আরও কিছু ভবিষ্যদ্বাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ:তুলি
অলংকরণ:তুলি

আমার ভবিষ্যদ্বাণী দুই ধরনের। একটি স্রেফ হূদয় থেকে বলা, আরেকটি পর্যবেক্ষণ থেকে। হূদয় থেকে বলা ভবিষ্যদ্বাণী অনেক সময়ই ফলে না। যেমন: পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপ খেলার শুরুতেই মনে হলো আজ বাংলাদেশ জিতবে। এত তীব্রভাবে পাকিস্তানের সঙ্গে বিজয় প্রত্যাশিত ছিল যে আমি যা কখনোই প্রায় করি না, তা-ই করে বসলাম। ফেসবুকে স্ট্যাটাস দিলাম, আজকে আমরা জিতব। এও লিখলাম, পাকিস্তান আর ভারতের সঙ্গে বিজয় বিশেষ ধরনের সুখকর। পাকিস্তানের সঙ্গে জিততে পারেনি সেদিন বাংলাদেশ। মন খারাপ করে সিদ্ধান্ত নিই, বাংলাদেশের খেলায় ভবিষ্যদ্বাণী আর করব না আমি।
আমার রাজনৈতিক ভবিষ্যদ্বাণী ঠিক ভবিষ্যদ্বাণী ধরনের নয়। এটি দীর্ঘকাল ধরে দেশের রাজনীতি পর্যবেক্ষণের ফলাফল। আমার এ ধরনের ভবিষ্যদ্বাণী মাত্র দু-একবার বিফলে গেছে। যেমন: ২০০৮ সালের ডিসেম্বরের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে নির্বাচনের দু-এক দিন আগে এমন অভিমত ব্যক্ত করি আমি। সে সময় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন এইচ টি ইমাম। তিনি নিজে প্রথম আলোর কাছে এই আশাবাদ ব্যক্ত করেন যে নির্বাচনে আওয়ামী লীগ ও তার জোট ১৭০টির মতো আসনে বিজয়ী হবে। তাঁর বক্তব্যও সত্যি হলে নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হলো না, আওয়ামী লীগ ও তার জোটসঙ্গীরা অচিন্তনীয়ভাবে প্রায় ২৫০টি আসন পেয়ে বিজয়ী হলো। ওয়ান-ইলেভেন সরকারের জাঁতাকলে পিষ্ট দেশবাসী তখন পুনরায় গণতন্ত্রের স্বাদে মাতোয়ারা হয়ে উঠেছিল। নির্বাচনের ফলাফলে কিছু কিছু ভোটকেন্দ্রে আশাতিরিক্ত ভোট পড়ার পিলে চমকানো কিছু তথ্যও (যেমন, অর্কেস্ট্রেইড ইলেকশান  নামের গ্রন্থের প্রকাশিত তথ্য অনুযায়ী, সাড়ে তিন হাজারেরও বেশি ভোটকেন্দ্রে প্রায় ৯৪ শতাংশের বেশি ভোট পড়া, ৪৩টি কেন্দ্রে ১০০ শতাংশ ভোট পড়া) কেউ তাই বিবেচনায় নিতে আগ্রহী হলো না। বিএনপি তাদের আমলে এত বেশি দুর্নীতি আর অত্যাচার করেছিল যে নির্বাচনে তাদের বেহাল অবস্থার প্রতি কারও সহানুভূতি থাকার কথাও ছিল না।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে ভুতুড়ে কর্মকাণ্ড উদ্ঘাটনে বিএনপি চরম ব্যর্থতার পরিচয় দেয়। যেমন, এই নির্বাচনে বহু কেন্দ্রে যে অস্বাভাবিক ভোট পড়েছে, এই তথ্য-প্রমাণসংবলিত একটি পুস্তক প্রকাশ করতে তাদের সময় লেগে যায় প্রায় চার বছর ১০ মাস! এ ছাড়া একজন পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মহাসচিব নির্বাচন, বিভিন্ন কমিটি, বিশেষ করে ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন, জনগুরুত্বপূর্ণ ইস্যুতে শক্তিশালীভাবে নিজের অবস্থান জানানোসহ বিভিন্ন কর্মকাণ্ডে দলটির স্থবিরতা অনুধাবন করতে আওয়ামী লীগের মতো ঝানু দলের কোনো সমস্যা হয়নি। আওয়ামী লীগ ঠিক এই সুযোগই গ্রহণ করে। ২০১৪ সালের নির্বাচনে যে করেই হোক জেতার সিদ্ধান্ত আওয়ামী লীগ যে বহু আগেই গ্রহণ করে, তার একটি বড় প্রমাণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলুপ্তি।

আওয়ামী লীগের পক্ষে ২০১৪ সালের নির্বাচনে ক্ষমতা হারানোর ঝুঁকি গ্রহণও সম্ভব ছিল না। নির্বাচনে হারলে বিএনপির সরকারের হাতে প্রতিশোধমূলক জেল-জুলুম এমনকি ক্রসফায়ার-গুম এবং জামায়াতের হাতে খুন হওয়ার ভয় ছিল। ভয় ছিল অত্যন্ত বিব্রতকর মামলায় জড়িয়ে জনগণের কাছে অপদস্থ হওয়ার। আশঙ্কা ছিল সংবিধান পরিবর্তনের মাধ্যমে বঙ্গবন্ধুর নবনির্মিত স্ট্যাটাসসহ পঞ্চদশ সংশোধনীর বহু কিছু উল্টে যাওয়ার। এই ঝুঁকি আওয়ামী লীগের পক্ষে নেওয়া সম্ভব নয়। কাজেই দশম সংসদের নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, এমনকি বিএনপি অংশ নিলেও। আওয়ামী লীগের জন্য অবশ্য বেটার অপশন ছিল বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখা, সেটি করতে ব্যর্থ হলে নির্বাচনে বেপরোয়া কারচুপি করে জিতে আসা। ঠিক এ কথাই আমি লিখি গত বছর ২৩ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘আবার আওয়ামী লীগ সরকার’ নামের নিবন্ধে। আমার ভবিষ্যদ্বাণীর প্রথম অংশ সঠিক হয়েছে, দ্বিতীয় অংশটি হওয়ার সম্ভাবনাও যে উজ্জ্বল ছিল, তার প্রমাণ সাম্প্রতিক উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বেপরোয়া কারচুপি এবং এর সহায়ক ভূমিকা পালন করতে নির্বাচন কমিশনের নগ্ন ভূমিকা।  

উপজেলা নির্বাচনে কারচুপির বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলের আলামত দেখে, ৭ মার্চ প্রথম আলোয় প্রকাশিত ‘পরাজয়ে ডরে না বীর’ লেখায় আমি স্পষ্টভাবে বলি যে আগামী ধাপের নির্বাচনগুলো অধিকতর কারচুপি, সন্ত্রাস ও জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থীরা উত্তরোত্তর আরও বেশি আসনে জয়ী হবেন। আসলে তা-ই হয়েছে।

২. গত কয়েক মাসে আমি দৃঢ়ভাবে একটি কথা বলে চলেছি। আবারও বলছি, আওয়ামী লীগের বর্তমান সরকার কোনোভাবেই আগাম নির্বাচন দেবে না। বিএনপি যদি ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে শান্তিপূর্ণ জনসভা করে সয়লাব করে দেয়, আবারও উপর্যুপরি হরতাল করে দেশকে অচল করে দেয়, তবু নির্বাচন দেওয়া হবে না। আগাম ও গ্রহণযোগ্য পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে আওয়ামী লীগকে বাধ্য করা সম্ভব কেবল ব্যাপক ও দৃঢ় গণ-আন্দোলনের মাধ্যমে। বিএনপিকে এমন গণ-আন্দোলন গড়ে তোলার অবকাশ ও সামর্থ্য অর্জন করতে দেবে না সরকার। বিএনপির নেত্রীকে নিঃসঙ্গ করে (এমনকি প্রয়োজনে বন্দী করে), বিএনপির বিশ্বস্ত ও দক্ষ নেতাদের জেলে পাঠিয়ে, অযোগ্য ও সন্দেহজনক নেতাদের খালেদা জিয়ার আশপাশে রেখে, অনুগত বা ভীতসন্ত্রস্ত মিডিয়াকে ব্যবহার করে ব্যাপক অপপ্রচারণা চালিয়ে ব্যাপক আন্দোলনের সম্ভাবনাকে অঙ্কুরে বিনাশ করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবে সরকার।

আওয়ামী লীগের জন্য বিএনপির আন্দোলন বানচাল করার কিছু ট্রাম্পকার্ডও রয়েছে। সবচেয়ে বড় ট্রাম্পকার্ড হচ্ছে জামায়াত ও যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যু। ২০১০ সালে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর আমি বহু লেখায় এই মহতী উদ্যোগের প্রশংসা করেছিলাম। কিন্তু অব্যাহতভাবে এটিও বলেছিলাম, এই বিচার আওয়ামী লীগ সামনের নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যাবে এবং নির্বাচনী ইস্যু হিসেবে ব্যবহার করবে। যুদ্ধাপরাধী হিসেবে দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার ফাঁসির পর আওয়ামী লীগ স্পষ্টভাবে বলেছে, বাকিদের ফাঁসি কার্যকর করতে চাইলে তাদের সমর্থন করতে হবে। নির্বাচন শেষ হয়েছে, আওয়ামী লীগের এখন এসব বিচার বা ফাঁসি নিয়ে আগ্রহ থাকার কথা না তেমন। নির্বাচনের পর যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তাই প্রশ্নবিদ্ধ দীর্ঘসূত্রতা চলছে। আমার ধারণা, বিএনপি আগামী শীতে বড় কোনো আন্দোলনের উদ্যোগ নিলেই কেবল আওয়ামী লীগ এবং তার অনুগত সংগঠনগুলো বিচার নিয়ে আবারও বিপুলভাবে আগ্রহী হয়ে পড়বে। সে সময় বিশেষ বিশেষ বাহিনীর হাতে জঙ্গিদের লিফলেট, নাশকতামূলক কর্মকাণ্ডের উপকরণ আটক এবং সশরীরে জঙ্গি গ্রেপ্তারের হিড়িক পড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী ১৬ ডিসেম্বরে ‘লক্ষ কণ্ঠে জাতীয় সংগীত’ গাওয়া ধরনের দেশপ্রেমের অনুভূতি রাজনৈতিকভাবে ব্যবহারের কর্মসূচি পালনের বিরাট সম্ভাবনা রয়েছে। প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রধান চেতনা গণতন্ত্রকে এবং দুর্নীতি-দলীয়করণ-সন্ত্রাসের মাধ্যমে মুক্তিযুদ্ধের অন্যান্য চেতনাকে (যেমন অবিচার, শোষণ ও লুটপাট থেকে জনগণের মুক্তি) অগ্রাহ্য করা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক হিসেবে উপস্থাপনের চেষ্টা হবে আনুষ্ঠানিকতাময় এসব কর্মকাণ্ডের মাধ্যমে।

৩. আগামী দিনগুলোতে গণমাধ্যম ও নাগরিক সমাজকে বোতলবন্দী করার প্রচেষ্টা আরও জোরদার হবে। আদালত অবমাননা, রাষ্ট্রদ্রোহ এবং আরও কিছু অনুকূল আইন (যেমন আইসিটি, ট্যাক্স, সন্ত্রাস দমন ও এনজিওবিষয়ক) তো আছেই, নতুন সম্প্রচার নীতিমালা ও নানা নির্দেশনামা প্রদান করে গণমাধ্যমের জন্য আরও ভীতিকর একটি পরিবেশ গড়ে তোলা হবে। বিভিন্ন বাহিনী ও প্রশাসনে নতুন নিয়োগে আরও দলীয়করণ করা হবে এবং ওপরের স্তরে সুযোগ-সুবিধা নানাভাবে বৃদ্ধি করা হবে। পেটোয়া বাহিনী হিসেবে ছাত্রলীগ, যুবলীগ ও সাংসদদের বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাবে। রাষ্ট্রীয় প্রশাসন ও সুবিধাভোগীদের ব্যবহার করে রাজনৈতিক দলের কর্মকাণ্ড ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে এবং ভিন্নমতাবলম্বী ও সমালোচনাকারীদের কণ্ঠ রুদ্ধ করে সত্যি সত্যি আওয়ামী লীগ বাকশাল ঘরানার একটি ব্যবস্থা স্থাপনের চেষ্টা করবে। আওয়ামী লীগ ও বাম দলগুলো বাদে বাংলাদেশে অন্য কারও রাজনীতি করার অধিকার আছে কি না, এ বিতর্ক নানাভাবে উসকে দেওয়া হবে।

আন্তর্জাতিকভাবে রুশ-ভারতের সঙ্গে সম্পৃক্তি আরও জোরদার করা হবে। রূপপুর ও রামপালের মতো আরও প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের আংশিক মালিকানা ও ব্যবস্থাপনা এদের হাতে তুলে দেওয়া হবে, বিরোধপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আরও খোলামেলাভাবে এদের কাঙ্ক্ষিত ভূমিকা রাখা হবে এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে এই বলয়ের সম্পর্ককে জোরদারভাবে উপস্থাপন করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ মিনিমাইজ করার প্রচেষ্টা হিসেবে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংককে অপদস্থ করার প্রবণতা কমানো হবে এবং টিকফা ধরনের চুক্তি জোরদার করা হবে। দেশের সম্পদ ও স্বার্থের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে ক্ষমতায় টিকে থাকার প্রয়োজনীয়তাকে। 

৪. এসব করে আওয়ামী লীগ কি পারবে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকতে? এর পরের নির্বাচনও যেকোনোভাবে হোক জিতে আসতে? এশিয়া ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে চোখ ধাঁধানো উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে, দেশে-বিদেশে একটি সুশক্ত স্বার্থচক্র গড়ে তুলে এবং রাষ্ট্রীয় বাহিনী ও সামর্থ্যকে ব্যবহার করে বিরোধী দল ও মতকে দমনের মাধ্যমে অজনপ্রিয় বা অত্যাচারী সরকারগুলোর বহু বছর টিকে থাকার নজির রয়েছে। সাম্প্রতিক কালে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষে এবং মালদ্বীপে আবদুল্লাহ ইয়ামিনের সরকার একইভাবে এগোনোর চেষ্টা করছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি করা সহজ হবে না। পৃথিবীর বহু দেশে যা নেই, বাংলাদেশে গণতন্ত্রের প্রতি সেই সুতীব্র আকাঙ্ক্ষা রয়েছে।

বাংলাদেশের জনগণের গণতন্ত্রের জন্য লড়াই করার ছয় দশকের অভিজ্ঞতা ও মানসিকতা রয়েছে। এ লড়াই নিয়মতান্ত্রিকভাবে করতে না দিলে অনিয়মতান্ত্রিকভাবে সরকারের পতন ঘটেছে, বহু মানুষ তা স্বাগত জানিয়েছে। আওয়ামী লীগ এটি মনে রাখলে দলটির এবং দেশের জন্য তা মঙ্গলজনক হবে।

আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।