জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০ হাজার শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা আবাসন। ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আট বছর পরেও আবাসনের ব্যবস্থা করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের ১১টি হল দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে আছে। শুধু হাবিবুর রহমান হল উদ্ধার করা হয় ২০১১ সালে।
বেদখলে থাকা ১০টি হল উদ্ধারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন রকম আশ্বাস দেয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বছরের পর বছর কমিটি গঠিত হয়েছে, লোক দেখানো নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু হল উদ্ধার হয়নি।
শিক্ষার্থীদের পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় মেস ভাড়া করে কত যে কষ্টের মধ্যে থাকতে হচ্ছে, তা শুধু ভুক্তভোগী শিক্ষার্থীরাই জানেন। এ ছাড়া সেখানে গ্যাস, বিদ্যুৎ ও পানির সমস্যা তো আছেই। বিশ্ববিদ্যালয়ের বেতন-ফির সঙ্গে অন্যান্য খরচ মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো নেওয়া হচ্ছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা থাকবে, এটাই স্বাভাবিক। পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন হল নির্মিত হচ্ছে, কিন্তু একই শহরের বিশ্ববিদ্যালয় হয়েও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি এমন অবিচার কেন? আজ শিক্ষার্থীদের অবস্থা একটা গৃহহীন পরিবারের মতো। কিন্তু এভাবে আর কত দিন?
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ২০১১ সালের জুলাই মাসে প্রকল্পের ১০০ কোটি টাকা ছাড় করেছে সরকার। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের নামে উন্নয়ন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর ভর্তির সময় বিরাট অঙ্কের টাকা নেওয়া হচ্ছে।
তাহলে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানে সমস্যা কোথায়? ২০ হাজার শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পারে না শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান করতে?
বিশ্ববিদ্যালয়ের পাশে একটি নতুন ছাত্রী হলের নির্মাণকাজ শুরু হয়েছে। হলটি যত দ্রুত শেষ হয় ততই মঙ্গল। এ ছাড়া বেদখলে যে পুরোনো হলগুলো রয়েছে, সেই হলগুলো উদ্ধার করে সেখানে নতুন হল নির্মাণ করা যেতে পারে। উপাচার্যের কাছে আবেদন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করলে হল উদ্ধার করা সময়ের ব্যাপার মাত্র। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সাধন সরকার
শিক্ষার্থী, মাস্টার্স,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।