অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।

একতরফা নির্বাচনের পরিকল্পনা নিয়েই এগোচ্ছে সরকার
বিরোধী দল বিএনপিকে ছাড়াই নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপিকে দমনে দলটির নেতাদের আটকের পরিকল্পনাও করছে সরকার। এমন সংবাদে মতামত জানিয়ে আইয়ুব মন্তব্য করেছেন: জোর করে আজ অবধি কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এটা অমূলক প্রচেষ্টা মাত্র। জেদাজেদির ফাঁকে জনগণের ভোগান্তি হবে বা কিছু নিরীহ মানুষ প্রাণ হারাবে—এমনটা প্রত্যাশিত নয়। আশা করি, সবার সুবুদ্ধির উদয় হবে।
মজিদ: ১৬ কোটি জনগণের দেশ বাংলাদেশ। অথচ জনগণকে নিয়ে শাসকশ্রেণীর কোনো চিন্তা নেই। মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো ঠিকমতো পূরণ হচ্ছে কি না, সে খবর নেই। উল্টো জনগণের রক্ত পানি করে ক্ষমতায় থাকা বা দখল করা চাই। একেই বুঝি বলে দেশকে ভালোবাসা, জনগণকে ভালোবাসা?
সোলায়মান: বিএনপি না আসা মানেই একতরফা নির্বাচন নয়। দীর্ঘদিন সামরিক ও স্বাধীনতাবিরোধী শাসনের কারণে দেশে আওয়ামী লীগবিরোধী জনমতের সৃষ্টি হয়েছে। নির্বাচনে লীগবিরোধী ভোট পায় বিএনপি, জাতীয় পার্টি বা অন্য কোনো দল। তাই বিএনপি না এলে, অন্য কেউ আসবে। তাতে কোনো সমস্যা হবে না এবং সেটিই ভালো। নতুন কেউ বিএনপির জায়গা দখল করে নির্বাচনে এলে, তাতে দেশেরই মঙ্গল। এভাবে দেশে একটি বহুদলীয় নির্বাচন হতেই পারে।
নির্দলীয় সরকারের পক্ষে ৮২ শতাংশ মানুষ
প্রথম আলোর উদ্যোগে পরিচালিত জরিপ বলছে, দেশের বেশির ভাগ মানুষ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। এ খবরে মতামত জানিয়ে রায়হান নবী লিখেছেন: এর অর্থ হলো দলীয় সরকারের চেয়ে নির্দলীয় সরকারেই মানুষের আস্থা বেশি এবং প্রধান রাজনৈতিক দলগুলোর ওপরে জনগণের কোনো আস্থা নেই।
জহির শামসি: দেশের মানুষের চিন্তা করা উচিত নির্দলীয় বা দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাদের লাভ কী? নির্বাচনের সময় যে সরকারই থাকুক, নির্বাচনের পরে নতুন সরকার কিন্তু বরাবরের মতো অরাজক হয়ে যায়। দেশে চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস, ছিনতাই, টেন্ডারবাজি কোনো কিছুই বন্ধ হয় না। তাই জনগণও মুক্তি পায় না। এ জন্য বলি আগে ভাবুন, এতে জনগণের লাভ কী?
আবুল হোসেন: সরকারের প্রতি আহ্বান, দয়া করে এ জরিপকে বিবেচনায় নিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আয়োজন করুন এবং দেশকে অনিবার্য সংঘাতের হাত থেকে রক্ষা করুন।
সাইফ আলি খান: হয়তো তত্ত্বাবধায়ক সরকার জনগণের কাছে গ্রহণযোগ্য। কিন্তু রাষ্ট্রের পরিচালকেরা জানেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার এলে তারা জাতীয় নির্বাচন না-ও দিতে পারে। দেশে এক-এগারোর চেয়ে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে আলীমের আমৃত্যু কারাদণ্ড
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ খবরে প্রতিক্রিয়া জানিয়ে এস আহমেদ খান লিখেছেন: বিচার মানেই ফাঁসি, এমনটা বুঝলে ক্ষতিকর। আমি নিজেও হতাশ ফাঁসি না হওয়ায়। তার পরও বলব, আদালতের রায় শিরোধার্য। আপনারা যাঁরা আলীমের ফাঁসি না হওয়ায় কষ্ট পেয়েছেন, তাঁদের বলব, মানবতাবিরোধী অপরাধীদের প্রতি মানবিক আচরণ দেখানোকে পরাজয় না ভেবে জয় হিসেবে বিবেচনা করুন।
নেসার: চিন্তাগত সীমাবদ্ধতার কারণে আমরা মূল্যবোধ প্রতিষ্ঠায় ব্যর্থ হই। বিচার চাওয়া মানে তো শুধু কয়েকজন রাজাকারের মৃত্যু কামনা করা নয়, সব রাজাকারের প্রতি ঘৃণা জানানো। বাংলাদেশের খেটে খাওয়া গরিব মানুষের করের অর্থে অপরাধী আলীমকে বাঁচিয়ে রাখা অন্যায়।
মনজুর: এ কথা সত্যি যে, একজন খুনি হত্যার সময় কোনো নিয়ম মানে না; বরং বেশির ভাগ ক্ষেত্রে খুনি ভুক্তভোগীর ওপরে চরম শারীরিক ও মানসিক অত্যাচার চালায়। কিন্তু তাই বলে আমরা একজন খুনির প্রতি অমানবিক আচরণ করে নিজেদের খুনির পর্যায়ে নামিয়ে আনতে চাই না।
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিহত ৯
গাজীপুরে আসওয়াদ কম্পোজিট মিলস লিমিটেড নামের একটি কারখানায় আগুন লেগে সাত ব্যক্তি নিহত হয়েছেন। যদিও প্রথমে জানা গিয়েছিল, মৃতের সংখ্যা নয়। এ খবরে নিজের অনুভূতি জানিয়ে ইখতামিন লিখেছেন: খুবই দুঃখজনক। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি আর কত দিন চলবে?
তামিম: ভেবেছিলাম, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর কিছুটা সচেতনতা বাড়বে বা সাভারে ভবনধসের পর সরকার ব্যবস্থা নেবে। কিন্তু না, এসবের কিছুই হলো না। আমরা কি কখনোই মানুষ হব না? যাঁরা ষড়যন্ত্রের কথা বলছেন, তাঁদের বলি, এগুলো ষড়যন্ত্র নয়। এগুলো আমাদের সীমাহীন দুর্নীতি ও অতিরিক্ত মুনাফা করার লোভের ফল।
এম কামরুল: মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক না থাকলে কোনো শিল্প টিকে থাকতে পারে না। আগুনের সঠিক উৎপত্তির কারণ ও এর প্রতিকারের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।
রবিউল চৌধুরী: আবার হতভাগ্য পোশাকশ্রমিকদের ওপরে আগুনের ত্রাস। আবার বাতাসে মানুষ পোড়ার গন্ধ। আবার কিছু শ্রমিকের লাশ। এত কিছুর পর নির্বাচনী ইশতেহারে বা বাজেটে কম শুল্কে গাড়ি আমদানির প্রসঙ্গ থাকবে অথচ শ্রমিকদের নিরাপত্তার প্রসঙ্গটি তাতে স্থান পাবে না।
চট্টগ্রাম মাদ্রাসায় বিস্ফোরণ
চট্টগ্রামের লালখান বাজারের হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বোমা বিস্ফোরণে দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। এ সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে রাসেল পথিক লিখেছেন: বিএনপি-জামায়াত-হেফাজত ক্ষমতায় গেলে কী হবে, তা এখনই অনুমান করা যাচ্ছে। আসছে নির্বাচনই বলে দেবে, দেশে কোনো সাম্প্রদায়িক বা জঙ্গিগোষ্ঠী ক্ষমতায় আসছে কি না।
হাসান রহমান: ইজাহারুল ইসলাম দাবি করছেন, ‘ছেলেদের ল্যাপটপে বিস্ফোরণ ঘটেছে। তা থেকে কেরোসিনের চুলায় আগুন লেগে বড় বিস্ফোরণ হয়েছে।’ আমাদের অনুরোধ, মুফতি সাহেব, সত্যি করে বলুন আর কী কী বিস্ফোরিত হয়েছে।
আহমেদ সাগর: যদি সত্যিই ওখানে বোমা থাকত, তবে পুলিশ প্রথমেই তা বলত। আমার মনে হয়, এটা একটা ষড়যন্ত্র। না হলে, এটা বলতে পুলিশের এত দেরি হলো কেন?
মনিরুজ্জামান: মুফতি সাহেবের বিবৃতি শুনে মনে হয়, তিনি ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ল্যাপটপ, আইপিএস থেকে যদি বিস্ফোরণ ঘটে থাকে, তবে আহত ব্যক্তিরা পালিয়ে চিকিৎসা নেবেন কেন?
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)