ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) ও তার আশপাশের বিভিন্ন শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য আশুলিয়া অঞ্চলের মাটি, বায়ু ও পানিতে কী বিপজ্জনক মাত্রায় দূষণ ঘটাচ্ছে, তার কিছু চিত্র ফুটে উঠেছে গতকাল প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত এক সচিত্র প্রতিবেদনে। দূষণের কারণে ওই অঞ্চলের মানুষের যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়েছে, বিশেষজ্ঞদের সূত্রে তা-ও জানা গেছে। এটা শুধু ওই একটি অঞ্চলেই সীমাবদ্ধ নয়; দেশের যেখানেই শিল্পকারখানা রয়েছে, সেখানেই নানা মাত্রায় পরিবেশদূষণ ঘটে চলেছে।
ডিইপিজেড ও তার আশপাশের শিল্পকারখানাগুলোর বিষাক্ত রাসায়নিক বর্জ্য খাল-বিল-নদীর পানিতে মিশছে। আশুলিয়ার চারটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ এ দূষণের প্রত্যক্ষ শিকার। প্রথম আলোর উদ্যোগে খালের পানি সংগ্রহ করে বুয়েটের বিশেষজ্ঞদের দিয়ে তা পরীক্ষা করানো হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, খালের পানি শিল্পবর্জ্যের কারণে ভয়াবহ মাত্রায় দূষিত হয়ে পড়েছে। পানিতে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের (বিওডি) সহনীয় মাত্রা যেখানে লিটারপ্রতি ৫০ মিলিগ্রাম, সেখানে পাওয়া গেছে লিটারপ্রতি ৬০০ মিলিগ্রাম। আর পানিতে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড (সিওডি) যেখানে লিটারপ্রতি ২০০ মিলিগ্রাম, সেখানে পাওয়া গেছে ৯৯৪ মিলিগ্রাম। শিল্পবর্জ্যের কারণে পানিতে মিশছে সালফায়েড, তা বাষ্পীয় রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে বাতাসে। এ কারণে লোকজনের ঘরবাড়ির টিন ও অন্যান্য ধাতবসামগ্রীতে অস্বাভাবিক দ্রুতগতিতে মরচে ধরে যাচ্ছে। মানুষের যকৃৎ ও কিডনি আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেড়ে গেছে বলে বিশেষজ্ঞরা বলছেন। কিন্তু সাধারণভাবে দরিদ্র, কলকারখানার শ্রমিক—এসব মানুষের, বিশেষত তাঁদের শিশু ও নারীদের স্বাস্থ্যের ওপর কী গুরুতর নেতিবাচক প্রভাব পড়ছে, তা পরিমাপের কোনো উপায় নেই।
শিল্পকারখানার বর্জ্য থেকে প্রাকৃতিক পরিবেশের দূষণ ঘটে চলেছে প্রায় নিয়ন্ত্রণহীনভাবে এবং তা বাংলাদেশের কোনো একটি এলাকায় সীমাবদ্ধ নয়। কিন্তু এমন হওয়ার কথা ছিল না। শিল্পকারখানা স্থাপনের ক্ষেত্রে একটি বাধ্যতামূলক শর্ত হচ্ছে, প্রতিটি কারখানায় বর্জ্য শোধনাগার থাকবে; প্রাকৃতিক পরিবেশে বিষাক্ত শিল্পবর্জ্য ফেলা যাবে না। কিন্তু দেশের অধিকাংশ শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার নেই। এ ক্ষেত্রে নিয়মিত ও পর্যাপ্ত নজরদারির ব্যবস্থাও নেই। পরিবেশ অধিদপ্তর বর্জ্য শোধনাগারহীন কিছু কিছু শিল্পকারখানাকে মাঝেমধ্যে জরিমানা করে; কিন্তু তাতে কোনো সুফল ফলে না। বস্তুত শাস্তির ব্যবস্থা যথেষ্ট কঠোর
নয়; শিল্পকারখানাগুলোর মালিকদের মধ্যে এমন একটি সাধারণ ধারণা কাজ করে যে বর্জ্য শোধনাগার ছাড়াই শিল্পকারখানা চালানো যায়, ধরা পড়লে সামান্য কিছু জরিমানা দিয়ে পার পাওয়া যায়। কিন্তু এভাবে যে গোটা দেশের প্রাকৃতিক পরিবেশ দূষিত হয়ে পড়ছে, জাতির স্বাস্থ্যঝুঁকি ক্রমেই বেড়ে যাচ্ছে—এ উপলব্ধির বিরাট ঘাটতি রয়েছে।
শিল্পায়ন ছাড়া আধুনিক সভ্যতা কল্পনা করা যায় না। কিন্তু প্রাকৃতিক পরিবেশের ওপর শিল্পায়নের নেতিবাচক প্রভাব প্রতিরোধের ব্যবস্থা সুনিশ্চিত না করে শিল্পকারখানা পরিচালনা করা ক্রমান্বয়ে আত্মহত্যার শামিল। শিল্পোন্নত দেশগুলো পরিবেশ সুরক্ষা করেই উন্নত হয়েছে, কিন্তু আমরা শিল্পকারখানার মাধ্যমে নিজেদের ধ্বংসের পথ রচনা করছি। সন্তানসন্ততির কথা ভেবেও কেন আমাদের উদ্বেগ জাগে না?