আমরা মারামারি চাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে যখন ছাত্রলীগের নেতা-কর্মীদের সংগঠন করার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছিলেন, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা সংঘর্ষে লিপ্ত হন। একই দিনে বিএনপির চেয়ারপারসন যখন আন্দোলন-সংগ্রামের জন্য দলের নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিচ্ছেন, সেদিনই রাজশাহী মহানগর ছাত্রদলের দুই পক্ষ তাদের এক সভায় সংঘর্ষে লিপ্ত হয়।
রাজনীতিতে দুই দলের মধ্যে পাল্টাপাল্টি থাকলেও দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের মারপিটের দক্ষতায় অসাধারণ মিল দেখা যায়। শুধু অপরকে মেরেই তাঁরা ক্ষান্ত হন না, দলীয় অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়ে রক্তক্ষয়ী হাঙ্গামা সৃষ্টিতেও তাঁদের জুড়ি নেই। মারামারি শুধু নয়, খুনোখুনিতেও তাঁরা ওস্তাদ। চট্টগ্রাম বা রাজশাহীর ঘটনা সাগরে নিমজ্জিত হিমশৈলীর চূড়াটুকুমাত্র। কয়েক দিন আগে গুলশানে মধ্যরাতে যুবলীগের এক নেতা দলীয় অপর নেতা মিল্কিকে গুলি করে খুন করেন। এক আতঙ্কজনক পরিস্থিতির উদ্ভব হয়। এর রেশ এখনো কাটেনি।
দলের নেতা-কর্মীরা কেন এমন হিংস্র আচরণ করেন, তা সবাই জানেন। ক্ষমতায় থাকলে দলের নেতা-কর্মীরা যাঁর যাঁর এলাকায় আধিপত্য বিস্তারে তৎপর হয়ে ওঠেন। এলাকায় যাঁর প্রভাব-প্রতিপত্তি ও আধিপত্য থাকবে, তাঁর পক্ষে চাঁদাবাজি-টেন্ডারবাজি করে অগাধ অবৈধ সম্পদ আহরণের অবাধ সুযোগ সৃষ্টি হয়। যাঁদের দল ক্ষমতার বাইরে থাকে, তাঁদের দলের মধ্যেও প্রভাবশালী অবস্থান ধরে রাখার উপযোগিতা রয়েছে। কারণ, তাঁদের দল আজ না হোক কাল তো ক্ষমতায় আসবে। এখন থেকে
সামনের চেয়ারটি দখলে থাকলে একদিন তাঁদের ‘সুবর্ণ’ সুযোগ আসবেই। এ জন্যই এত অন্তর্দ্বন্দ্ব, এত মারামারি-কাটাকাটি।
দলের মূল নেতৃত্ব থেকে বারবার আদর্শের কথা বলা হয়। দেশের জন্য, দশের জন্য ত্যাগের কথা বলা হয়। কিন্তু কে শোনে কার কথা! নীতিকথা তাঁদের এক কান দিয়ে ঢোকে, আরেক কান দিয়ে বেরিয়ে যায়। কীভাবে লাখ লাখ টাকা কামাই করা যাবে, মন থাকে সেদিকে।
দলের প্রভাব খাটিয়ে অবৈধ অর্থ উপার্জনের সুযোগ বন্ধ না করে শুধু নীতিকথায় কোনো কাজ হবে না। এটা না বোঝার কোনো কারণ নেই।