আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কী বলছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ, তার গোয়েন্দা বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কর্তৃপক্ষ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—সবই আছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপহরণ, খুন ও গুমের মতো গুরুতর অপরাধগুলোর রাশ টানতে পারছে না; বরং দিন দিন এসব অপরাধ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিমন্ত্রী কী করছেন? তিনি অপহূত ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনা চাক্ষুষ করছেন টেলিভিশনের পর্দায়!
নারায়ণগঞ্জে অপহূত সাতজনের একজন, সিটি কাউন্সিলর নজরুল ইসলামের মা যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানকে টেলিফোনে বললেন, ‘বাবা, ও বাবা! আমার ছেলেকে পাওয়া গেছে! শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসছে, টেলিভিশনে দেখেন,’ তখন প্রতিমন্ত্রী টেলিভিশনে সেই দৃশ্যই দেখছিলেন। কী নির্মম পরিহাস আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরের! খুন হয়ে যাওয়া ছেলের মা খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে টেলিফোনে বলছেন, ‘বাবা, পারলেন না, আমার ছেলেকে বাঁচাতে!’
অথচ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে বলেছিলেন, দু-এক দিনের মধ্যেই ‘বড় একটা কিছু হবে’। একের পর এক অপহরণ, খুন ও গুমের ঘটনা ঘটে চলেছে, অথচ এসব অপরাধের বিরুদ্ধে ‘বড়’ পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশের প্রয়োজন কেন হবে, তা কোনোভাবেই বোধগম্য নয়। আবার গতকাল শুক্রবার তিনি বললেন, ‘পরিস্থিতি শান্ত না হলে আমরা কোনো আসামিকেই গ্রেপ্তার করতে পারছি না।’ এ বক্তব্য বিস্ময়কর। পরিস্থিতি শান্ত হবে কীভাবে? কারা কোথা থেকে এসে পরিস্থিতি শান্ত করে দিয়ে যাবে? আসলে ‘পরিস্থিতি’ বলতে কী বুঝিয়েছেন তিনি? সেই ‘পরিস্থিতি’ শান্ত করার দায়িত্ব কার? তিনি আরও বলেছেন, ‘আমরা যাদের ধরতে চাচ্ছি, তারা তো আর লোকসমক্ষে নেই, অনেকেই আত্মগোপনে চলে গেছে!’ এ কেমন ধারার কথা? খুনিরা আত্মগোপনে না গিয়ে কি জনসমক্ষে ঘুরে বেড়াবে? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর লোক-লস্করদের যেন তাদের গ্রেপ্তার করতে সুবিধা হয়? কী বিস্ময়! কী বিস্ময়!
অপহরণ, খুন ও গুমের মতো গুরুতর অপরাধের হোতাদের গ্রেপ্তার ও বিচার করার ক্ষেত্রে দেশের আইন প্রয়োগব্যবস্থা স্পষ্টতই অকার্যকর হয়ে পড়েছে। নইলে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ কেন খুনি অপহরণকারীদের গ্রেপ্তার করতে পারছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিমন্ত্রী কি আইনশৃঙ্খলা রক্ষাব্যবস্থার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন? তাহলে তাঁর কী করা উচিত? দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর দৃষ্টান্ত কি সামনে নেই?
আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে; তিনিও বা এসব ব্যর্থতার দায় এড়াবেন কী করে?