মজুরি বোর্ড প্রণীত নতুন মজুরিকাঠামো এমন কিছু নয়, যা বাস্তবায়নের জন্য শ্রমিকদের আন্দোলন করতে হবে। অথচ গত রোববার এই দাবিতে বিক্ষোভ শুরুর পর আশুলিয়া ও সাভারে অনেকগুলো কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ এবং রোববার সেখানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। গতকালের পরিসংখ্যান: ৫০ জন শ্রমিক আহত এবং দেড় শ কারখানা বন্ধ ঘোষণা। প্রশ্ন ওঠে, দারিদ্র্যসীমা বলে যে সীমা সরকার নির্ধারণ করেছে, যার নিচে জীবনধারণ করা অমানবিক বলে সব পদের অর্থনীতিবিদেরা মানেন, দেশের সবচেয়ে লাভজনক ব্যবসা খাতের একজন শ্রমিককে কেন তার ৬ ভাগের ১ ভাগের সমান মজুরির জন্যও মরণপণ আন্দোলন করতে হবে?
সরকারের উদ্যোগে গঠিত মজুরি বোর্ড বহু দেনদরবার-আলোচনার পর সর্বনিম্ন মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা নির্ধারণ করেছে। সরকারের তরফে এ পর্যন্ত আসতে আন্দোলনের চাপ, তাজরীন ও রানা প্লাজার ভয়াবহ গণমৃত্যুর ধাক্কাসহ দেশের ভেতরের ও বিদেশি ক্রেতাদের চাপ মোকাবিলা করতে হয়েছে। তার পরও বলতে হয়, শ্রমিকদের আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির বিপরীতের এই পাঁচ হাজার ৩০০ টাকা খুবই কম। শ্রমিকদের উৎপাদনশীলতা, প্রতিষ্ঠানের মুনাফা এবং বাজারমূল্যের তুলনায় এই অঙ্ক খুবই কম। এই মজুরি দিয়ে একজনের পক্ষেও স্বাভাবিক জীবন ধারণ করা কঠিন। অথচ মালিকপক্ষ এই মজুরিও দিতে অস্বীকার করে মজুরি বোর্ডের বৈঠক ত্যাগ করেছে, সংবাদ সম্মেলন করে কারখানা বন্ধের হুমকি দিয়ে উদ্ধত আচরণ করেছে। তাদের এই প্রত্যাখ্যান কেবল অমানবিকই নয়, সমগ্র জাতির প্রত্যাশার বিপরীত।
পরিস্থিতির বিবেচনায়, সরকারকে নিজেদের পক্ষে না পেয়ে শ্রমিকেরা আট হাজার টাকার দাবি থেকে সরে এলেও মালিকেরা তাঁদের অবস্থান ছাড়েননি। এরই প্রতিক্রিয়ায় আবার শুরু হয়েছে শ্রমিক বিক্ষোভ। স্পষ্টতই, এর জন্য মালিকপক্ষের একগুঁয়েমিই দায়ী। শ্রমমন্ত্রী ২১ নভেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি ঘোষণার কথা বলেছেন। এই ঘোষণা যত দ্রুত আসে ততই মঙ্গল।
তবে শ্রমিকদেরও দাবি আদায়ে অশান্তির পথ পরিহার করা উচিত। কেননা তাঁদের স্বার্থেই তৈরি পোশাকশিল্পে স্থিতিশীলতা জরুরি।