আমি, আমরা আর মামুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপোতাক্ষ নদের জমি দখল করে মাছের আড়ত তৈরির গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার তালা ও খুলনার পাইকগাছা উপজেলার মাঝ বরাবর প্রবাহিত নদের এই অংশের জায়গাজুড়ে নির্মাণকাজ চলছে। আগে রাস্তার পাশ ঘেঁষে মাত্র ১০টি কাঁচা ঘরের আড়ত ছিল। বাঁশ ও চাটাইয়ের তৈরি ঘরের পরিবর্তে এখন নদের ভেতরের জমিতে রাতারাতি তোলা হচ্ছে ৪০ কক্ষের এক বিশাল পাকা ইমারত।
দেশের নদ-নদী ও প্রাকৃতিক জলাশয় রক্ষার সরকারি নীতির প্রতি কোনো ধরনের তোয়াক্কা না করে একশ্রেণীর ভূমিদস্যু এই অশুভ তৎপরতা চালাচ্ছে। স্থানীয় সাংসদের আশীর্বাদ থাকায় এই গোষ্ঠী দুর্দমনীয় হয়ে উঠেছে। সঙ্গে আছেন ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা। ব্যাপারটা দাঁড়িয়েছে যেন এ রকম: আমি, আমরা আর মামুরা একজোট যখন হয়েছি, আর আমাদের পায় কে?
এদিকে কপোতাক্ষ নদ মৃতপ্রায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভরাট হয়ে যাচ্ছে। সেই নদীতে প্রাণসঞ্চারের জন্য মাত্র বছর দুয়েক আগে সরকার কপোতাক্ষ খননের জন্য ২৬২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। নদীই যদি মরে যায়, মাছের আড়তে মাছ আসবে কোথা থেকে? এখন পুরো টাকাটাই বরবাদ!
কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের নেতারা উদ্বিগ্ন। নদ ভরাট করে ফেললে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছেন সবাই। কিন্তু কে শোনে কার কথা।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা বসে নেই। তিনি একজন সেকশন অফিসারকে মাপ-জরিপ করে প্রতিবেদন দিতে বলেছেন। তত দিনে নদ দখল সম্পন্ন হয়ে যাবে হয়তো। তখন অন্তত বলা যাবে, চেয়েছিলাম কিছু করতে, কিন্তু এখন তো কম্ম কাবার, কী আর করব?
স্থানীয় ইউপি চেয়ারম্যান বৈঠক করে নদ দখলের বিরুদ্ধে একটি সিদ্ধান্ত নিয়ে চিঠি দিয়েছেন বিভিন্ন দপ্তরে। কিন্তু যেখানে সাংসদের শ্যেনদৃষ্টি পড়েছে, সেখানে তিনি তো কোন ছার! অভিযুক্ত সাংসদ স্বীকার করেছেন যে তাঁর লোকজন এ কাজ করছেন, কিন্তু তাঁরা নাকি ‘একটু বেশি করে ফেলেছে।’ বেশ তো, তাহলে এবার তাঁদের বাড়াবাড়িটা বন্ধের ব্যবস্থা করুন। এ জন্য তো একটা নির্দেশই যথেষ্ট।