আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা: মূলধারায়নের কৌশল
প্রথম অংশ পর-
সংবিধানে বলা আছে, বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হবে বাংলা, অন্য কোনো ভাষার স্বীকৃতি নেই। ধর্মের ক্ষেত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। কিন্তু অন্যরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে।্র ভাষার ক্ষেত্রে কিছু বলা হয়নি। সংবিধানে বলা হলো, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের সংস্কৃতি-ঐতিহ্য রক্ষা করবে। অথচ এরা সংগ্রাম করছে ভূমি রক্ষার জন্য। ভাষার সংকট আদিবাসীদের একমাত্র সংকট নয়। কিন্তু এটা বেশি সামনে আসায় অন্য অনেক জরুরি ও মৌলিক সমস্যা আড়ালে চলে যাচ্ছে।
পুলক বরণ চাকমা: মাতৃভাষায় শিক্ষার ব্যাপারে সরকারের আন্তরিকতা আছে। এখন আমাদের এ সুযোগ নিতে হবে। তবে লক্ষ করেছি, আমাদের মধ্যে কোনো প্রস্তুতি নেই। নিজেরা তৈরি না হলে অগ্রগতি হবে না। সচিব মহোদয় একবার একটা ম্যাগাজিন বের করতে বললেন। নিজের ভাষায় ম্যাগাজিনে লেখা দেওয়ার মতো সদস্য খুঁজে পাওয়া গেল না। অর্থাৎ আমরা নিজেদের ভাষায় লিখতে-পড়তে পারছি না। একমাত্র সুগত চাকমার কথা জানি। তিনি ভাষা নিয়ে কাজ করছেন। তাঁর পরে কে আছে? আমরা অনেক বিষয়ে কাজ করলেও ভাষার প্রশ্নে পিছিয়ে আছি। কোন ভাষা হারিয়ে যাচ্ছে, কোন ভাষা আছে, এর কিছুই জানি না।্র পার্বত্য জেলা পরিষদের অনিয়ম সবার জানা। সেখান্রে স্বল্প মেধার শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তাঁরা কী জানেন আর কী শেখাবেন, সেটি একটি বড় প্রশ্ন। সব ক্ষেত্রে আমরা নিজেরা দায়িত্ব অনুভব না করলে সামনে এগোতে পারব না।
সৌরভ সিকদার: আদিবাসীদের শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষা ও মাতৃভাষায় শব্দটি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ইংরেজিতে বলা হয়েছে থ্রু মাদার ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ মাতৃভাষায়। কিন্তু বাংলায় ‘য়’ বাদ পড়েছে। ‘মাতৃভাষা শিক্ষা’ বলতে মন্ত্রণালয় মাতৃভাষায় শিক্ষা বুঝিয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে কৌশলপত্র ঠিক করা হয়েছে। কিন্তু কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। যেমন পাঠ্যপুস্তক তৈরি। নির্দিষ্ট ভাষায় শিক্ষকের অভাব। একই বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন ভাষার শিক্ষার্থী। তথ্যের স্বল্পতা ইত্যাদি। মোট আদিবাসী শিক্ষার্থীর সংখ্যা কত? শিক্ষক আছে কত? এসব তথ্যও জানা প্রয়োজন। এ সমস্যাগুলো অতিক্রম করতে হবে।
জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের দায়িত্ব বই তৈরি করা। কিন্তু গত ছয় মাসে তারা টেকনিক্যাল কমিটির সভা করতে পারেনি। আমাদের বিশেষ উদ্যোগে একটা সভা হয়েছে। সেখানে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কিছু বিষয় চূড়ান্ত করা হয়েছে। কিন্তু এ বিষয়ের কোনো অগ্রগতি এখনো জানতে পারিনি। সাঁওতালদের লিপির বিষয়ে তাদের কাছ থেকে সিদ্ধান্ত না পাওয়ায় পাঁচটি ভাষাকে ঠিক করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সরকারের সমন্বয়ের অভাবও আছে। জনসংখ্যার আধিক্যের ভিত্তিতে প্রথম পর্যায়ে পাঁচটি ভাষা নির্বাচন করা হয়েছে। সরকার ও শিক্ষা মন্ত্রণালয় আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষাদানের রাষ্ট্রীয় প্রতিশ্রুতি (শিক্ষানীতি ২০১০) পালন করেছে। কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে। এ সমস্যা কাটিয়ে উঠতে পারলে দ্রুতই রাষ্ট্রীয় প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে বলে আমার বিশ্বাস।
তপন কুমার দাশ: ২০১০ সালে প্রতিমন্ত্রী আফছারুল আমীন একটি সভায় উপস্থিত ছিলেন। এ সভায় ৩০০ আদিবাসীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বললেন, ‘আদিবাসীদের ভাষার ব্যাপারে কী করতে হবে বলুন।’ তিনি সংশিষ্ট সবাইক্রে দ্রুত ভাষার বিষয়ে কাজ করার নির্দেশ দেন। তাঁর নির্দেশের পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সভা করি। সে সভায় এনজিও প্রতিনিধিরা ছিলেন। সবাই মিলে একটা ব্রিজিং প্ল্যান অনুমোদন করি। ২০১১ সালের এ সভায় আদিবাসী শিশুদের জন্য ছয় বছরের একটি শিক্ষা পরিকল্পনা অনুমোদন করা হয়। ২০১২ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমাদের সঙ্গে কয়েকটি সভা করেন। তিন বললেন, ‘ছয় মাসের মধ্যে কাজটি শুরু করতে চাই। কোন কোন আদিবাসী ভাষায় বই হবে তার নাম দেন।’ এমএলই (মাল্টি লিঙ্গুয়াল এডুকেশন) ফোরামের আওতায় অনেক সভা করেছি। আদিবাসীদের ভাষা বিশেষজ্ঞদের সঙ্গে কর্মশালার মাধ্যমে জনসংখ্যার ভিত্তিতে ছয়টি ভাষার নাম দিয়েছি। পরবর্তীকালে অতিরিক্ত সচিব আশরাফুল ইসলাম তিন মাসের মধ্যে আদিবাসী ভাষার উপকরণ ঠিক করার কথা বললেন। ২০১৩ সালের ২৬ থেকে ২৭ ফেব্রুয়ারি সিরডাপ মিলনায়তনে একটি বড় সভা হয়, সেখানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, যত দ্রুত সম্ভব কাজটি শুরু করতে হবে। তিনি বলেন, ‘কেবল ছয়টি ভাষায় নয়, বাংলাদেশে একজন আদিবাসী যদি একট্রিভাষায় কথা বলে, সে ভাষা সংরক্ষণ করা সরকারের দায়িত্ব। এখন ছয়টি ভাষায় শুরু করছি। অনতিবিলম্বে আরও ছয়টি ভাষায় কাজ করব।’ এখানে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই।
ম. হাবিবুর রহমান: সরকার এ যাবৎ যত উদ্যোগ নিয়েছে তার মধ্যে মাতৃভাষায় শিক্ষার সুযোগ সৃষ্টি অন্যতম। আদিবাসী শিশুরা যদি তার মাতৃভাষায় লেখাপড়ার সুযোগ পায়, তাহলে সে তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণে উৎসাহিত হবে এবং পরবর্তী সময়ে সে তাঁর নিজেরও উন্নয়ন ঘটাতে পারবে। ইতিমধ্যে সরকার প্রি-প্রাইমারি শিক্ষাক্রম প্রণয়নসহ একসেট উপকরণ তৈরি করেছে। আমরা আশা করি, আদিবাসী শিশুরা ২০১৫ সালের আগেই প্রাক-প্রাথমিক শিক্ষার বই পাবে। পুস্তক প্রকাশের পূর্ব পর্যন্ত আদিবাসী শিশুদের মাতৃভাষায় লেখাপড়া করার জন্য অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এই অবকাঠামোগত উন্নয়নের মধ্যে গুরুত্বপূর্ণ হলো একটি জরিপ পরিচালনা, যার মধ্য থেকে কোন স্কুলে কোন ভাষায় পঠন-পাঠনে সক্ষম শিক্ষক আছে তার সংখ্যা জানা যাবে। আরও জানা যাবে কোন স্কুলে কোন ভাষার কতজন শিশু আছে, কোন স্কুলে কোন ভাষার কতজন শিক্ষক প্রয়োজন। শিক্ষকসহ শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এ সময়ের মধ্যে, কারা কারা এই প্রশিক্ষণে সহায়তা করবে তাও ঠিক করতে হবে। আদিবাসীদের মধ্যে শিক্ষকস্বল্পতা রয়েছে। তাই কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন আদিবাসীদের বিশেষ সুযোগ ও নিয়োগ দেওয়া যেতে পারে। এসব শিক্ষককে ইনসার্ভিস প্রশিক্ষণের মাধ্যমে ধাপে ধাপে তৈরি করা যেতে পারে। সে জন্য আদিবাসীদের নিজস্ব ভাষায় শিক্ষার বিষয়টি পাইলট আকারে শুরু করতে হবে। এমএলই কার্যক্রম একটি দীর্ঘমেয়াদি বিষয়। সে জন্য স্টিয়ারিং কমিটিসহ কারিগরি কমিটির কার্যপরিধি সম্প্রসারণ করা প্রয়োজন। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটসমূহকে বাংলা একাডেমির আদলে সুবিন্যস্ত করা দরকার। এসব ইনস্টিটিউটের মাধ্যমে মৌখিক সাহিত্যকে লিখিত রূপ দেওয়া যেতে পারে। সেই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সঙ্গেও একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে। যেহেতু সরকার মাতৃভাষার শিক্ষার বিষয়ে অত্যন্ত আন্তরিক, সেহেতু অর্থ কোনো সমস্যা নয়। সবশেষে, দীর্ঘমেয়াদি হলেও আদিবাসী মন্ত্রণালয় গঠনের কথা ভাবতে হবে। সবদিক থেকে একসঙ্গে কাজ করলে আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার বিষয়টি একটি ভিন্ন মাত্রা পাবে।
নব বিক্রম কিশোর ত্রিপুরা: আদিবাসীরা জীবন-জীবিকার কঠিন সংগ্রামে রয়েছে। অনেকে খাদ্য, বস্ত্র, বাসস্থানের চরম সংকটে রয়েছে। ফলে আদিবাসীদের কোনো কোনো গোষ্ঠী বিলুপ্ত হচ্ছে। এই যখন অবস্থা, তখন বিষয়টিকে কেবল শিক্ষার দিক থেকে দেখলে হবে না, সামগ্রিকভাবে দেখতে হবে। আলোচনায় জেলা পরিষদের কথা এসেছে। জেলা পরিষদের সক্ষমতা কম। একজন চেয়ারম্যানসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের সমন্বয়ে পরিষদের সদস্য হবেন ৩৩ জন। এ পরিষদে তিনজন নারী থাকবেন। একজন বাঙালি ও দুজন আদিবাসী। এ পর্যন্ত একবার নির্বাচন হয়েছে। বলা আছে, নির্বাচন না হলে পাঁচজনের একটি অন্তর্বর্তী সভা থাকবে। এখন পরিষদের সদস্যসংখ্যা পাঁচ। তাঁদের শিক্ষক নিয়োগসহ কোনো কাজে আগ্রহ নেই।
অনেক আলোচনা করে ২৪টি বিষয় জেলা পরিষদের দায়িত্বে দেওয়া হয়েছে। কিন্তু লোকবলের অভাবে কাজ করতে পারছে না। এখন আমরা চেষ্টা করব নির্বাচনের মাধ্যমে ৩৩ জন সদস্যকে দায়িত্ব বণ্টন করতে। কাজটি সহজ নয়। এর মধ্যে জটিলতা আছে। ইউনিসেফের সহযোগিতায় তিন হাজার ৫০০টি পাড়া কেন্দ্র আছে। পাড়া অর্থ গ্রাম। তিন হাজার ৫০০টি গ্রামে মাতৃভাষাসহ অন্যান্য শিক্ষা দেওয়া হচ্ছে। অনেক এনজিও বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। সবাইকে নিয়ে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। মাতৃভাষা নয় মাতৃভাষায়। একটা ‘য়’ বাদ পড়েছে। এটা জটিল কোনো বিষয় না। একটা সংশোধনীর মাধ্যমে ‘য়’ বসিয়ে দেব। ইউএনডিপি অর্থায়নে পরিচালিত ৩৩২টি পাহাড়ি স্কুলকে সরকারি আওতায় আনতে হবে।
আব্দুল কইয়ুম: ১৬ বছর আগে পার্বত্য চুক্তি হয়েছে। তার অনেক ধারাই এখনো কার্যকর হয়নি। যে কারণে সবকিছুতে একধরনের সমস্যা রয়েছে। পার্বত্য শান্তি চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন প্রয়োজন। শিক্ষা সব মানুষের মৌলিক অধিকার। আদিবাসীরা যেন মাতৃভাষায় শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
যাঁরা অংশ নিলেন
নব বিক্রম কিশোর ত্রিপুরা : সচিব, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
কাজী আখতার হোসেন : সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
মো. শফিকুর রহমান্র : চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
প্রশান্ত কুমার ত্রিপুরা : শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
পুলক বরণ চাকমা : সহকারী পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
সৌরভ সিকদার : অধ্যাপক, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সঞ্জীব দ্রং : সাধারণ সম্পাদক, আদিবাসী ফোরাম
মেহেরুন্নাহার স্বপ্না : ঊর্ধ্বতন ব্যবস্থাপক, আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা কর্মসূচি, সেভ দ্য চিলড্রেন
মথুরা বিকাশ ত্রিপুরা : নির্বাহী পরিচালক জাবারাং কল্যাণ সমিতি, খাগড়াছড়ি
আন্না মিন্য্র্র্র্র্র্র্র্র্র : পরিচালক, ব্র্যাক
তপন কুমার দাশ : কার্যক্রম ব্যবস্থাপক, গণসাক্ষরতা অভিযান
ম. হাবিবুর রহমান : সিনিয়র উপদেষ্টা, শিক্ষা কর্মসূচি, সেভ দ্য চিলড্রেন
সঞ্চালক আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলো