বিশ্ব গণমাধ্যমে হরহামেশা নেতিবাচক খবর যখন প্রচারিত হচ্ছে, তখন বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির সুখবর নিয়ে টাইম সাময়িকীর প্রতিবেদনটি নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। বিশ্বব্যাংকের প্রকাশিত তথ্য ও উপাত্তের সূত্র ধরেই করা হয়েছে প্রতিবেদনটি। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি ও উন্নতির যেসব খবর প্রকাশিত হচ্ছে, তা দেশটির অপার সম্ভাবনারই ইঙ্গিত দেওয়ার কথা। আমাদের আক্ষেপ হয়, দেশটিতে যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকত, সংঘাত-সহিংসতার বৃত্ত থেকে বের করে আনা যেত, তবে এই অগ্রগতি কোথায় গিয়ে দাঁড়াত!
গত জুনে প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে দারিদ্র্য কমেছে। ২০০০ থেকে ২০১০ সাল—এই ১০ বছরে দেশটির এক কোটি ৬০ লাখ মানুষের দারিদ্র্যমুক্তি ঘটেছে। অর্থাৎ এই সময়ে এত বিপুলসংখ্যক লোকের আয়-রোজগার বেড়েছে এবং পুষ্টি ও জীবনমানের উন্নতি হয়েছে। দারিদ্র্যসীমা কমানোর জন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী যে সময়সীমা ছিল, তার দুই বছর আগেই বাংলাদেশ তা পূরণ করে ফেলেছে। সরকারি নীতির ধারাবাহিকতা ও উদ্যোগ এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড—সব মিলিয়েই এই সাফল্য এসেছে।
স্বাস্থ্য খাতের অগ্রগতি, শিশু ও মাতৃমৃত্যুর হার কমার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশের সাফল্য উল্লেখ করার মতো। প্রতি দশকে দেশটি প্রবৃদ্ধির হার ১ শতাংশ হারে বেড়ে চলেছে। এর সঙ্গে জন্মহার কমায় সম্পদ ও আয়ের ওপর চাপ কমেছে। উন্নতি আছে শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষায়। সব মিলিয়েই পরিস্থিতি খুবই উৎসাহব্যঞ্জক। গার্ডিয়ান পত্রিকায় এক নিবন্ধেও নোবেল
বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের অনেক অগ্রগতিকে ‘চমকে দেওয়ার মতো’ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন।
আমাদের উদ্বেগের বিষয় হলো, দেশটিতে রাজনৈতিক সংঘাত, সুশাসনের অভাব ও দুর্নীতি যেভাবে চেপে বসেছে, তা থেকে কোনোভাবেই মুক্তি মিলছে না। নানা প্রতিকূলতা সত্ত্বেও সন্দেহ নেই, বাংলাদেশ এগোচ্ছে, সম্ভাবনাও অনেক। কিন্তু সেই সম্ভাবনাকে শতভাগ কাজে লাগাতে চাই শান্তি ও স্থিতিশীল পরিবেশ। এ ব্যাপারে রাজনৈতিক নেতৃত্বের যে দায়, সেটি তারা সুচারুভাবে পালন করছেন, সে কথা জোর দিয়ে বলা যায় না।