>একাত্তরে সুনির্দিষ্টভাবে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত হিসেবে প্রমাণিত যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ডােদশ কার্যকর হয়েছে। এ জন্য দীর্ঘ প্রতীক্ষা করতে হয়েছে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারগুলোকে। মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ শুরু হওয়ার পর বিচারপ্রক্রিয়ায়ও অংশ নিতে হয়েছে এসব পরিবারের অনেক সদস্যকে। এসব নিয়ে স্মৃতিচারণা, বিচারের জন্য দীর্ঘ প্রতীক্ষার বেদনা ও বর্তমান ভাবনার কথা লিখেছেন চার শহীদ বুদ্ধিজীবীর সন্তান।

বিজয়ের প্রাক্কালে একটি স্বাধীন দেশকে মেধাশূন্য করার পাকিস্তানি ও আলবদরীয় বর্বরতায় বাবা শহীদ মুনীর চৌধুরীকে হারানো ব্যক্তিগত ও পারিবারিকভাবে অনেক নির্মম। একটি সাজানো-গোছানো পরিবার নিমেষেই তছনছ হয়ে গেল। দেশ ও জাতির ক্ষতি বুঝতে সময় লেগেছে বড় হয়ে ওঠা পর্যন্ত। কিন্তু অকস্মাৎ পিতৃহারা, স্বামীহারা একটি পরিবারের অপূরণীয় ক্ষত আর ক্ষতির ব্যথা অনুভবে ছিল তাৎক্ষণিকভাবেই।
আমি ছিলাম চার বছরের শিশু। বাবাকে ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে আলবদরের ছেলেরা ধরে নিয়ে যাওয়ার সময়ের কথা তেমন কিছু মনে নেই। মায়ের কাছেই শুনেছি, আমি নাকি অনেক চুপচাপ হয়ে গিয়েছিলাম। মায়ের কাছেই জেনেছি, ১৬ ডিসেম্বরের পর আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ভাষণ বাড়ি ফিরে বাবাকে না পেয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়েছিল তাঁর সন্ধান করতে। মেজো ভাই মিশুক চুপিসারে চোখের সামনে দেখেছে বন্দুকের নলের মুখে বাবাকে নিয়ে যেতে, আবার তাঁকে আর আমার চাচাকে, দুজনকেই কয়েক দিন পর তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা প্রশাসন নিয়ে গিয়েছিল কিছু সম্ভাব্য অপরাধী চিহ্নিত করতে।
ওই সময়গুলোর ট্রমা আমরা তিন ভাই ও মা কখনোই কাটিয়ে উঠতে পারিনি। যুদ্ধের পরে আমাদের মা শোকে মুহ্যমান হয়ে থাকার সুযোগ পাননি বেশি দিন, জীবনযুদ্ধে নেমে পড়ার তাগিদে। শহীদজায়াদের একটি জমায়েতে মা লিলি চৌধুরীও অংশ নিয়েছিলেন, যে দলটি ১৯৭২-এ রাস্তায় দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সাক্ষাৎপ্রার্থী হয়েছিল। সম্ভবত তখনো তাঁর আশা ছিল, তাঁর স্বামী হয়তো কোনো বন্দিশিবিরে বেঁচে আছেন। তাঁর জীবনে এ রকম কয়েকবার স্বামীকে অন্তরীণ করেছে পাকিস্তানের শাসকেরা, প্রতিবার দৃঢ় আত্মপ্রত্যয়ে স্বামীর খোঁজ বের করে জেলখানায় দেখা করেছেন, যোগাযোগ রেখেছেন। এবারও মনের গহিনে তেমন আশাই ছিল, যা দিন যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে মানতে বাধ্য করেছে নির্মম সত্য। জীবনযুদ্ধে নেমে তিন ছেলেকে বড় করতে সংসারে মন দিয়েছেন, সময়ে-সময়ে চাকরিজীবী হয়েছেন। এ ক্ষেত্রে একটা দিক ভালো ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক কোয়ার্টারে আমাদের থাকতে দিয়েছিল বেশ কতগুলো বছর। কিন্তু এতগুলো বছর যাওয়ার পরেও যখন তিনি যুদ্ধাপরাধের রায় কার্যকর হওয়ার কথা শোনেন, ন্যায়বিচার ছাপিয়ে তাঁর মনের গভীরের শোক প্রকাশিত হয় বেশি—এই ফাঁসি তো তাঁর স্বামীকে ফিরিয়ে দেবে না।
আমি অবশ্য ব্যক্তিগত ক্ষতি আর ক্ষোভের ওপরে উঠতে পেরেছিলাম অন্য কারণে। আমার মতো ভাইবোনেরা মিলে যখন সংগঠক হিসেবে গড়ে তুললাম শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১, তখন আপনাআপনি নিজস্ব আর ব্যক্তিগত চিন্তা, চেতনা, আশা, হতাশা ভাগাভাগি হয়ে সম্মিলিত শক্তিতে রূপান্তরিত হলো। সঙ্গে পেলাম শহীদজননী আমার বাবারই ছাত্রী জাহানারা ইমামকে। রক্ত টগবগ করে ফুঁসে উঠল গণ-আদালতের আয়োজন দেখে, ঠিক তেমনি গণজাগরণ মঞ্চের উত্তাল জনসমুদ্রের অংশীদার হয়ে।
আমার দুই ভাই এ ধরনের কোনো সক্রিয় সংগঠন করেননি, তাই মুক্তিযুদ্ধ, পিতৃহত্যা, যুদ্ধাপরাধ নিয়ে কথা বলতে তাঁরা অন্তর্মুখী।
কিন্তু আমি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশের চেষ্টা করি কখনো লেখায়, কোনো সভায় বা চ্যানেলের আলাপচারিতায়, কখনো মিছিলের স্লোগানে, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে। নব্বইয়ের দশকের শুরু থেকে সমস্বরে যখন আমাদের পূর্বসূরিরা আর আমাদের প্রজন্ম দাবি করে এসেছিলাম মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের কথা, দেশের সঙ্গে বেইমানি করা একটি গোষ্ঠীর অপরাধের বিচারের কথা, শহীদ ও তাদের পরিবার এবং বীরাঙ্গনাদের যথাযথ সম্মানের কথা—তখন শাসকগোষ্ঠীর উল্টো পথ চলায় আমি ও আমরা অনেক সময়ই হতাশ হয়েছিলাম। কিন্তু আমরা দমে যাইনি, চুপ করে যাইনি। ধৈর্য ধরে থাকার কিছু সুফল পেতে শুরু করেছি।
একসময় মনে হয়েছে এগুলো বাংলাদেশে হবে না। তাই যখন হতে শুরু করে, প্রায় অবিশ্বাস্য মনে হয়। আবার শঙ্কাও হয়—পারব তো আমাদের শহীদ বাবাদের, মায়েদের রক্তের ঋণ শোধ করতে? সেই একাত্তরের শিশু এখন আমাদের মধ্য বয়স, আমাদের বাবা-মায়েদের যখন তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়, তখন তাঁরা বেশির ভাগই আমাদের এখনকার বয়সের থেকে ছোট ছিলেন। দায়মুক্তির প্রক্রিয়া শুরু হতে আমাদের মধ্য বয়স হয়ে গেল। এখনো তো কত কিছু বাকি—দেশ-বিদেশে বাঙালি এবং প্রধান যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে রায় কার্যকর করা, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় সহাবস্থান পুনরুদ্ধার করা, পাকিস্তানের পক্ষ থেকে গণহত্যার দায় শিকার, জামায়াত-শিবিরের দেশবিরোধী অপতৎপরতা রোধ করা—কত কাজ বাকি। আমাদের মায়েরা হয়তো দেখে যেতে পারবেন না, আমরা পারব কি না, সে সংশয় থেকেও আশায় বুক বাঁধি।
আসিফ মুনীর: শহীদ মুনীর চৌধুরীর ছেলে।
আরও পড়ুন: