
আমাদের অনেকের মনেই দুঃখ, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। আমাদের অনেকের মনেই আফসোস, আমরা মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি। একাত্তর সালের মার্চে আমার বয়স ছিল ছয়। আমি পড়ি বগুড়ার সোনাতলার একটা স্কুলের ক্লাস ওয়ানে। আমার স্পষ্ট মনে আছে, স্কুলে গেছি, এই সময় কলেজ থেকে ছাত্ররা এলেন, আমাদের নিয়ে গেলেন মিছিলে, আমরা মিছিলে যোগ দিলাম। ছোট্ট একটা বন্দর ছিল সেই সোনাতলা, একটা ছিমছাম রেলওয়ে স্টেশন ছিল, সিকি মাইল পথ পুরো বন্দরে, সেটাতেই চলল আমাদের মিছিল—‘বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, ভুট্টোর পেটে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো’। আরেক দিন ডাকবাংলোর মাঠে সবাই সমবেত হলো, বড়দের হাত ধরে আমিও গেলাম। সেদিন সবার হাতে ছিল একটা করে বাঁশের লাঠি। মার্চের একটা দিন কালো পতাকা তোলা হয়েছিল, সে কথাটাও মনে পড়ে।
তারপর তো শুরু হয়ে গেল যুদ্ধ। পালিয়ে চলে গেলাম আরও দুর্গম গ্রামে, যেখানে যেতে হলে একটা বিল পেরোতে হবে পাকিস্তানি সেনাদের। গোলাগুলি হচ্ছে, আমরা ঘরের মেঝেতে শুয়ে আছি, কিংবা বিমান আক্রমণ হবে শুনে ট্রেঞ্চ বানানো হলো, আজ রাতেই মিলিটারি আসবে শুনে ঘরবাড়ি ছেড়ে পালানো—কী ভয়ংকর দিনই না গেছে! তারপর এল ডিসেম্বর, নানাবাড়ির নদী পেরিয়ে চলে গেল সারি সারি ভারতীয় ট্যাংক, সামনে মুক্তিবাহিনী, তারপর আত্মসমর্পণ করল পাকিস্তানিরা। আমরা গ্রামের বাড়িতে রোজ রাতে মিছিল করতাম, আমিও যেতাম সে মিছিলে—‘জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব’।
আমি তো তবু মুক্তিযুদ্ধ কিছুটা দেখেছি। পুরোটা দেখিনি। পুরোটা কেই-বা দেখেছে। কিন্তু পুরোটা দেওয়ার জন্য প্রস্তুত ছিল অনেকেই। পুরোটা দিয়েছিল ৩০ লাখ মানুষ। আমাদের মায়েরা হয়ে উঠেছিলেন বীর মা, একাত্তরে হাসিমুখে সন্তানদের পাঠিয়েছিলেন মুক্তিযুদ্ধে। আমাদের কিশোরেরা, তরুণেরা জীবন-মৃত্যুকে পায়ের ভৃত্য জ্ঞান করে চলে গিয়েছিল যুদ্ধে। রুমীর কথা আমাদের বলতে হবে, কত বয়স ছিল তার, ১৮ কি ১৯, আদমজী কলেজ থেকে আইএসসি পাস করেছে, সম্মিলিত মেধাতালিকায় তার স্থান তৃতীয়, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে, ইপিইউটি, এখন যেটা বুয়েট। আবার ভর্তি হয়েছে ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজিতেও। আমেরিকায় যাওয়ার কথাও চলছে। সেই নিরাপদ সোনালি ভবিষ্যৎ পায়ে ঠেলে রুমী যেতে চায় যুদ্ধে। মা জাহানারা ইমামও বলে বসলেন, যা, তোকে দেশের জন্য কোরবানি করে দিলাম। সেই ছেলে নিজেকে কোরবানি করল দেশের জন্য। শুধু ঢাকার তরুণেরা তো নয়, গ্রামগঞ্জের কৃষক-শ্রমিক-রাখাল চলে গেল যুদ্ধে, আর সাধারণ গ্রামবাসী মুক্তিযোদ্ধাদের দিলেন আশ্রয়, সাহায্য-সহযোগিতা। যুদ্ধে গেল বাঙালি পুলিশ, ইপিআর, মিলিটারিরা। মায়েরা, বোনেরা কী যে সাহসিকতার পরিচয় দিলেন। কত ত্যাগও স্বীকার করতে হলো প্রত্যেককে। কিন্তু কী এক জাদুবলে পুরো জাতি হয়ে উঠল এক দেহ, এক প্রাণ। জয় বাংলা স্লোগান মুখে, শেখ মুজিবের তর্জনী যেন নক্ষত্রের আলোর মতো নির্দেশ করছে পথ, বাংলাদেশ লড়ল এক অবিস্মরণীয় লড়াই, ছিনিয়ে নিল স্বাধীনতা। যুদ্ধ জিতে ফিরে এল মুক্তিযোদ্ধারা, ফিরল না শহীদ রুমী, ফিরল না ৩০ লাখ রুমী, ফিরলেন না শহীদুল্লা কায়সারের মতো লেখক, ফজলে রাব্বির মতো চিকিৎসকেরা। বন্দিশিবির থেকে উদ্ধার করা হলো অযুত নির্যাতিত নারীকে।
আমাদের মায়েরা কী যে সাহসের পরিচয় দিয়েছিলেন। যেমন শহীদ আজাদের মা বন্দী ছেলেকে বলেছিলেন কোনো কিছু স্বীকার না করতে। ছেলে ভাত খেতে চেয়েছিল, ছেলের দেখা পরে তিনি আর পাননি, এরপরে এই মা আর কোনো দিন ভাত খাননি। একজন গ্রামীণ নারীর গল্প করেন মুক্তিযোদ্ধারা, তাঁর ঘরে আশ্রয় নিয়েছেন মুক্তিযোদ্ধারা। ভোরবেলা পাকিস্তানি সৈন্যরা আসছে শুনে সেই নারী দরজার চৌকাঠে বসলেন কোরআন শরিফ নিয়ে। মিলিটারিরা চলে গেল, মুক্তিযোদ্ধারা সরে গেল নিরাপদে। পরে তথ্য নিয়ে আবার ফিরে এল মিলিটারি, গুলি করে হত্যা করল ওই নারীকে। আমি একজন বাবার কথা জানি, তাঁর একমাত্র সন্তান শহীদ হয়েছে, এই খবর শুনে তিনি কাঁদছেন, কাঁদতে কাঁদতে বললেন, আমি এ জন্য কাঁদছি না যে আমার ছেলে মারা গেছে, আমি কাঁদছি এ জন্য যে আমার কেন মাত্র একটা ছেলে, আরেকটা ছেলে থাকলে তো আমি তাকে আজ যুদ্ধে পাঠাতে পারতাম।
আমাদের পরে যাদের জন্ম, তারা এসব কেবল বইয়ে পড়েছে, হয়তো ছবিতে দেখেছে, ফিল্মে দেখেছে। কিন্তু তারা টগবগ করে ফুটছে। তারা আফসোস করে, আহা, আমরা যদি জন্ম নিতাম ওই সময়ে, আমরাও তো যেতে পারতাম যুদ্ধে।
ওই আফসোস তো থেকেই যাবে। তবে একটা অবদান রাখার সুযোগ কিন্তু তরুণ প্রজন্মের সামনে এসে গেছে। আর তা এনে দিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে উঠছে, তাতে একটা ইট তো কিনতে পারি আমরা প্রত্যেকেই। দাম প্রতীকী—১০ হাজার টাকা। এ ছাড়া যেকোনো পরিমাণের অর্থ দিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তোলার সংগ্রামে অংশ নেওয়া যাবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সারোয়ার আলী বলেছেন, ‘আসলে আমরা চাই নতুন প্রজন্মের অংশগ্রহণ। আমরা যেন বলতে পারি, এই জাদুঘর গড়ে উঠেছে নতুন প্রজন্মের অনেকের অবদানের মধ্য দিয়ে।’
আমি মনে করি, এটা একটা সুবর্ণ সুযোগ। আসুন, এই সুযোগ কাজে লাগাই। অর্থ পাঠানো যাবে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে—অ্যাকাউন্ট নাম: মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ, নম্বর ১৫০১১০১৬৫৮৬৩৭০০১। বিকাশ নম্বর ০১৭৩০৬০০০৬২।
বিস্তারিত জানা যাবে: www.liberationwarmuseumbd.org
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।