আজ সংসদ অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিন্তু শুধু সংসদ সদস্যপদ ধরে রাখার আইনি বাধ্যবাধকতার জন্য যদি বিএনপি সংসদে যায়, তাহলে তাদের সংসদে যোগদানের কোনো রাজনৈতিক তাৎপর্য থাকবে না; বরং একধরনের সুবিধাবাদ বলে প্রতিভাত হবে। সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য বিরোধী দলের সংসদ অধিবেশন বর্জনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারলে গণতন্ত্র বিপন্ন হওয়ার আশঙ্কা তীব্র হবে।

নির্বাচনকালীন সরকারের বিষয়ে যে সমঝোতার কথা এত দিন আলোচনায় ছিল, সংসদে সেই সম্ভাবনা ইতিমধ্যেই ক্ষীণতর হয়েছে। কারণ, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা এখনো এ প্রশ্নে দুই বিপরীত মেরুতে অবস্থান করছেন। দুই পক্ষ অনড় অবস্থান থেকে সরে না এলে এই অধিবেশন কার্যত দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে মেঘাচ্ছন্ন করবে।

আশার কথা হলো, এখনো বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার যদি ইতিবাচক মনোভাব দেখায় এবং নির্বাচনকালীন সরকারের বিষয়ে তাদের প্রস্তাব সংসদে উত্থাপনের অনুরোধ করে, তাহলেই কেবল তারা সংসদে এ বিষয়ে আলোচনা করতে পারে। এখন সরকারের দিক থেকে সমঝোতার মনোভাব দেখানো এবং অর্থবহ আলোচনার উদ্যোগ আসা দরকার।

সংসদের বর্তমান অধিবেশনটি হবে দেশের প্রথম নারী স্পিকারের অভিভাবকত্বে। তিনি বিএনপির দুজন আটক সাংসদকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাঁরা জামিন পেয়েছেন। তাঁদের কারামুক্তি ও সংসদ অধিবেশনে যোগদান দুই পক্ষের দূরত্ব কমিয়ে আনতে সাহায্য করবে বলে আশা করা যায়।

সংসদে বিরোধী দলের প্রতি সরকারদলীয় সদস্যদের মনোভাবের ওপর অনেক কিছু নির্ভর করে। অতীতে দেখা গেছে, অধিবেশনে সরকারদলীয় সদস্যদের একতরফা আক্রমণাত্মক বক্তৃতার শিকার হতে হয়েছে বিরোধীদলীয় সাংসদদের। এ কারণে তাঁরা বারবার বলেন, সংসদ অধিবেশনে যথোপযুক্ত মর্যাদা নিয়ে অংশগ্রহণের সুযোগ তাঁরা পান না। এ বিষয়ে সরকারদলীয় সাংসদেরা সতর্ক থাকলে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব।

সংসদ অধিবেশনে বিরোধী দলের উপস্থিতি অব্যাহত থাকুক। সমঝোতার সম্ভাবনা উজ্জ্বলতর হোক। এটাই সবার কাম্য।