আবুল কাশেমের আত্মত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার সকালে কমলাপুর রেলস্টেশন ইয়ার্ডে তরুণ রেলওয়ে নিরাপত্তা প্রহরী আবুল কাশেমকে প্রাণ দিতে হয়েছে। তিনি সন্দেহভাজন দুই যুবকের ব্যাগ তল্লাশি করতে চাইলে ওরা বোমা মেরে তাঁকে হত্যা করে।
কয়েক মাস ধরে বিরোধী দলের আন্দোলনের সময় রেলে নাশকতা চলছে। অনেক যাত্রীর জীবন কেড়ে নেওয়া হয়েছে। তাই অতিরিক্ত সতর্কতার প্রয়োজন দেখা দেয়। কিন্তু রেল নিরাপদ করতে গিয়ে নিরাপত্তা প্রহরী নিজেই জীবন দিয়ে গেলেন। তাঁর এ আত্মত্যাগ যেমন শোকাবহ তেমনি বীরোচিত। সরকারের উচিত এই সাহসিকতার জন্য তাঁকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং তাঁর পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা।
পুলিশ ও সাধারণ, নিরপরাধ মানুষ হত্যা করে কোনো রাজনৈতিক আন্দোলন সফল হতে পারে না। এভাবে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা যেতে পারে, কিন্তু সাধারণ মানুষের সমর্থন পাওয়া সম্ভব নয়। বিরোধী দল যদি গণতন্ত্রের জন্য আন্দোলন করে, তাহলে এ ধরনের নাশকতা ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিতে হবে।
গত রোববার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে পুলিশ ১৩৪টি ককটেল ও গানপাউডার উদ্ধার করেছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে জামায়াত-শিবিরের বই, প্রচারপত্র প্রভৃতি পাওয়া গেছে। গতকাল ভোররাতে রাজশাহীর বিনোদপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৬৫টি ককটেল ও পাঁচ কেজি গানপাউডার উদ্ধার করেছে। ওই এলাকাটি জামায়াত- শিবির প্রভাবিত বলে পরিচিত। দেশের বিভিন্ন স্থানে এভাবে ককটেল ও গানপাউডার পাওয়া যাচ্ছে। পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে বেশ কয়েকজন শিশুর জীবন বিপন্ন হয়েছে। এসবই নাগরিকদের জন্য উদ্বেগজনক।
রেলের নিরাপত্তা প্রহরী হত্যার দায়ে বোমা বহনকারী দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নাশকতায় যুক্ত অপরাধীদের শনাক্ত ও তাদের আইনের আওতায় আনা হোক।
আর বিরোধী দলকে ভেবে দেখতে হবে, তারা কি গণ-আন্দোলনের পথে থাকবে, নাকি সন্ত্রাস ও নাশকতার অভিশপ্ত পথে হাঁটবে?