আমাদের রক্ষা করবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি স্বনামধন্য কলেজের শিক্ষার্থী আমি। যে কলেজের ছাত্ররা ৯ জুন সোমবার ফুটবল খেলাকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে মেরে ফেলেছে। বহুদিন ধরে ভাচুর্য়াল জগৎজুড়ে যখন বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে চলছে স্ট্যাটাসযুদ্ধ, তখন বাস্তব জগতে সামান্য ফুটবল টুর্নামেন্ট নিয়ে খুন হয় এক স্কুলছাত্র। অনেকে অনেক ভাবে এর নিন্দা জানাচ্ছে, কলেজের বন্ধুরা নাকি লজ্জিত এই কলেজের শিক্ষার্থী বলে। অনেকে খুনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের ফাঁসির দাবিও জানাচ্ছে। নিঃসন্দেহে এটা তাদের মানবতার জায়গা থেকে করছে।
কিন্তু আমি একটুও লজ্জিত নই এই কলেজের শিক্ষার্থী বলে, আমি লজ্জিত, আমার এই সমাজে জন্ম হয়েছে বলে। এই সমাজের অন্যায়–অবিচারগুলো আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতে হচ্ছে বলে। এ ঘটনার জন্য কি শুধু ওই দুই ছাত্রই দায়ী? সমাজের কি কোনো ভূমিকা নেই? সকালে সূর্য উদয় হয়ে বিকেলে অস্ত যাওয়াটা যেমন একটা নিয়ম, তেমনি এই সমাজে মৃত্যুটাও একটা নিয়মে পরিণত হয়েছে। তাই এ ধরনের মৃত্যু এখন আমাদের হৃদয়–মনকে আলোড়িত করে না। আমরা খুঁজে দেখি না কেন এমনটা হয়। কিশোর বয়সী এই ছেলেমেয়েরা আজ অপরাধী হচ্ছে, নেশাসক্ত হচ্ছে, জীবনকে নষ্ট করে দিচ্ছে। কেউ জন্ম থেকে অপরাধী হয় না, নেশাসক্ত হয় না। কী তাদের অভাব? কেন তারা এ রকম করছে? এর পেছনে মনস্তত্ত্ব ঘেঁটে, ‘সাইকো থেরাপি’ দিয়েও কোনো ফল এখন আসছে না। কিশোর কিশোরীদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ কিন্তু মানুষের মন বা মননকাঠামো একান্তই নিজস্ব বায়বীয় কোনো বিষয় নয়। সমাজের মধ্যে থেকে বাস্তব পরিবেশের সঙ্গে দ্বন্দ্ব–সংঘাতের মধ্য দিয়ে চেতনা তৈরি হয়। সমাজকে দেখে সে শেখে, সমাজ চিন্তা তার মধ্য দিয়ে ব্যক্তি চিন্তা হিসেবে প্রকাশিত হয়। তাই আয়াজ হত্যাকারী জিসানরা যে মানসিকতার জায়গা থেকে আয়াজকে হত্যা করেছে, তা শুধু তার একার মানসিকতা নয় সমগ্র সমাজব্যবস্থার মানসিকতা, যা জিসানদের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। তাই এ ঘটনার কারণ খুঁজতে হবে সমাজের মধ্যেই। তার সমাধান প্রত্যেক কিশোর-কিশোরীর মধ্যে আলাদাভাবে খুঁজে লাভ নেই। কিংবা শুধু এই গুটি কয়েক শিক্ষার্থীকে ফাঁসি দিয়েও সমাধান আসবে না; বরং সামাজিক কারণকে নির্মূল করতে পারলে গোটা প্রক্রিয়াকে বন্ধ করা যাবে। যে সমাজ জন্মের সঙ্গে সঙ্গে আমাদের শেখায় ‘নিজে বাঁচলে বাপের নাম’, পড়াশোনার সার্থকতা হিসেবে শুধু গাড়িতে চড়তেই শেখায়। শিশুর কোমল মনকে হত্যা করতে হাজার হাজার কোটি টাকার নেশাদ্রব্য আমদানি করে, সেই সমাজে শুধু জিসানদের বিচার করলেই কি সমাধান আসবে?
ধরে নিচ্ছি, আয়াজ হত্যাকারীদের বিচার করলে এ ঘটনার একটি সমাধান হবে, কিন্তু ঘুণে ধরা এই সমাজে প্রতিনিয়ত আমাদের মনকে ধ্বংস করার যে আয়োজন চলছে, যে অপরাধের সৃষ্টি হচ্ছে, তা থেকে আমাদের রক্ষা করবে কে?
রেসাত আমিন, ঢাকা সিটি কলেজ, ঢাকা৷