‘আলোকিত মানুষ চাই’ স্লোগান দিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র পার করল ৩৫ বছর। প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র ‘অন্য আলো’তে আবদুল্লাহ আবু সায়ীদ এবং তাঁর গড়া বিশ্বসাহিত্য কেন্দ্রকে নিয়ে লেখা প্রতিবেদনটি পড়লাম। প্রথম আলোকে ধন্যবাদ এমন একটি বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য।
মানুষের প্রকৃত বন্ধু বই। বই কখনো নীতিজ্ঞান থেকে বিচ্যুত হতে শেখায় না। মানুষকে এগিয়ে নিয়ে যায় অসীম জ্ঞানভান্ডার সঞ্চয়ের দিকে। যত গাছ লাগানো যায়, তত সবুজের সমারোহ বাড়ে। তত প্রকৃতি হয় সবুজ আর পৃথিবী হয় নিরাপদ। তেমনি বইয়ের পাঠক যত বাড়ানো যাবে, তত মানুষের মন হবে ধাবিত সুন্দরের দিকে। সেই সঙ্গে বাড়বে জানার আকাঙ্ক্ষা। আর সেই আকাঙ্ক্ষাগুলোই একদিন গড়বে সুন্দর স্বপ্নের পৃথিবী।
আর এই ইচ্ছাগুলোর আদর্শকে সামনে রেখে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বশ্রেণীর মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আবদুল্লাহ আবু সায়ীদ গড়ে তুলেছেন বিশ্বসাহিত্য কেন্দ্র। আজ শ্রীমঙ্গলেও এই কেন্দ্রের বিচরণ পরিলক্ষিত হয়। উৎসাহ পরিলক্ষিত হয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে।
প্রতিবেদনটিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠার কিছু অজানা ইতিহাস পড়ে মুগ্ধ হলাম। ‘১৫ জন থেকে আজ ১৫ লাখ’—এই একটি কথাই বুঝিয়ে দেয় কতটা চড়াই-উতরাই পেরিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র আজ এখানে পৌঁছেছে। প্রমাণিত হলো, ছোট ছোট উৎসাহ গড়ে তোলে এক বৃহৎ কোনো পরিসর। বিশ্বসাহিত্য কেন্দ্রকে আজ এত বৃহৎ রূপে প্রতিষ্ঠিত করা এবং মানুষের কাছে পৌঁছে দিতে শহর-বন্দর, গ্রাম-গঞ্জের আনাচকানাচে পরিভ্রমণ—সবকিছুর জন্য আবদুল্লাহ আবু সায়ীদকে ধন্যবাদ জানাই।
সঞ্জয় কুমার ভৌমিক
শ্রীমঙ্গল।