চলছে আমের মৌসুম। রসাল আর সুস্বাদু ফল হিসেবে আমের কদর সর্বত্র ও সর্বজনীন। আম, জাম, কাঁঠাল, কলাসহ নানাবিধ ফলদ বৃক্ষে একসময় ভরপুর ছিল বাংলার গ্রামগুলো। প্রায় প্রতিটি বাড়িতে, বাড়ির আশপাশে ও বাগানে ছিল আমের গাছ। গ্রামীণ জনপদে বেড়ে ওঠা প্রায় প্রত্যেকের দুরন্ত কৈশোরের সঙ্গে স্মৃতিময় হয়ে আছে গাছে উঠে আম খাওয়া অথবা আম কুড়ানোর বিষয়টি। এ সময় প্রতিবেশী অথবা নিকটাত্মীয়ের বাড়িতে আমসহ অন্যান্য ফল পাঠানো আমাদের শাশ্বত ঐতিহ্যেরই অংশবিশেষ। যাপিত জীবন কঠিন হয়ে যাওয়ায় মানুষ এখন আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। এখন বাণিজ্যিকভাবে আমের উৎপাদন হচ্ছে। উৎপাদনকারী ছাড়া অন্যরা এখন প্রায় ক্রয় করে আম খাওয়ার ওপর নির্ভরশীল।
বর্তমানে শহরকেন্দ্রিক জীবনে সরাসরি গাছ থেকে আম পেড়ে খাওয়ার সুযোগ নেই বললেই চলে। কিনে আম খাওয়ার ওপরই নির্ভরশীল শহুরে মানুষ। বাহারি রঙের আম পাওয়া যাচ্ছে শহরের ছোট-বড় ফলের দোকানে, রাস্তায়, মোড়ে অথবা ভ্রাম্যমাণ বিক্রেতার কাছে। বিক্রি হলে অথবা না হলেও কীভাবে আমগুলো দিনের পর দিন তরতাজা থাকছে, তা আমাদের সবার জানা।
সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, প্রায় সব বিক্রেতাই সাইনবোর্ড দিয়ে লিখে রেখেছে ‘১০০% ফরমালিনমুক্ত আম’। বাজারে যেন ফরমালিনযুক্ত আম বিক্রি না হয়, এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ (প্রশাসন) সম্প্রতি মহৎ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। প্রত্যাশা করি, এ উদ্যোগের সফল বাস্তবায়ন সম্ভব হবে। পাশাপাশি ব্যাপক সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা ‘ভেজালমুক্ত খাবার’ নিশ্চিত করতে পারি। শুধু আম নয়, সব রকম খাদ্য হোক ফরমালিনমুক্ত।
মোহাম্মদ শরীফ
শিক্ষক ও লেখক, ঢাকা।