আগামী সপ্তাহে আবারও হরতাল। কিন্তু দিন-তারিখ এখনো ঠিক করা হয়নি। ধরণা করা হচ্ছে, এর একটি কারণ, ওই সময়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের বাংলাদেশ সফর। যদি তাই হবে তবে দেশ নয়, সরকার নয়, জনগণ নয়, বিএনপি হরতাল স্থগিত বা তারিখ পরিবর্তনে মাথায় রাখছে একজন বিদেশি প্রতিনিধির সফর। রাজনৈতিক দল হিসেবে এটা তাদের জন্য গৌরব নয়। বাংলাদেশের বড় দলগুলোর রাজনৈতিক সংস্কৃতিতে বিদেশি মুখাপেক্ষিতা কত প্রকট, এ ঘটনা তার একটি উদাহরণ।
জনদুর্ভোগ, প্রাণহানি, শিক্ষার্থীদের পরীক্ষা—কিছুই বিএনপির যে হরতাল-জোশ কমাতে পারেনি, তা কমিয়েছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আগমন? গত ১৯ দিনে হরতাল হয়েছে ১০ দিন। অর্থাৎ, এই ১৯ দিনে জাতীয় জীবনের অর্ধেকেরও বেশি সময় হরতালের গ্রাসে হারিয়ে গেছে। যথারীতি সরকার হরতালের বিরোধিতা করছে। কিন্তু সেই বিরোধিতা ন্যায্য হতো, যদি অতীতে তাদের হরতাল করার ইতিহাস না থাকত বা ভবিষ্যতে হরতাল করবে না, এমন নিশ্চিত প্রতিশ্রুতি দিতে পারত।
গত কিছুদিনের হরতাল-সন্ত্রাসে নিহত হয়েছেন ২৬ জন মানুষ, আহত হাজারেরও অধিক। সরাসরি অগ্নিদগ্ধ ৭৬ জন। এই যাঁরা নিহত হলেন, যাঁরা দগ্ধ হলেন, যাঁরা আহত হলেন তাঁরা স্বেচ্ছায় কোনো রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠার জন্য জীবন দেননি, তাঁদের জীবন কেড়ে নিয়েছে সহিংসতা। এত মৃত্যুতে বিরোধী দলের যেমন বিকার নেই, তেমনি সরকারের দিক থেকেও নেই প্রতিকার। সরকারি দল ও সরকারের নেতা-নেত্রীদের কাছে নিহত ব্যক্তিদের সংখ্যা কেবল বিরোধী দলকে দোষারোপ করার অস্ত্র মাত্র।
সরকার হরতাল দমনের জন্য বিএনপির পাঁচ নেতাকে আটক করেছে, তাঁদের ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এভাবে বিরোধী দলের নেতাদের ঢালাওভাবে গ্রেপ্তার করা ও রিমান্ডে পাঠানোর মধ্য দিয়ে সরকার রাজনৈতিক সংঘাতকে আরও উসকে দিল। অথচ এ সময়ে সরকারের কাছ থেকে যুক্তিসংগত ও সহিষ্ণু আচরণই প্রত্যাশিত ছিল। আমরা নতুন কোনো হরতাল বা সরকারের কঠোর অবস্থান—কোনোটাই দেখতে চাই না।