আলোকিত মানুষের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম আর খান
এম আর খান

আজ জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ এম আর খানের (মোহাম্মদ রফি খান) ৮৫তম জন্মদিন। বাংলাদেশের সাতক্ষীরা শহরের উপকণ্ঠে রসুলপুর গ্রামে এক ধনাঢ্য ও অভিজাত পরিবারে তাঁর জন্ম। জীবনের এত দীর্ঘ পথ পেরিয়েও এখনো তিনি সদা হাস্যোজ্জ্বল, সজীব ও প্রাণবন্ত। ১৯৮৮ সালে আইপিজিএম আর এর যুগ্ম পরিচালক এবং শিশু বিভাগের অধ্যাপক পদ থেকে অবসর নেওয়ার পর তিনি বিপুল কর্মযজ্ঞে জড়িয়ে পড়েন। ১৯৯৩ সালে ঢাকার মিরপুরে তিনি শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ৭৫ জন দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে মিরপুর শিশু হাসপাতালে এখন শিশুদের জন্য ১৫০ শয্যার ব্যবস্থা আছে এবং প্রতিদিন ৫০০ বহিরাগত রোগীর চিকিৎসা দেওয়া হয়। এই কেন্দ্রে এমবিবিএস পাস করা চিকিৎসকদের জন্য উচ্চতর ডিসিএইচ কোর্স ও একটি নার্সিং ইনস্টিটিউট চালু করা হয়েছে। তাঁরই দান করা জমিতে সাতক্ষীরা ও যশোর শহরে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের আওতাধীন পাঁচটি জেলার বিভিন্ন কেন্দ্রে এসএমই ও ক্ষুদ্রঋণ প্রকল্প চালু করা হয়েছে। এই ঋণ গ্রহীতাদের অধিকাংশই নারী উদ্যোক্তা। এসব কেন্দ্রে সান্ধ্যকালীন শিশু ও বয়স্ক শিক্ষা এবং ভোকেশনাল ট্রেনিং কোর্স ২০০০ সাল থেকে সফলতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এম আর খান চিকিৎসক হিসেবে কর্মজীবনের শুরুতে জাতীয় স্বাস্থ্যসেবা এবং বিশেষভাবে শিশুস্বাস্থ্যসেবার করুণ চিত্র দেখতে পেয়েছিলেন। একজন চিকিৎসক ছাড়াও একজন সচেতন নাগরিক হিসেবে সমাজ, তথা দেশের প্রতি দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়েছিলেন জীবনের প্রথম থেকে। এম আর খান চিকিৎসা পেশা, তথা সমাজ উন্নয়নের কাজে কর্মজীবনের শুরু থেকেই আত্মনিয়োগ করেছিলেন নিজের জন্মস্থান সাতক্ষীরায়।
আর্তমানবতার সেবায় এম আর খান এক অনুপম আদর্শ রেখে চলেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ছিলেন একজন সাধারণ চিকিৎসক। সাতক্ষীরার দুর্গম অঞ্চল থেকে অনেক গুরুতর অসুস্থ রোগীকে গরুর গাড়িতে করে এম আর খানের চেম্বারে আনা হতো। তাদের অনেকেরই পথে মারা যাওয়ার মতো অবস্থা ছিল। এই দুর্দশার চিত্র তাঁর মনকে স্পর্শ করল। তিনি ঠিক করলেন, এসব রোগীর দুর্দশা লাঘব করার জন্য তাদের বাড়িঘরের কতটা কাছাকাছি যাওয়া যায়। এ সময় তিনি ইনজেকশন পুশ করা, ছোটখাটো সার্জারি, ব্যান্ডেজ করা ইত্যাদি কাজে সাহায্য করার জন্য রসুলপুর গ্রামে তাঁর আত্মীয়দের মধ্য থেকে উৎসাহী দুজনকে বেছে নিলেন। তাঁদের সঙ্গে নিয়ে সপ্তাহে এক দিন বাইসাইকেলে চেপে কালীগঞ্জে এবং অন্য আরেক দিন পাটকেলঘাটায় সারা দিন রোগী দেখে সন্ধ্যায় ফিরে আসতেন। সে সময় সাতক্ষীরা থেকে কালীগঞ্জের কাঁচা রাস্তার যে বেহাল অবস্থা ছিল, তা আজকে ভাষায় বর্ণনা করে বোঝানো যাবে না। গরুর গাড়ির চাকা চলে সৃষ্ট সরু ফালি দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া এক দুর্বিষহ অভিজ্ঞতা, তিনি এই দুঃসাধ্য কাজ দিনের পর দিন করেছেন।
এম আর খান সাতক্ষীরা ছেড়ে খুলনায় চলে এলেন। তাঁর সাতক্ষীরা ছেড়ে যাওয়ার খবরে সাতক্ষীরাবাসী ভীষণভাবে বেদনাহত হলো। আমার এখনো মনে পড়ে, তাঁর সাতক্ষীরা ছেড়ে যাওয়ার মুহূর্তে এলাকার মানুষ তাঁর বাড়ির সামনে এসে কান্নায় ভেঙে পড়েছে।
খুলনা শহরে একটা ভাড়া বাসায় স্ত্রী ও মেয়েকে নিয়ে উঠলেন। নতুনভাবে আবার অনুশীলনের সুযোগ খুঁজতে থাকলেন। খুলনা ডাকবাংলো মোড়ে মহসীন ফার্মেসিতে বসে তিনি চিকিৎসা পেশা আবার শুরু করলেন। এখান থেকে সম্পূর্ণ নিজের সঞ্চয় নিয়ে ইংল্যান্ডে গেলেন চিকিৎসা বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য। বাবার কাছ থেকে শুধু বিমানের ভাড়া ২৫০ পাউন্ড তিনি নিয়েছিলেন। এরপর ইংল্যান্ড থেকে এমআরসিপি, ডিসিএইচ ও ডিটিএম অ্যান্ড এইচ ডিগ্রি নিয়ে ১৯৬৩ সালে দেশে ফিরে আসেন।
এম আর খান সরকারি চাকরি না নিয়ে জন্মস্থান সাতক্ষীরায় চিকিৎসাসেবা শুরু করলেন। কিন্তু স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে কমিউনিস্ট বলে অপপ্রচার চালাতে থাকে। তখন কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট ভেঙে দিয়ে ৯২ক ধারা জারি করে। তিনি গ্রেপ্তার হন এবং এক মাস কারাভোগ করেন। এ ঘটনায় অত্যন্ত বেদনাহত হয়ে তিনি সাতক্ষীরা ছাড়ার সিদ্ধান্ত নেন। তাঁর এ সিদ্ধান্ত সমগ্র দেশের জন্য শাপে বর হলো। বৃহত্তর পরিসরে তিনি আর্তপীড়িত মানুষ ও রোগক্লিষ্ট শিশুদের চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ পেলেন। যশোর শহরে তাঁর দান করা নিজস্ব যায়গা এবং অনুদানে প্রতিষ্ঠিত শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। নিজের জন্মভূমি রসুলপুরে পৈতৃক সূত্রে পাওয়া তাঁর অংশের জমিতে মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। তাঁরই দান করা জায়গা ও পেনশনের টাকায় নির্মিত সাতক্ষীরা শিশু হাসপাতালে এলাকার বহু হতদরিদ্র শিশু বিনা মূল্যে ও স্বল্পমূল্যে চিকিৎসাসেবা পাচ্ছে।
তাঁর প্রচেষ্টা ও উদ্যোগে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে সেন্ট্রাল হাসপাতাল, নিবেদিতা শিশু হাসপাতাল এবং উত্তরায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। এই চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা বোর্ডের সঙ্গে তিনি এখনো সরাসরি জড়িত। শিশুস্বাস্থ্য ও সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা তাঁকে ১৫টি স্বর্ণপদক এবং আরও ১১টি সম্মাননা পদকে ভূষিত করেছে। ১৯৯৫ সালে সরকার তাঁকে জাতীয় অধ্যাপক পদে ভূষিত করে। ২০০৯ সালে এম আর খান একুশে পদক লাভ করেন। শিশু চিকিৎসার ওপর তিনি অনেক বই রচনা করেছেন এবং এগুলো বিভিন্ন মেডিকেল কলেজে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে।
আমাদের প্রত্যাশা, এম আর খানের কর্মধারা ও মানবসেবার আদর্শকে জীবনে ধারণ করে আজকের দিনের নবাগত চিকিৎসকেরা অনুপ্রাণিত হবেন এবং দেশের অগণিত অবহেলিত ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াবেন।
আসাদউল্লাহ খান: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক।
[email protected]