প্রতিবছর বিশ্বব্যাপী ১২ মে আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মতারিখকে স্মরণীয় করে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়৷
নার্সিং এমনই একটি পেশা, যেখানে কর্মরত সেবিকাদের ভূমিকা অত্যন্ত বিস্তৃত৷ অথচ বাংলাদেশের চিকিৎসাসেবায় বড় গলদ নার্স-সংকট৷ প্রয়োজনের তুলনায় প্রায় দুই লাখ নার্স কম, ঘাটতি পূরণে কোনো উদ্যোগ নেই৷ এ কারণে এখানকার হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের উপযুক্ত চিকিৎসাসেবা না পাওয়াই স্বাভাবিক৷ অন্যদিকে, বাংলাদেশের চিকিৎসাসেবা আন্তর্জাতিক পর্যায়ে পেঁৗছতে বড় বাধা হয়ে আছে নার্সের ব্যাপক ঘাটতির বিষয়টি৷
মানসম্পন্ন সেবা ব্যবস্থাপনা পরিপূর্ণ করতে হলে অবশ্যই রোগী, ডাক্তার ও নার্সের সংখ্যাগত সমন্বয় সাধন করা জরুরি৷ বাংলাদেশে নার্সিং কাউন্সিলের ওপর ডিপ্লোমা নার্সিং প্রশিক্ষণের দায়িত্ব অর্পিত৷ নার্সিং কাউন্সিল গত ৪৪ বছরে দেশের চাহিদার পর্যাপ্তসংখ্যক ও গুণগত মানের নার্স প্রশিক্ষণ দিতে ব্যর্থ হয়েছে৷ নার্সিং কাউন্সিল স্বাধীনতার ৪৪ বছরে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তির একটি বৈজ্ঞানিক নীতিমালা তৈরি করতে ব্যর্থ হয়েছে৷
চলমান ছয়টি ব্যাচের ভর্তি নীতিমালা ভিন্ন রকম৷ এক বছর এসএসসি বিজ্ঞান বিভাগ কোর্সের মেয়াদ চার বছর৷ পরের বছর এসএসসি পাস বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগের কোর্সের মেয়াদ চার বছর৷ এর পরের বছর এসএসসি পাস কোর্সের মেয়াদ তিন বছর৷ আবার এর পরের বছর এইচএসসি পাস কোর্সের মেয়াদ চার বছর৷ গত বছর ভর্তি হওয়া এইচএসসি পাস কোর্সের মেয়াদ তিন বছর৷
এ কারণে বিদেশে বাংলাদেশের নার্সিং কাউন্সিল প্রদত্ত ডিপ্লোমা সনদের মান নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়৷ পৃথিবীর সব দেশেই নার্সিং কাউন্সিল, নার্সিং সেবার ‘প্রফেশনাল কোড অব কনডাক্ট’ নিয়ন্ত্রণ করে থাকে৷ বাংলাদেশে এই প্রতিষ্ঠান একই সঙ্গে প্রফেশনাল কোড অব কনডাক্ট ও নার্সিং ডিপ্লোমা শিক্ষা নিয়ন্ত্রণ করার ফলে উভয় ক্ষেত্রে ব্যাপক গেঁাজামিল ও অপচয় নিয়ে চলছে দেশের নার্সিং ও চিকিৎসাসেবা৷ নার্সদের ‘জব ডেসক্রিপশন’ তৈরি করতে পারেনি নার্সিং কাউন্সিল৷
বাংলাদেশে নার্সিং কলেজ পরিচালিত নার্সিং কোর্স পরিচালনা করে বিশ্ববিদ্যালয় আর ডিপ্লোমা কোর্স নিয়ন্ত্রণ করে নার্সিং কাউন্সিল৷ নার্সিং সেবার অব্যবস্থাপনার কারণে চিকিৎসাব্যবস্থার অন্তর্নিহিত দর্শন আর স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত সূচক ও মানদণ্ড প্রচণ্ডভাবে নিম্নগামী হয়ে গেছে৷ চিকিৎসার মূলমন্ত্র ও প্রতিষ্ঠিত তত্ত্বকথার সঙ্গে দেশের চিকিৎসা ও স্বাস্থ্য খাতের বিদ্যমান ক্ষয়িষ্ণু অবস্থাচিত্র তৈরি করেছে বিস্তার ফারাক৷ জনস্বার্থে নার্সিং পেশার উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন৷
ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত নার্সিং কাউন্সিল থেকে নার্সিং শিক্ষা কার্যক্রম পৃথক করে প্রস্তাবিত বিভাগীয় ডিপ্লোমা শিক্ষা বোর্ডের ওপর ন্যস্ত করা জরুরি, যে বোর্ড স্বল্প সময়ের মধ্যে একদল সুদক্ষ নার্স বাহিনী উপহার দেবে৷ সুস্থ-সবল জাতি গঠন-প্রক্রিয়ার ওপর নির্ভরশীলতা বাড়ার পদক্ষেপ হবে আন্তর্জাতিক নার্সেস দিবস পালনের যথার্থতা৷
মো. আবুল হাসান, সভাপতি, খন রঞ্জন রায়, মহাসচিব, ডিপ্লোমা শিক্ষা গবেষণা কাউন্সিল, বাংলাদেশ৷