প্রতিবছরের মতো এবারও প্রচুর আলু উৎপাদিত হয়েছে এবং সংরক্ষণের অভাবে উচিত দাম না পেয়ে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আলুকে শুধু তরকারি হিসেবে না ভেবে বহুমুখী খাদ্যের উপকরণ, রকমারি খাদ্যের উপাদান এবং আরও বিভিন্নভাবে ব্যবহারের কথা ভাবতে হবে। সারা বছরই আলু খাওয়া হয়, কিন্তু সারা বছর আস্ত আলু সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয়। এর একটি ধারণা দিয়েছেন ঢাকায় সার্ক এগ্রিকালচার সেন্টারে সিনিয়র প্রোগ্রাম অফিসার পদে কর্মরত মো. আবদুল্লাহ।
এ ধারণাকে কাজে লাগিয়ে কোল্ডস্টোরেজ বা অন্য কোনো ব্যয়বহুল পদ্ধতি ছাড়াই আলু সংরক্ষণ ও অনেক দিন তা খাওয়া যাবে। ধারণার মূল কাজটি হলো, প্রয়োজনমতো আলু নিয়ে পরিষ্কার করে একটি বড় ডেক বা ডেকচিতে পানি দিয়ে সিদ্ধ করা। সেদ্ধ আলু পছন্দমতো কেটে বা ছাঁকনি দিয়ে স্লাইস করে রোদে শুকানো। পাউডারও করা যেতে পারে।
পরে শুকনো আলুর স্লাইস বা পাউডার বায়ুরোধী পলিথিন বা অন্য পাত্রে বহুদিন সংরক্ষণ করা যাবে। প্রয়োজনমতো পাত্র থেকে আলুর স্লাইস বা পাউডার নিয়ে গরম পানিতে মিশিয়ে বিভিন্ন রকম মুখরোচক খাদ্য তৈরি করা যাবে।
বাণিজ্যিকভাবে আলু সংরক্ষণে একটি বড় বয়লারে আলু সেদ্ধ করে স্লাইস করতে হবে। এরপর রোদে শুকালেই হবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সেদ্ধ না করে কাঁচা আলু কেটে বা স্লাইস করে শুকালে কেমন হয়। এ ক্ষেত্রে কাটা আলু কালো হয়ে যাবে, দ্রুত ফাংগাস জন্মাবে।
আলুর এই বাম্পার ফলন আমাদের প্রতি আল্লাহর অশেষ রহমত। আল্লাহর রহমতকে অবজ্ঞা করা কোনোমতেই উচিত নয়। আমাদের উচিত লাভজনক দাম দিয়ে কিনে ওই পদ্ধতিতে সংরক্ষণ করা, যেন কৃষক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখতে পারেন। প্রতিটি পরিবার যদি তার সারা বছরের আলুর চাহিদার কিছু অংশ এখন কিনে সংরক্ষণ করে, তবে সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে। এতে আমাদের সামাজিক দায়বদ্ধতা কিছুটা পালন হবে বটে। আলু দিয়ে তৈরি বিভিন্ন প্রকার খাদ্য মেলা ও সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। সরকার ও মিডিয়াকেই এতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ড. নিয়াজ পাশা
কৃষি প্রকৌশলী, সার্ক এগ্রিকালচার সেন্টার, ঢাকা।