আমি ও নাগরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রতিবারই নির্বাচনের সময় সরকার জোর করে ক্ষমতায় থাকার পাঁয়তারা করত না, যদি তারা বিশ্বাস করত, তাদের আমলে দেশে যথেষ্ট উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং জনগণ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আবারও নিশ্চয়ই ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেবে। আজকে বড় খুশি হতাম, যদি বাধ্য করত সরকার যে হরতালের নামে কোনো মানুষ হত্যা করা যাবে না। পোশাক কারখানার দরিদ্র মেয়েদের তেঁতুল মনে করে মুখে লালা বের করা যাবে না, অথবা খোলা জায়গায় ধূমপান করা যাবে না। এই বিষয়গুলোর সঙ্গে দেশ ও সাধারণ মানুষের মঙ্গল জড়িত। অথচ আজ সংবিধান মানা না-মানা নিয়ে এমন গৃহযুদ্ধ শুরু হয়েছে, যার সঙ্গে জনগণের কোনো স্বার্থ বা সম্পর্ক নেই। যে সরকারই ক্ষমতায় থাক, সাধারণ মানুষের জীবনে কোনো মৌলিক পরিবর্তন যে হবে না, তা স্পষ্ট। এই ৪০ বছরে চলেছে সরকার অদলবদলের প্রতিযোগিতা। ক্ষমতায় গিয়ে যদি নিজেদের সুবিধামতো সংবিধান বানিয়ে সবাইকে তা মানতে বাধ্য করা হয়, তাহলে হয়তো ভবিষ্যতে কোনো বিরোধী দলও ক্ষমতায় গিয়ে এমন একটি আইন বানাতে পারে যে আগামী ১৫ বছর তারা ক্ষমতায় থাকবে।
আমরা সাধারণ মানুষ। গণতন্ত্র বলতে বুঝি নারী-পুরুষ বৈষম্যহীন সমাজ, ধর্মনিরপেক্ষতা ও নিরপেক্ষ বিচার বিভাগ। সর্বোপরি, মানুষের সুস্থ-স্বাধীনভাবে বাঁচার অধিকার, যেমন হরতাল না মানাকেও আমি নাগরিক অধিকার, তথা গণতন্ত্রের সংজ্ঞায় রাখতে চাই।
সরকার ও বিরোধী দল বাংলাদেশের অভিভাবক, কিন্তু এই দেশটি তাদের ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি স্বাধীন রাষ্ট্র; এখানে সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে এ দেশের প্রত্যেক নাগরিকের। আপনাদের ক্ষমতার যুদ্ধে সাধারণ মানুষের জীবন বিপন্ন করার কোনো অধিকার নেই।
রবিউল করিম
ঢাকা।