এরই নাম সম্ভবত চোর-পুলিশের খেলা! এক হাতে হাতকড়া চুরির মামলার এক আসামির, অন্য হাতে মোবাইল ফোন, হাতকড়ার রশি ধরে রেখেছেন পুলিশের এক সদস্য। ছবি তুলতে গেলেই পাল্টে গেল দৃশ্য। সেই পুলিশ সদস্য গালিগালাজ শুরু করলেন আসামিকে, কেড়ে নিলেন মোবাইল ফোন। এই ‘চোর-পুলিশ খেলা’ নিয়ে হাস্যরস হতে পারে কিন্তু চট্টগ্রামের আদালতপাড়ায় পুলিশের সহযোগিতায় অপরাধীরা যে বেপরোয়া আচরণ করছে, তা এককথায় ভয়াবহ। প্রথম আলোর প্রতিবেদনে চট্টগ্রাম পুলিশের অপকর্মের যে চিত্র দেখা গেল, তাতে তারা জনগণের নয়, অপরাধীদের বন্ধু হিসেবেই নিজেদের প্রমাণিত করছে।
চট্টগ্রামের আদালতপাড়া মানেই অপরাধীদের মুক্তাঙ্গন। কারাগার থেকে মামলার হাজিরা দিতে এসে এখানে মোবাইল ফোনে কথা বলা, কাউকে হুমকি দেওয়া বা চাঁদাবাজির কাজও সারা যায়। ব্যবহার করা যায় আইপ্যাড বা ট্যাবের মতো ডিভাইস। বাসা বা অন্য কোথাও থেকে আসা পছন্দের খাবার থেকে শুরু করে পানাহারেরও সুযোগ মেলে এখানে, নেশার রুচি ভিন্ন হলে সে ব্যবস্থাও আছে। বিশ্রাম নেওয়ার জন্য মিলবে চৌকি। এমনকি কেউ যদি পছন্দের কারও সঙ্গে ‘ঘনিষ্ঠ সময়’ কাটাতে চায়, তার ব্যবস্থাও আছে আদালত চত্বরে! কারাগার থেকে আসামিদের নিয়ে আসেন পুলিশ বাহিনীর সদস্যরা। তাঁরা আসামিদের নিয়মিত এই সেবা দিয়ে আসছেন।
পুলিশের দেওয়া এই সেবা ফ্রি নয়। সব ধরনের সেবার জন্য আলাদা রেট আছে। বিষয়টি কারও অজানা নয়, আর সবার সামনে প্রকাশ্যেই ঘটছে এসব ঘটনা। পুরো ব্যাপারটি যেন একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে! চট্টগ্রামের আদালতপাড়ায় আসামিদের সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ‘পুলিশ’।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) তাঁর বাহিনীর সদস্যদের এসব অপকর্ম সম্পর্কে যা বলেছেন, তাতে দায়িত্বশীলতার পরিচয় নেই। তিনি প্রথম আলোকে বলেছেন, ‘এসব যাতে না হয়, সে জন্য পুলিশকে সতর্ক করা হয়েছে।’ এ ধরনের অপকর্মের প্রতিকার হচ্ছে শুধু ‘সতর্ক’ করে দেওয়া! চট্টগ্রাম আদালত চত্বরে যে এসব ঘটনা ঘটে চলেছে, তা এই পুলিশ কর্মকর্তার অজানা নয়। তিনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন অথবা নিতে চাননি। ব্যর্থ হলে তিনি কেন ব্যর্থ হয়েছেন বা ইচ্ছাকৃতভাবে ব্যবস্থা না নিলে তাঁর কোনো স্বার্থ রয়েছে কি না, সে বিষয়টি খুঁজে বের করা জরুরি।
প্রথম আলোর প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আদালত চত্বরের পরিস্থিতিও পাল্টেছে বলে জানা গেছে। কিন্তু পাল্টানো পরিস্থিতি কি সামনে বজায় থাকবে? নাকি কিছুদিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে আসবে? কিছু সদস্যের এ ধরনের অপকর্মের ফলে পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তিই ক্ষুণ্ন হয়, হুমকির মুখে পড়ে। আমরা আশা করব, নিজেদের ভাবমূর্তির স্বার্থে বিষয়টি তদন্ত করে পুলিশ বিভাগ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।