আমরা কোথায় আছি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার প্রথম আলোর ‘অন্য আলো’ বিভাগে ‘হ্যালো, এফবিআই আমি এখানে!’ শীর্ষক প্রতিবেদনটি পড়লাম। প্রথম আলো  সব সময়ই এ ধরনের আশাজাগানিয়া লেখা প্রকাশ করে থাকে।

কিন্তু বিরতিহীনভাবেই আমরা লক্ষ করছি আমাদের সোনার (?) ছেলেরা, যারা কিনা দলনির্বিশেষে রাজনীতিতে আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শীর্ষ ক্ষমতায় বহাল, তারা দেশের সব রকমের অপকর্মে নেতৃত্ব দিচ্ছে। গত সপ্তাহে ‘ঐশী’ বিষয়ে লেখা আনিসুল হকের কলামটিও এ ক্ষেত্রে প্রণিধানযোগ্য। এত সময় কোথায় শিক্ষার্থীদের? সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি—সবকিছুতে আষ্টেপৃষ্ঠে সম্পৃক্ত হয়ে আছে অনেক শিক্ষার্থী। শিক্ষাটা হয়ে পড়ছে তাদের কাছে গৌণ। কতখানি মানসিক শক্তি ও সচেতনতা থাকলে একজন ‘হাসান এম এলাহী’ হয়ে ওঠা যায়, তা বোধ করি আমাদের শিক্ষার্থীরা চিন্তা করে না। হ্যাঁ, তা-ও চিন্তা করে। না হলে কীভাবে নাফিসের মতো ছেলেরা আমেরিকায় ধ্বংসের পরিকল্পনা করে!

কিন্তু আর কত? প্রথম আলোর এত এত দৃষ্টান্ত; পাতায়-পাতায় ছড়ানো সব কৃতিত্বের কথা কাদের কানে যাচ্ছে, কাদের মনে অনুরণন তুলছে? আবদুল্লাহ আবু সায়ীদের এত অনুপ্রেরণামূলক নির্দেশনা, শিক্ষার্থীদের কাছ থেকে জাফর ইকবাল ভাইয়ের এনার্জি নিয়ে নেওয়া—এগুলো কি সব সীমিত সময়ের জন্য?

আমরা আশঙ্কিত, ভীত। কিশোর-তরুণদের কি আমরা সামগ্রিকভাবে সর্বোচ্চ সীমায় দেখতে পাব না? আনিসুল হক বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘৫০ বছর পর তরুণেরাই এ দেশকে বিশ্বে প্রতিষ্ঠিত করে দেবে।’ কিন্তু এর উল্টোটি যদি হয়! কোনো সুলক্ষণ মোটা দাগে তো এখনো দেখছি না! আমরা আসলে কোথায় আছি? কেউ কি বলে দেবেন?

সুব্রত ব্যানার্জি, মিরপুর, ঢাকা।