২০১৩ সালের আদালত অবমাননা আইন সংবাদক্ষেত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিল। এর গণমাধ্যমসংক্রান্ত বিধানাবলি ভারত ও ইংল্যান্ডের আইনের অবিকলই ছিল না, বাংলাদেশ সুপ্রিম কোর্টের দেওয়া একাধিক রায়ের সঙ্গেও ছিল সংগতিপূর্ণ। ২০০৫ সালে বিচারপতি মোস্তাফা কামালের নেতৃত্বাধীন আইন কমিশনের প্রস্তুত করা খসড়া আইনের সঙ্গেও তার মিল ছিল। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গুরুদণ্ড দিয়েও আপিল বিভাগ ২০১০ সালে অভিমত দেন যে, ‘জনস্বার্থ এবং সদ্বিশ্বাসে কোনো বিচারকের আচরণের ন্যায্য সমালোচনা আদালত অবমাননা নয়।’ আইনটি পুরোপুরি বাতিল হওয়ায় আমরা তাই অবাক হয়েছি।
ভারতীয় বিচারপতি কৃষ্ণা আয়ারের মতে, ‘আদালত অবমাননা আইনের একটা উভয়সংকট আছে। কারণ, বাকস্বাধীনতা এবং ন্যায় ও নির্ভীক বিচার—এই দুটি মহান নীতি, যা কখনো কখনো সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়, তার মধ্যে ভারসাম্য বজায় রাখার একটি সাংবিধানিক প্রয়োজনীয়তা রয়েছে। এই দুইয়ের মধ্যে বিভাজনরেখা এতটাই স্পষ্টভাবে টানতে হবে, যাতে আদালতের এই প্রাচীন ও সহজাত ক্ষমতা জনগণকে ন্যায়বিচারে আস্থাশীল রাখে। স্টার চেম্বারের (মধ্যযুগীয় ইংল্যান্ডের নিপীড়ক আদালত) প্রতি বৈরী মনোভাবের যেন পুনরাবৃত্তি না ঘটে। বিচারকেরা ক্ষয়প্রাপ্ত হলে আদালত অবমাননার ক্ষমতা তাঁদের বাঁচাবে না। এ ক্ষেত্রে মুদ্রার অপর পিঠ হচ্ছে “সিজারের স্ত্রীকে অবশ্যই সন্দেহের ঊর্ধ্বে থাকতে হবে” কথাটির মতোই।’ কামাল হোসেন শুনানিকালে এর উল্লেখ করলে আদালত ওই দৃষ্টিভঙ্গির সঙ্গে সহমত হন।
আমাদের আদালত অবমাননা আইনটি ছিল ৮৭ বছরের প্রাচীন। মাত্র তিনটি ধারাসংবলিত এই অপূর্ণাঙ্গ আইনটির সঙ্গে ভারত, পাকিস্তান ও ব্রিটেনের বিদ্যমান আইনের তুলনা চলে না। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে এটি রহিত করে অধ্যাদেশ জারি হয়েছিল। ছয় মাস না যেতেই হাইকোর্টের রায়ে সেটি বাতিল হয়। যুক্তি ছিল, এটি নীতিনির্ধারণী বিষয়, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের এ ব্যাপারে অধ্যাদেশ জারির অধিকার নেই। আর এবারে আইনটি পাসের ১৩ দিনের মধ্যে জনৈক আইনজীবী, যাঁর ভূমিকা স্পিকারকে রাষ্ট্রদ্রোহী বলাসংক্রান্ত বিতর্কে সংসদে প্রশ্নবিদ্ধ, তিনি ৭২ ঘণ্টার মধ্যে ওই আইনের আটটি ধারা বাতিল চেয়ে পাঁচ সচিবের ওপর নোটিশ জারি করেন। এরপর হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ওই সচিবদের ওপর রুল কার্যকর এবং তাঁদের ১০ দিনের মধ্যে উত্তরদানের নির্দেশ দেন। এ রকম একটি জনগুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়ে আদালতকে সহযোগিতা করার ব্যাপারে রাষ্ট্রপক্ষ অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের দপ্তর অমনোযোগ ও অবহেলার নজির স্থাপন করেছে বলে প্রতীয়মান হয়। আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলের দপ্তরের কর্তব্য, দেশে বর্তমানে আদৌ কোনো আদালত অবমাননা আইন বহাল আছে কি না, তা নিশ্চিত করা। ১৯২৬ সালের আইনটিতে এই অপরাধের জন্য সর্বোচ্চ ছয় মাসের জেল ছিল। নতুন আইনে পুরোনো আইনটি বাতিল করে দেয়। তাই এ বিষয়ে সংবাদকর্মীদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে।
এটা বিস্ময়কর যে কেবল মন্ত্রিপরিষদ সচিবই আদালতের আদেশ তামিল করেন। অথচ আইনটি প্রণয়নের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট অপর চার সচিব উত্তর না দিয়ে রহস্যময়ভাবে নীরব। ২০০৮ সালের বাতিল হওয়া অধ্যাদেশ থেকে সরকারি কর্মকর্তাদের সুরক্ষাদান-সংক্রান্ত দুটি অস্বাভাবিক বিধান নকল করার কী দরকার পড়েছিল, তা-ও বিরাট প্রশ্ন। আমরা দ্রুততার সঙ্গে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় লাভ এবং তার বিরুদ্ধে আপিল দায়ের এবং তা নিষ্পত্তির অপেক্ষায় রইলাম।