বিরোধী দলের অবরোধ কর্মসূচি আরও তিন দিন বাড়িয়ে আগামী শুক্রবার সকাল পর্যন্ত প্রলম্বিত করা হয়েছে। গত রোববার রাতে দলে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি প্রকাশ্য সংবাদ সম্মেলন করে একতরফা নির্বাচন বন্ধের দাবি জানালেও গতকাল অবরোধ কর্মসূচি বাড়ানোর ঘোষণা এসেছে অজ্ঞাত স্থান থেকে। অন্যদিকে, সরকার ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের দিকে এগোচ্ছে বলে ধারণা করা যাচ্ছে। নির্বাচন ক্ষমতা হস্তান্তরের একমাত্র গণতান্ত্রিক উপায় হলেও বিরোধী দলহীন নির্বাচন সংকট নিরসন তো করবেই না, বরং দেশকে স্থায়ীভাবে সংঘাতের দিকে ঠেলে দেবে।
বিরোধী দলের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যখন সহিংসতা চলছে, তখন জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। দেশবাসীর কায়মনো প্রত্যাশা, তাঁর মধ্যস্থতা সফল হোক।
পরিসংখ্যান বলছে, অতীতের যেকোনো আন্দোলনের তুলনায় এবারে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় প্রাণহানির সংখ্যা এবং সম্পদহানির পরিমাণ অনেক বেশি। অবরোধের পাশাপাশি জাতীয় ও স্থানীয়ভাবে হরতাল পালিত হচ্ছে। অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় নিরীহ মানুষ মারা যাচ্ছে, চলন্ত রেল-বাস-ট্রাক জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘস্থায়ী অবরোধের কারণে জনজীবনই শুধু অচল হয়নি, স্থবির হয়ে পড়েছে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য। যানবাহনের অভাবে খাদ্যসহ জরুরি পণ্যের পরিবহন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। চার কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন হওয়াও উদ্বেগের বিষয়। বছরের প্রথম দিন প্রাথমিক-মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার রেওয়াজও এবার বাধাগ্রস্ত।
অন্যদিকে সরকারও বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বোমাবাজ, নাশকতাকারীদের ধরতে না পারলেও বিরোধী দলের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করে জেলে পাঠাচ্ছে, রিমান্ডে নিচ্ছে।
বিরোধী দলের মানুষ হত্যা আর সম্পদ ধ্বংসের কর্মসূচি যেমন কাম্য নয়, তেমনি যেকোনো উপায়ে একতরফা নির্বাচন করার চেষ্টাও গ্রহণযোগ্য হতে পারে না। এভাবে দেশ চলতে পারে না। ব্যবসায়ী নেতারা দুই নেত্রীর বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছেন। দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ বর্তমান অনিশ্চিত ও সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে গভীরভাবে উদ্বিগ্ন। অর্থনীতি কষ্টে আছে বলে অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। অর্থনীতি ও মানুষের কষ্ট লাঘবের দায়িত্ব কার?
আমরা আশা করব, অবিলম্বে সরকার ও বিরোধী দল আলোচনায় বসে নির্বাচনের ব্যাপারে একটি সমঝোতায় আসবে। গণতন্ত্র রক্ষা কিংবা একতরফা নির্বাচনের নামে আর কত প্রাণহানি দেখতে হবে? আর কত খাণ্ডবদাহন? আমরা দুই পক্ষকেই ধ্বংসযজ্ঞ ও দমন-পীড়ন থেকে বিরত থাকার আহ্বান জানাই।