গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ৬০ ঘণ্টা হরতাল পালনের পর এক সপ্তাহ না পেরোতেই আগামীকাল থেকে আবারও টানা ৬০ ঘণ্টা হরতালের ডাক দিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট জনগণের ভোগান্তির ব্যাপারে অসংবেদনশীলতা দেখাতে যাচ্ছে। এই হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের ভেবে দেখা উচিত ছিল, এত স্বল্প সময়ের ব্যবধানে আবারও এমন দীর্ঘ হরতালের ডাকে জনগণের কী প্রতিক্রিয়া হতে পারে।
হরতাল সংবিধানস্বীকৃত একটি রাজনৈতিক কর্মসূচি হলেও এর কোনো গঠনমূলক দিক আর অবশিষ্ট নেই। বরং নাশকতা, প্রাণহানি, সম্পদের ক্ষয়ক্ষতি এবং সামগ্রিক নিরাপত্তাহীনতার বোধ বাংলাদেশে হরতালের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। আগের হরতালকেন্দ্রিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১৪ জন মানুষ। রেলগাড়িসহ যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি নাশকতায় আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক। মানুষের ভোগান্তির কথা বলাই বাহুল্য।
হরতাল আহ্বানকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, হরতালের সময় যেসব নাশকতামূলক কর্মকাণ্ড চলে, সেগুলোর জন্য দায়ী তাঁরা নন বরং সরকারপক্ষ। কিন্তু তাঁদের এসব বক্তব্য বিশ্বাসযোগ্য নয়; হরতাল সফল করতে তাঁদের কর্মী-সমর্থকেরা পিকেটিংয়ের নামে ভাঙচুর, জ্বালাও-পোড়াও শুরু করে দেন। এমনকি তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপরও চোরাগোপ্তা আক্রমণ চালান। ১৮ দলের সর্বশেষ হরতালের সময় কয়েকটি সংবাদমাধ্যমের অফিস, নির্বাচন কমিশনার, মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু নাগরিকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। হামলা চালানো হয়েছে রেলগাড়িতেও।
এসব কারণে হরতাল এখন জনগণকে জিম্মি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের পন্থা হিসেবে বিবেচিত হয় এবং এই জবরদস্তিমূলক পন্থাকে অবলীলায় অগণতান্ত্রিকও বলা হয়। এমনকি, আইন করে হরতাল নিষিদ্ধ করার দাবিও ওঠে। হরতালের বিরুদ্ধে প্রবল জনমতের কারণে বিরোধী দলকে কখনো কখনো বলতে শোনা যায় যে তারা হরতাল ডাকতে চায় না, সরকারই তাদেরকে হরতাল ডাকতে বাধ্য করে। কিন্তু এ ধরনের ব্যাখ্যা অর্থহীন, কারণ এর ফলে হরতালে প্রাণহানি, সম্পদের ক্ষয়ক্ষতি ও জনগণের ভোগান্তি কিছুমাত্র হ্রাস পায় না। এমন তো নয় যে বিরোধী দলগুলো হরতালের ডাক দিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের অপেক্ষায় ঘরে বসে থাকে। তারা বরং হরতাল ‘সফল’ করতে জনগণের ওপর জবরদস্তি চালায়, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করে।
সাম্প্রতিক সময়ে এমন কোনো হরতাল হয়নি যে হরতালে মানুষের প্রাণহানি ঘটেনি। বরং হরতালের আগের দিনই প্রাণহানি শুরু হয়। তাই আরেকটি হরতাল ডাকার অর্থ আরও অজানাসংখ্যক মানুষের অকালমৃত্যুর ঝুঁকি সৃষ্টি করা। ৪ নভেম্বর থেকে দেশজুড়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ের এসব পরীক্ষার কথা বিবেচনা করে এই হরতাল প্রত্যাহার করা উচিত।
আর সাধারণভাবে হরতালের বিকল্প হিসেবে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির কথা ভাবতে হবে। কারণ, এমন সহিংস, নাশকতাপূর্ণ, জবরদস্তিমূলক পন্থা গণতান্ত্রিক রাজনৈতিক পন্থা হিসেবে গ্রহণযোগ্য নয়।