আদিবাসীদের জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের সরল জীবনযাপন সব সময়ই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। এর সুযোগ নেওয়ার জন্য সর্বত্রই মুখিয়ে থাকে কিছু দুর্বৃত্ত। চাঁপাইনবাবগঞ্জে একই পরিস্থিতির শিকার হয়েছে একটি গ্রামের আদিবাসী জনগোষ্ঠী। তাদের সরলতার সুযোগে প্রতারণা ও জালিয়াতি করে ১০০ বিঘারও বেশি জমি দখল করে নিয়েছে এমনই একটি দুর্বৃত্ত চক্র।
জালিয়াতির মাধ্যমে যারা জমি দখল বা এ ধরনের কাজ করে থাকে, তাদের পেছনে সব সময়ই থাকে স্থানীয় পুলিশ, প্রশাসন বা রাজনীতিকদের একটি অংশ। এদের সাহায্য ও সমর্থন ছাড়া এ ধরনের দখলদারদের সুবিধা পাওয়ার কোনো কারণ নেই। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার লেবুডাঙ্গা গ্রামের আদিবাসীদের জমি দখলের সঙ্গে জড়িত সেরাজুল ইসলাম ও তাঁর সহযোগীদের চক্রও একই ধরনের সমর্থন পেয়েছে পুলিশ ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কাছ থেকে। আদিবাসীদের অভিযোগ, নামে-বেনামে জাল দলিল তৈরি করে সেরাজুল ইসলাম গ্রামটির প্রায় ২০ জনের ১০০ বিঘারও বেশি জমি দখল করে নিয়েছেন।
কে এই সেরাজুল ইসলাম? এই ব্যক্তির বিরুদ্ধে রয়েছে পরের জমির ধান লুট, গাছ কেটে নেওয়া ও চাঁদাবাজির একাধিক মামলা। গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে তাঁর বিরুদ্ধে। এর পরও তিনি বহাল তবিয়তেই আছেন এবং আদিবাসীদের জমি দখলের মতো অপকর্ম করে বেড়াচ্ছেন। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই বলেছেন যে এলাকায় সেরাজুল ভূমিদস্যু হিসেবে পরিচিত, থানায় দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। প্রথম আলোর প্রতিবেদক মুঠোফোনে সেরাজুলের সঙ্গে কথা বলেছেন, এর মানে হচ্ছে তিনি ধরাছোঁয়ার বাইরে নন। গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও এই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করছে না কেন? সেরাজুলের প্রতি যে পুলিশের সমর্থন বা সহযোগিতা রয়েছে, সেটা পরিষ্কার। কোনো ধরনের লেনদেন ছাড়া নিশ্চয়ই তা হয়নি। পুলিশ যদি তা অস্বীকার করে, তবে সেরাজুলকে গ্রেপ্তার না করতে পারার ব্যর্থতার দায় নিতে হবে। পুলিশ বিভাগের উচিত, এ জন্য এই থানার পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া।
আমরা চাই, অবিলম্বে আদিবাসীদের জমি দখলমুক্ত হোক। একই সঙ্গে অভিযুক্ত সেরাজুলকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি দেখতে চাই। স্থানীয় প্রশাসনকে এই দায়িত্ব নিতে হবে।