আলু সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলু নিয়ে বর্তমানে যে সমস্যা দেখা দিয়েছে, তা নতুন নয়। কয়েক বছর পরপরই এই সমস্যা ঘুরেফিরে আসছে। এক বছর আলুর উৎপাদন বেশি হলে কৃষক দাম পাবেন না, পরের বছর উৎপাদন কমবে ও আলুর দাম বাড়বে, পরের বছর উৎপাদন করে আবারও হতাশ হবেন কৃষক। এই চক্র থেকে যেন মুক্তি নেই আলুচাষিদের। এবার উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এ কারণে কৃষকের কেজিপ্রতি আলু উৎপাদনের খরচ ছয় থেকে সাত টাকা পড়লেও বিক্রি করতে হচ্ছে দেড় থেকে দুই টাকা দামে! আলু উৎপাদন করে কৃষক দাম পাচ্ছেন না, কিন্তু এর সুফল সাধারণ ক্রেতারাও পাচ্ছেন না। রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা দরে।
এ বছর ৮৬ লাখ টন আলু উৎপাদন করে কৃষক এই ফসল নিয়ে যে বিপদে পড়েছেন, এর প্রভাব আগামী বছরের আলু উৎপাদনে পড়বে, তা ধারণা করা যায়। প্রশ্ন হচ্ছে, এভাবেই কি চলতে থাকবে? এ বছর যখন ৮৫ লাখ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তখনই তো ভাবা উচিত ছিল যে এই আলু কীভাবে সদ্ব্যবহার করা হবে। এর আগে ২০০৮ সালে যখন এ ধরনের সমস্যা হয়েছিল, তখন নতুন হিমাগার স্থাপনের মাধ্যমে আলু সংরক্ষণের বিষয়টি আলোচনায় এসেছিল। হিমাগার নির্মাণে প্রণোদনা দেওয়া ও বিদ্যুতের সংযোগ নিশ্চিত করার আশ্বাস এসেছিল। কিন্তু কার্যত কাজের কাজ কিছুই হয়নি।
বছরে যদি ৮৫ থেকে ৮৬ লাখ টন আলু উৎপাদিত হয়, তবে বর্তমানে গৃহখাদ্যে আলুর যে ব্যবহার, তার ওপর নির্ভর করলে চলবে না; আমাদের কৃষিসংক্রান্ত নীতিনির্ধারকদের বিষয়টি বিবেচনায় নিতে হবে। চিপস ও আলুর পাউডার উৎপাদন বা খাদ্যশিল্পে এর ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে বা স্টাচ হিসেবে শিল্প খাতে এর ব্যবহারের পরিস্থিতি তৈরি করতে হবে। বর্তমানে আলু রপ্তানির যে পরিমাণ, সেটাকেও উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে এবং সে জন্য রপ্তানি উপযোগী আলুর বিভিন্ন জাত চাষের উদ্যোগ নিতে হবে। আলু সংরক্ষণের জন্য হিমাগার বাড়ানোর পাশাপাশি আলুর ব্যাপারে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পা নেওয়া প্রয়োজন। সেটা না হলে প্রতিবছর আলু নিয়ে এই সমস্যা চক্রাকারে আসতেই থাকবে।