আমাদের খাদ্য ও স্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এফডিএ) বাংলাদেশের কোম্পানি প্রাণ-এর তৈরি হলুদগুঁড়ায় বিপজ্জনক মাত্রায় সিসার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর আমাদের দেশের সংবাদমাধ্যমেও খবরটি চাঞ্চল্য সৃষ্টি করেছিল। কিন্তু তার ফলে এ দেশের বাজারে প্যাকেটজাত হলুদগুড়াঁসহ বিভিন্ন ধরনের মসলার কেনাবেচায় কোনো প্রভাব পড়েনি।
তার অর্থ এই নয় যে বাংলাদেশের বাজারে বিভিন্ন কোম্পানির তৈরি যেসব প্যাকেটজাত গুঁড়া মসলা বিক্রি হচ্ছে, সেগুলোতে কোনো সমস্যা নেই। ইংরেজি দৈনিক ডেইলি স্টার ঢাকা ও বান্দরবানের বিভিন্ন দোকান থেকে কাঁচা হলুদ, শুকনা, প্যাকেটজাত ও খোলা হলুদের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মাধ্যমে পরীক্ষা করিয়ে দেখতে পেয়েছে, শুকনো হলুদে সর্বোচ্চ ১৮২ পিপিএম পর্যন্ত সিসা রয়েছে। নমুনাভেদে প্যাকেটজাত হলুদগুঁড়ায় ৩ দশমিক ৪১ পিপিএম থেকে ৫৫ দশমিক ১৪ পিপিএম সিসার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। অথচ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ঘোষিত সহনীয় সিসার মাত্রা হচ্ছে ২ দশমিক ৫ পিপিএম।
বিসিএসআইআর বলেছে, বাজারের গুঁড়া হলুদে এত বেশি মাত্রায় সিসার উপস্থিতির অন্যতম প্রধান কারণ হলুদ রঙের লিড ক্রোমেটের ব্যবহার। এটি একটি রাসায়নিক পদার্থ, যা সাধারণত পেইন্টিং বা রং তৈরিতে ব্যবহার করা হয়। ক্রেতা আকর্ষণের উদ্দেশ্যে হলুদগুঁড়ার উজ্জ্বলতা বাড়াতে এই রাসায়নিক পদার্থ ব্যবহার করে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করা হচ্ছে। এই ঝুঁকি গোটা জাতির জন্য প্রযোজ্য। কারণ, বাংলাদেশে খাবার তৈরিতে হলুদের ব্যবহার ব্যাপক। কাঁচা হলুদে সহনীয় মাত্রার থেকেও অনেক কম সিসা পাওয়া গেছে, কিন্তু বাংলাদেশের বাজারে শুকনো হলুদগুঁড়ার ব্যাপক সরবরাহ থাকায় কাঁচা হলুদবাটার ব্যবহার দ্রুত হ্রাস পেয়েছে। ফলে ক্রমেই বেশিসংখ্যক মানুষ শুকনো হলুদগুঁড়ার সিসার বিষ খাদ্যের সঙ্গে গ্রহণ করছেন। সন্তানসম্ভবা নারী, প্রসূতি মা, সদ্যপ্রসূত শিশু ও শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য মাত্রাতিরিক্ত সিসা অত্যন্ত ক্ষতিকর।
মানসিক ও শারীরিক বৃদ্ধি ভীষণভাবে বাধাগ্রস্তকারী সিসার অস্তিত্ব শুধু হলুদগুঁড়াতেই না, আরও কত খাদ্যে রয়েছে, তা নিয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা হয়নি। হলুদ ছাড়াও অন্যান্য গুঁড়া মসলায় বাজার সয়লাব হয়ে আছে; সেগুলোও কী প্রক্রিয়ায় তৈরি করা হচ্ছে তা জানা নেই। এ ছাড়া ফলমূল, শাকসবজি, তরিতরকারি, মাছ, দুধ, মিষ্টান্ন, ফ্রুট জুস, টমেটো সস ও বিশেষত শিশুদের পছন্দের রকমারি তৈরি খাবারের মান নিয়ে দুশ্চিন্তার কারণ থাকলেও প্রকৃত পরিস্থিতি জানার উদ্যোগ নেই। খাদ্যদ্রব্যে কীটনাশক ও পচনরোধী রাসায়নিক পদার্থের ব্যাপক ব্যবহার চলছে; খাদ্য ও পানীয়তে মেশানো হচ্ছে রাসায়নিক রং। এবং কোনো ক্ষেত্রেই ন্যূনতম নিয়ন্ত্রণ নেই।
যুক্তরাষ্ট্রের এফডিএর মতো আমাদেরও একটি সরকারি প্রতিষ্ঠান আছে; কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নামের সে প্রতিষ্ঠানটি লোকবল থেকে শুরু করে সামগ্রিক সামর্থ্য, উদ্যম-আন্তরিকতার ঘাটতির কারণে যথেষ্ট কার্যকর নয়। ভেজাল, নিম্নমানের ও ক্ষতিকর উপাদানমিশ্রিত খাদ্যদ্রব্যের নেতিবাচক প্রভাব দীর্ঘ মেয়াদে একটি জাতির জন্য বিপর্যয়কর হতে পারে। সরকারের উচিত এ বিষয়ে দৃষ্টি দেওয়া; বিএসটিআইকে আরও কার্যকর করা।