চলতি সময়ে মিসরই হলো এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ। সেখানে কোনো স্বাধীন ক্ষমতার আবির্ভাব হয়নি, বরং রক্ষণশীল মুসলিম ব্রাদারহুড মোবারক উচ্ছেদের আন্দোলনে অনেক পরে শামিল হলেও রাজনৈতিক দ্বন্দ্বে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক চরিত্র হিসেবে আবির্ভূত হয়। এবং পরের নির্বাচনেও জয়ী হয়। কিন্তু দলাদলি, আহাম্মকি এবং একই সঙ্গে ওয়াশিংটন আর মিসরীয় সেনাবাহিনীকে খুশি রাখতে গিয়ে নিজেদের অবস্থানের সাপেক্ষে তারা কিছু কৌশলগত ভুল করে। ফলে নতুন করে গণ-আন্দোলন শুরু হয়, এমনকি দেখা যায়, মোবারকের পতনের আন্দোলনের সময়ের থেকেও বেশি মানুষ রাজপথে নামে। আবারও এই জনতা রাজনীতিবর্জিত চিন্তা থেকে সেনাবাহিনীকে তাদের রক্ষক ভাবে। অনেক ঘটনায় মুসলিম ব্রাদারহুডের ওপর সেনাবাহিনীর বর্বরতা তাদের খুশিও করে।
ফলে যা হওয়ার তা-ই হয়। সাবেক ব্যবস্থা গণসমর্থনের জোরে আবার ক্ষমতায় আসে। যদি প্রথম ঘটনা (মোবারকের পতন) বিপ্লব না হয়ে থাকে, তাহলে পরেরটিকেও প্রতিবিপ্লব বলা কঠিন। এটা স্রেফ রাজনীতিতে সামরিক বাহিনীর পুনঃপ্রতিষ্ঠা। মোবারক ও মুরসির ভাগ্য তারাই ঠিক করেছিল। তাহলে এখন এদের সরাবে কে? আরেকটা গণ-আন্দোলন? তাতে আমার সন্দেহ আছে। যে সামাজিক আন্দোলন স্বাধীন রাজনীতি হিসেবে বিকশিত হতে ব্যর্থ হয়, বিলীন হওয়াই তার নিয়তি।
লিবিয়ায় পুরোনো রাষ্ট্রকে ধ্বংস করেছিল ন্যাটোর ছয় মাসের বোমাবৃষ্টির তাণ্ডব আর স্থানীয় উপজাতীয় গ্যাংগুলো পরস্পরকে হত্যার লীলাখেলা। এই খুনি বাহিনীগুলো এখনো দেশটিতে দাপিয়ে বেড়াচ্ছে; ভাগ চাইছে লুটের। কোনো বিচারেই একে বিপ্লব বলা যায় না।
আর সিরিয়ায় কী হচ্ছে? এখানেও সত্যিকার গণ-অভ্যুত্থান ঘটেছিল এবং তার মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদলের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল। প্রথম ছয় মাসে কিংবা তার পরও যদি আসাদ সমঝোতার পথে যেতেন, তাহলে হয়তো একটা সাংবিধানিক বন্দোবস্ত ঘটতে পারত। তার বদলে তিনি নিলেন দমনের পন্থা। মর্মান্তিকভাবে শিয়া-সুন্নি বিরোধের ফাটল সৃষ্টি করা হলো। (ইরাক দখলের পরে এই বিভাজন সৃষ্টি করতে পারা ছিল আমেরিকার বিরাট সাফল্য) অন্যদিকে তুর্কি, কাতার ও সৌদিরা সিরিয়ায় অঢেল অস্ত্র, অর্থ আর স্বেচ্ছাসেবী যোদ্ধা পাঠাল। পাশাপাশি রাশিয়া ও ইরান অন্য পক্ষকে অস্ত্র জুগিয়ে মদদ দিতে থাকল। বিদ্রোহীদের পরিষদকে (এসএনসি) সিরিয়া বিপ্লবের বাহন মনে করা কিংবা মিসরে ব্রাদারহুড বিপ্লব আনবে বিশ্বাস করা সমান হাস্যকর। সিরিয়ায় উভয় পক্ষই গৃহযুদ্ধের নির্মমতার মধ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সরকার সেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে কি না, আমরা জানি না।
যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা করতে চায় একটা কারণে—বিদ্রোহীদের পরাস্ত করে আবার সারা দেশের নিয়ন্ত্রণ নেওয়ার যে সম্ভাবনা তৈরি করেছে আসাদ সরকার, তাকে ঠেকাতে চায় যুক্তরাষ্ট্র। এ কারণেই যখন বিদ্রোহীরা একের পর এক এলাকায় পরাজিত হচ্ছে, তখনই আমেরিকা সিরিয়ায় আগ্রাসনের জন্য উঠেপড়ে লেগেছে।
আর দেশটির বাইরে থেকে সৌদি আরব বেপরোয়া হয়ে চাইছে, যাতে সুন্নিরা ক্ষমতায় আসে। তাতে করে ইরানকে মধ্যপ্রাচ্যে তারা আরও কোণঠাসা করতে পারবে। ইরাক যুদ্ধের পরে সেখানে আমেরিকা যে অবস্থা তৈরি করেছে, তাতে লাভবান হয়েছে ইরান। সেখানে এখন শিয়ারাই সরকার চালাচ্ছে। এদিকে ইসরায়েলের বাসনাও গোপন নেই। তারা হিজবুল্লাহর ধ্বংস চায়। সিরিয়ায় যা-ই ঘটুক বা না ঘটুক, তা কোনোভাবেই বিপ্লবের ধারেকাছে নেই। কেবল চোখে ঠুলি পরা কল্পনাবাজেরা অন্য কিছু ভাবতে পারে। সৌদি আরব, কাতার, তুরস্ক ন্যাটোর সাহায্যে মধ্যপ্রাচ্যে বিপ্লবী গণতান্ত্রিক অথবা আধা গণতন্ত্রী ব্যবস্থা কায়েম করবে এমন ধারণা শিশুসুলভ। আরবের অন্যান্য দেশের ঘটনাবলি এর বিপক্ষে সাক্ষ্য দেবে। ফ্রান্সের ওঁলাদে মরক্কোর স্বৈরতান্ত্রিক সরকারকে রক্ষা ও বৈধতা দিয়ে যাচ্ছে। সৌদিরা ইয়েমেনকে এগোতেই দিচ্ছে না এবং দখল করে রেখেছে বাহরাইনকে। তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান নিজ দেশে বিক্ষোভ দমন নিয়ে ব্যস্ত। ইসরায়েল কেবল পিএলওর দাস্যতা নিয়েই খুশি নয়, তারা চায় হামাসও তাই করুক (মুরসি হয়তো এ ব্যাপারে ইসরায়েলকে সহযোগিতা করতে পারতেন)। তাই হিজবুল্লাহর বিরুদ্ধে আরেকটা ঝড় তারা তুলতে চাইবে।
পুরো মধ্যপ্রাচ্য এখন লন্ডভন্ড অবস্থায়। লেবানন ও জর্ডানে আশ্রয় নেওয়া বেশির ভাগ সিরীয় শরণার্থীও জানে যে মার্কিন হামলা তাদের দেশের অবস্থা ভালো করবে না। সিরিয়ায় যেসব সাহসী বিক্ষোভ শুরু করেছিল, তাদের বেশির ভাগই এখন শরণার্থী শিবিরে। আর যারা দেশে আছে, তারা দুই পক্ষকেই ভয় পেলে তাদের কি দোষ দেওয়া যাবে?
কাউন্টারপাঞ্চ থেকে নেওয়া, ইংরেজি থেকে অনুবাদ ফারুক ওয়াসিফ
তারিক আলী: পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক ও লেখক।