আর টালবাহানা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার নির্বাচন কমিশন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করলেও ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি। এর আগে বলা হয়েছিল, আদালতের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এখন আর বাধা নেই। এখন মনে হচ্ছে, আইনি বাধা না থাকলেও অন্য রকম বাধা আছে। আর সে কারণেই স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন দুই বিপরীত অবস্থানে রয়েছে।

ঢাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও ওয়ার্ড সীমানা নির্ধারিত না হওয়ায় সুলতানগঞ্জকে বাদ রেখেই নির্বাচন করার সুপারিশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু নির্বাচন কমিশনের আশঙ্কা, সে রকম সিদ্ধান্ত নিলে আবার আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে এবং নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে। একটি এলাকার সীমানা নির্ধারণ কি খুবই কঠিন কাজ? তাহলে এত দিনেও স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই কাজটি কেন করতে পারল না? তাদের ব্যর্থতা ও গাফিলতির দায় কেন নগরবাসী নেবে?

অনেকেই মনে করছেন, সরকার চায় না বলেই ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে না। না হলে দেশের সব সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় সরকার সংস্থায় মেয়াদ শেষে নির্বাচন হতে পারলে এ দুটি কেন আটকে রইল? ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০০২ সালে এবং মেয়াদ শেষ হয় ২০০৭ সালে। এরপর ছয় বছর পার হয়ে গেলেও ঢাকার নাগরিকেরা নির্বাচিত প্রতিনিধি থেকে বঞ্চিত রয়েছেন। নির্বাচিত নয়—এ অজুহাতে সরকার তত্ত্বাবধায়কব্যবস্থা বাতিল করে দিয়েছে। কিন্তু দেশের বৃহত্তম স্থানীয় সরকার সংস্থা দুটির নির্বাচন ঠেকিয়ে রাখার কী যুক্তি? বিভিন্ন মহলের আপত্তি সত্ত্বেও ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়। তখন বলা হয়েছিল, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এটি করা হয়েছে। কিন্তু সম্প্রতি এক জরিপে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি নাগরিক সেবা নিয়ে আদৌ ভাবিত নয়। আমলাচালিত দুই সিটি করপোরেশনের প্রশাসনিক ব্যয় যতই বাড়ছে, নগরবাসীর সুযোগ-সুবিধা ততই কমছে।

তাই সিটি নির্বাচন নিয়ে আর টালবাহানা নয়, অবিলম্বে তফসিল ঘোষণা করে নগরবাসীকে প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হোক। একই সঙ্গে ঢাকা শহরে সভা-সমাবেশ করার ওপর যে লিখিত ও অলিখিত নিষেধাজ্ঞা আছে, তা-ও তুলে নিতে হবে।

ইতিমধ্যে বিরোধী দল থেকে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সভা-সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষিত হলে সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থক রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় নিজেদের নিয়োজিত রাখবে। সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা নয়, বরং নগরবাসীর গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগই হতে পারে আইনশৃঙ্খলা রক্ষার সর্বোত্তম উপায়।