আসামি ধরা ও ছাড়ার খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সহিংসতাকারীদের বিরুদ্ধে আপসহীন থাকার দাবি করছে। অন্যদিকে সরকারি দলের স্থানীয় নেতাদের সুপারিশ ও তদবিরে ছাড় পাচ্ছে সহিংসতায় অভিযুক্ত ব্যক্তিরা। গত মঙ্গল ও বৃহস্পতিবারের প্রথম আলো জানাচ্ছে, দেশে কারাবন্দীর সংখ্যা কমে গেছে। চিহ্নিত অপরাধীরাও সহজেই জামিন পাচ্ছে। ঘটনাগুলোর মধ্যে কার্যকারণ সম্পর্ক দেখলে বোঝা যায়, সরকারের ঘরের শত্রুই বিভীষণের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
যশোরের মনিরামপুরের আট মামলার আসামি জনৈক আদম আলী মনিরামপুর পৌর যুবলীগের সভাপতি এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হত্যাচেষ্টা ও বোমা হামলার মতো গুরুতর অপরাধের অভিযুক্ত আদম আলী ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও নৈরাজ্য সৃষ্টির দায়ে গ্রেপ্তার হলেও পুলিশ তাঁকে ধরে রাখতে পারেনি। যশোর-৫ আসনের স্থগিত নির্বাচনের প্রার্থী টিপু সুলতান দলবল নিয়ে থানা ঘেরাও (তাঁর ভাষায় অনশন) করে প্রিয়ভাজন আদম আলীকে মুক্ত করে নিয়ে যান।
পিরোজপুরের আরেকটি ঘটনায় স্বয়ং মামলার বাদী যুবলীগের নেতা কলকাঠি নেড়ে বিএনপি-জামায়াতের ২২০ নেতা-কর্মীর জামিনে সহায়তা করেন। এবং এটি ঘটে যশোরের জ্যেষ্ঠ বিচারকের নির্দেশে অভিযুক্ত ব্যক্তিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার দেড় ঘণ্টার মধ্যেই। নির্দেশ দিয়ে এজলাস ত্যাগের দেড় ঘণ্টার মাথায় আসামিপক্ষের আইনজীবীর অনুরোধে সন্ধ্যার পর আবার এজলাসে উঠে এ রকম সিদ্ধান্ত দেওয়া স্বাভাবিকভাবেই সন্দেহজনক। যিনি বাদী, তিনিই আবার আসামিদের জামিনের অনুরোধ করার কারণ কী—আপস, না দুর্নীতি? তাঁর দায়ের করা মামলাটিই কি ভুল ছিল, নাকি জামিনের সুপারিশ ছিল ভুল!
এর আগে বগুড়ার শাজাহানপুরে জমি ঘুষের বিনিময়ে থানার কর্মকর্তা আসামিকে রেহাই দেওয়ার ঘটনাও প্রকাশ্যে এসেছে। সরকারের শীর্ষ নেতৃত্ব যেখানে সহিংসতার দায়ে বিএনপি-জামায়াতের কর্মীদের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে তাঁদের অনুসারীদেরই দেখা যাচ্ছে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে। এতে করে, সহিংসতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে যেমন সন্দেহ জাগে, তেমনি সহিংসতার অভিযোগে আটক ব্যক্তিরা প্রকৃতই অপরাধে জড়িত কি না, সেই প্রশ্নও ওঠে।
সন্ত্রাস দমনের নামে রাজনৈতিক হয়রানি ও পুলিশের গ্রেপ্তার-বাণিজ্য যেমন বন্ধ হতে হবে, তেমনি অপরাধীদের পক্ষে ক্ষমতাবানদের তদবিরের শাস্তিও দিতে হবে।