার্যকর ব্যবস্থাও চাই।
রগ কাটায় শিবিরকে সহায়তা করেছে ছাত্রলীগের একাংশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতার হাত-পায়ের রগ কেটে দেওয়ার মামলায় আটক ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, শিবিরের ওই কর্মী জানিয়েছেন রগ কাটার ঘটনায় শিবিরকে সহায়তা করেছেন ছাত্রলীগেরই কিছু নেতা। এ সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে সুজন লিখেছেন: আওয়ামী লীগ প্রায়ই দাবি করে, শিবিরের সহযোগিতা ছাড়া বিএনপি অচল। এখন দেখছি, শিবিরের সহায়তা ছাড়া আওয়ামী লীগও অচল।
শিহাব সাহিন: ছাত্রশিবির ও ছাত্রলীগ দুটি সংগঠনই একই মায়ের পেটের ভাইয়ের মতো। অদ্ভুত মিল তাদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোমহর্ষক ঘটনা বলছে, চেতনাব্যবসায়ী ও ধর্মব্যবসায়ী এক কাতারে এসে মিশেছে।
তানভীর রহমান: শিবির কর্মী মাসুমের সঙ্গে ছাত্রলীগের আরও যাঁরা জড়িত ছিলেন, তাঁদের নাম কেন প্রকাশ করা হচ্ছে না? আমরা সব অপরাধীকে চিনে নিতে চাই এবং তাদের শাস্তিও চাই।
এস এম মোরশেদুল হাসান: আমরা মানুষ হব কবে? এই অপকর্মের সঙ্গে যারাই যুক্ত থাকুক, সবার শাস্তি দাবি করছি।
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)