গত ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা তিন দিনের হরতালে ১৪টি তাজা প্রাণ ঝরে গেল। সহিংস হরতাল আমাদের রাজনীতিতে ক্যানসার হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই রাজনীতির উপহার হলো একটার পর একটা লাশ। বাংলাদেশে বিগত কয়েক দশকের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এ দেশে মাৎস্যন্যায় চলছে। মাৎস্যন্যায় হলো মাছের মতো অবস্থা। বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক তেমনি আমাদের রাজনীতিবিদদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। এ কোন ধরনের গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি? যেখানে মানুষের জীবনের কোনো মূল্যই নেই!
আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে বলতে চাই, যে লোকগুলো মারা গেলেন তাঁদের ঘরের পাশে কান পেতে শুনুন তাঁদের ছেলে বা মেয়েটি কীভাবে আব্বা-আব্বা বলে চিৎকার করছে, তাঁদের মা-বাবা থাকলে কীভাবে সন্তানের জন্য আহাজারি করছেন, তাঁদের স্ত্রী থাকলে কীভাবে স্বামীর জন্য ছটফট করছেন।
দেশে যখন রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়, তখন সমাজে অত্যাচার ও নিপীড়ন বাড়ে। সর্বত্র চুরি, ডাকাতি ও রাহাজানি বাড়ে। ব্যক্তিগত হিংসা-বিদ্বেষ রাজনৈতিকভাবে মেটানোর চেষ্টা করে। সমাজের সব ক্ষেত্রে অরাজকতা বাড়ে। রাজনৈতিক সংকট নিরসন না হওয়ায় কারণে আমরা সেই অবস্থাই দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সংকট সমাধান মুহূর্তের ব্যাপার মাত্র। রাজনীতিবিদদের বোঝা উচিত, কোনো কিছুর বিনিময়ে একটি হারানো জীবন ফিরিয়ে পাওয়া যায় না।
আমি মনে করি, সংকট নিরসনের জন্য সরকারকেই প্রথমে দুই পা এগিয়ে আসতে হবে এবং পাশাপাশি সংলাপ ও সমঝোতার জন্য বিরোধী দলকে দুই পা পেছালে হবে না।
মো. মশিউর রহমান
রবিরবাজার শাখা, মৌলভীবাজার।