আমরা কি লজ্জাহীন নই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ এপ্রিল, ২০১৪ সময়টা মধ্যদুপুর। লাঞ্চ শেষ করে দেশের বহুল প্রচারিত পত্রিকা প্রথম আলো হাতে নিয়েই সম্পাদকীয় কলামে নজর দিই। সৈয়দ আবুল মকসুদের ‘পৌনে তেরো আনাই খাদ’ কলামটি পড়ে আমি ভীষণ লজ্জিত হয়ে পড়ি। আমাদের দেশের মন্ত্রী তথা সরকারের কি লজ্জিত হওয়া উচিত নয়?
যদিও আমি মুক্তিযুদ্ধ চোখে দেখিনি, তবু অনেক চেষ্টা করি অনুভব করতে মুক্তিযোদ্ধাদের মহান ত্যাগের কথা, চেষ্টা করি জানতে তাঁদের বীরত্বগাথা সম্পর্কে। দেশের সাধারণ নাগরিক হিসেবে আমি যখন বিদেশি বন্ধুদের সঙ্গে অনলাইনে যোগাযোগের সময় পরিচয় দিই ‘আই অ্যাম বাংলাদেশি’, গর্বে আমার বুকটা ভরে ওঠে যে লাল-সবুজের বুকেই আমার জন্ম। এ রকম জঘন্য বিষয়ের আলোচনাসম্পর্কিত কলাম পড়ে আমরা সাধারণ নাগরিক যতটা ব্যথিত হই, এর কোটি ভাগের এক ভাগ ব্যথা যদি পেতেন এর নীতিনির্ধারকেরা তাহলে এ রকম লজ্জাজনক ঘটনা ঘটত না।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তথা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের দেশে তো সোনার খনি নেই, বা এখন পর্যন্ত এমন কোনো তথ্যও পাওয়া যায়নি যে সোনার খনি আছে। আমি সাময়িকভাবে বলতে চাই, আমাদের দেশে সোনার খনি আছে, আর তা হলো আমাদের দেশের আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস অফিস। কিছুদিন পরপরই শোনা যায় ৫০ কেজি, ২৭ কেজি ও আরও পরিমাণ না জানা কত সোনার চোরাচালান এসে ধরা পড়ে। সেখান থেকে ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণ দেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য ব্যয় হলে কি সরকারের সম্পদ কমে যেত? বাইরের বিভিন্ন দেশ বিষয়টি নিয়ে সমালোচনা ও ঘৃণা প্রকাশ করুক এটা কি আমাদের কাম্য...?
এই সমালোচনা শুনতে কি আপনাদের ভালো লাগছে যে ‘মুক্তিযুদ্ধের সম্মাননা/ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে’।
আমরা ছোট হয়ে গেলাম তাঁদের কাছে, যাঁদের ঋণ কখনোই শোধ করার মতো নয়। তাঁদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা দেখাতে আমরা ব্যর্থ হলাম।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তথা সরকারের প্রতি আকুল আবেদন, এভাবে দেশের সম্মান এবং ভাবমূর্তি যেন ক্ষুণ্ন হতে দেওয়া না হয়।
এম জি শহীদ
প্রভাষক, টঙ্গী সিটি কলেজ, টঙ্গী, গাজীপুর।