আসুন, আমরা লজ্জিত হই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ছবি: প্রথম আলো
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ছবি: প্রথম আলো

বলা হয়, পৃথিবীতে সবচেয়ে ভারী হলো পিতার কাঁধে সন্তানের লাশ। বিশিষ্ট লেখক-চিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক সে রকমই একজন পিতা, যাঁকে মাত্র কয়েক দিন আগে নিহত সন্তান ফয়সল আরেফিন দীপনের লাশ কাঁধে নিয়ে আজিমপুর কবরস্থানে যেতে হয়েছে।
গত শনিবার সন্ত্রাসীগোষ্ঠী জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী দীপনকে হত্যা করে তাঁর আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলার কার্যালয়ে। একই দিনে প্রায় একই সময়ে আততায়ীরা লালমাটিয়ায় শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী ওরফে টুটুলসহ আরও তিনজনকে হত্যার চেষ্টা চালায়। তাঁরা তিনজন একসঙ্গে থাকায় সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে বেঁচে গেলেও দীপন বাঁচতে পারেননি। তিনি ছিলেন একা। পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, আততায়ীরা আজিজ মার্কেটে তাঁর আসা-যাওয়া আগেই লক্ষ করছিল। দীপনকে একা পেয়েই তারা কোনো ভারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং কক্ষটি তালাবদ্ধ করে রেখে চলে যায়। 
সেদিন দীপন বাসা থেকে বের হওয়ার পর বাবা আবুল কাসেম ফজলুল হক ফোনে দীপনকে না পেয়ে সেখানে এসে প্রথমে কক্ষ তালাবদ্ধ দেখে চলে যান। ঘরের ভেতরে আলো জ্বলছিল। ভেবেছেন, কাছে কোথাও গিয়েছেন। পরে দীপনের স্ত্রীর কাছে লালমাটিয়ায় শুদ্ধস্বরের অফিসে হামলার কথা শুনে ফের তিনি আজিজ মার্কেটে ছুটে গিয়ে কক্ষের তালা খুলে দেখেন, দীপনের নিথর ও রক্তাক্ত দেহ পড়ে আছে। এই নির্মম দৃশ্য কোনো বাবার পক্ষে দেখা কঠিন। তার পরও এই ঋষিতুল্য শিক্ষক চাপাতির কোপে ক্ষতবিক্ষত সন্তানকে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা জানান, ধারালো অস্ত্রের কোপের কারণে দীপনের প্রচুর রক্তক্ষরণ হয় এবং কিছুক্ষণ পরই তিনি মারা যান। 
দীপন ছিলেন মুক্তচিন্তার একজন মানুষ, যিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি নিয়েও প্রকাশনাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। আলো বিতরণই ছিল তাঁর কাজ। আমাদের রাষ্ট্র তাঁকে ঘাতকদের জিঘাংসার হাত থেকে বাঁচাতে পারেনি। কিন্তু তাঁর শোকাহত পিতাকে যে সান্ত্বনাটুকু দেওয়ার কথা ছিল, সেটিও কি আমরা দিতে পেরেছি? 
দীপন সন্ত্রাসীদের হাতে খুন হলেন। তাঁর এবং সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত শুদ্ধস্বরের প্রকাশক টুটুলের অপরাধ—তাঁরা বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের বই ছেপেছেন। গত ফেব্রুয়ারিতে বইমেলা থেকে বেরিয়ে আসার পথে টিএসসির কাছে খুন হন আমেরিকাপ্রবাসী লেখক অভিজিৎ রায়। মুক্তমনা নামে তাঁর একটি ব্লগও আছে। এরপর গত নয় মাসে চারজন লেখক-ব্লগারকে খুন করে সন্ত্রাসীরা এবং প্রতিটি খুনের দায় স্বীকার করেছে আনসারুল্লাহ বাংলা টিম নামের একটি জঙ্গি সংগঠন। কিন্তু কোনো মামলার তদন্ত শেষ হয়নি। অপরাধীদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি তেজগাঁওয়ে নিহত ওয়াশিকুর রহমানের দুই ঘাতককে তৃতীয় লিঙ্গের দুজন মানুষ ধরিয়ে দেওয়ার পরও সহযোগীদের ধরতে পারেনি তারা। এই ব্যর্থতার জবাব কী? 
দুই. 
দীপন হত্যার পর তাঁর মহান পিতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যে সহিষ্ণু ও শান্তিবাদী মনোভাব দেখিয়েছেন, তার সঙ্গে কেবল মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলার চিন্তাচেতনার মিল পাওয়া যায়। মানবতাবাদী এই দুই মহান নেতা সব সময় সংঘাতের বদলে সমঝোতা এবং প্রতিহিংসার বদলে ক্ষমার কথা বলতেন। দীপন হত্যার পর তাঁর পিতাও বললেন, ‘আমি কোনো বিচার চাই না। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। যারা ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে রাজনীতি করছে, যারা রাষ্ট্রধর্ম নিয়ে রাজনীতি করছে, উভয় পক্ষ দেশের সর্বনাশ করছে। উভয় পক্ষের শুভবুদ্ধির উদয় হোক। এটুকুই আমার কামনা। জেল-ফাঁসি দিয়ে কী হবে?’ (প্রথম আলো, ১ নভেম্বর ২০১৫)। 
কারা দীপনকে হত্যা করতে পারে, সেই প্রশ্নের জবাবে আবুল কাসেম ফজলুল হক বলেছেন, ‘বিষয়টি অত্যন্ত স্পষ্ট। লালমাটিয়ায় যারা হামলা করেছে, তারাই দীপনকে হত্যা করেছে। অভিজিৎ দীপনের বন্ধু ছিল। ওর বইও দীপন বের করেছে। তবে সে ধর্মের বিরুদ্ধে কখনো লেখেনি। কোনো উসকানিও দেয়নি। কখনো কারও সঙ্গে দুর্ব্যবহারও করেনি। কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতাও নেই।’ (সূত্র: ওই)। 
সে ক্ষেত্রে অপরাধীদের শনাক্ত করতে তিনি ভুল করেননি। অথচ তাঁর বক্তব্য নিয়ে ক্ষমতাসীন দলের কোনো কোনো নেতা বিরূপ সমালোচনা করেছেন। রাজনীতিকেরা সবকিছু দেখেন রাজনীতির বাটখারায়। আজ যে নেতারা সব হত্যার বিচার চান বলে বজ্রনিনাদে গলা ফাটাচ্ছেন, তাঁদের কাছে কি আমরা জিজ্ঞেস করতে পারি, বিএনপি ও তার আগে আওয়ামী লীগ আমলে যেসব বোমা হামলার ঘটনা ঘটেছে, তার কটির বিচার হয়েছে? কজন দুর্বৃত্তকে আপনারা শাস্তি দিতে পেরেছেন?

সম্প্রতি আমি ময়মনসিংহে গিয়েছিলাম। ২০০৩ সালের ৭ ডিসেম্বর তিন সিনেমা হলে সংঘটিত বোমা হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছেন আহতরা। সেই বোমা হামলায় ২৯ জন নিহত ও শতাধিক আহত হলেও গত ১৩ বছরেও বিচার হয়নি। বিচার হয়নি আরও অনেক সন্ত্রাসী হামলার। এই প্রেক্ষাপটে যদি নিহত সন্তানের পিতা বিচার চাই না বলে উক্তি করেন, তাঁকে দোষ দেওয়া যায় না। মানুষের ভেতরে আশা জাগায় আইনের শাসন ও ন্যায়বিচার। সেটি নিশ্চিত করেই ক্ষমতাসীনেরা তাঁর বক্তব্যের সমুচিত জবাব দিতে পারেন; বক্রোক্তি করে নয়। আর এ ধরনের ঘৃণ্য হত্যাকাণ্ডের বিচার চাইতে হবে কেন? সমাজে কেউ অপরাধ করলে রাষ্ট্রের দায়িত্ব অপরাধীকে শাস্তি দেওয়া। 
প্রকাশক দীপন কিংবা অন্য হত্যার পর ঘাতকদের বিরুদ্ধে যেভাবে ঘৃণা ও প্রতিবাদ জাগ্রত হওয়ার কথা ছিল, আমরা তাও লক্ষ করি না। গণজাগরণ মঞ্চসহ গুটিকয়েক সংগঠন মাঠে নামলেও মানুষের মধ্যে তেমন চাঞ্চল্য নেই। যাঁরা জঙ্গিদের বিরুদ্ধে বুলন্দ আওয়াজ তুলছেন, তাঁদেরও কাউকে রাজপথে দেখি না।

আমাদের উদ্বেগ আরও বেড়ে যায় যখন দেখি নিহত দীপনের পিতাকে টেলিফোনে এই বলে হুমকি দেওয়া হয় যে, তিনি যেন সন্তানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করেন। এতে তাঁর এবং পুরো পরিবারটির মানসিক অবস্থা কী হতে পারে কল্পনা করুন। একটি টেলিভিশনে সাক্ষাৎকারে আবুল কাসেম ফজলুল হক বলেছেন, একাত্তরের পর কখনো তিনি এতটা অনিরাপদ বোধ করেননি। সন্তান নিহত হওয়ার পর শোকাহত বাবা কি তাঁর প্রতিক্রিয়াও জানাতে পারবেন না? 
অধ্যাপক হক নিরাপত্তা চেয়ে থানায় জিডি করুন আর না-ই করুন, রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই এই পরিবারটির প্রতি? সন্ত্রাসীদের হাতে সন্তান নিহত হওয়ার পরও শোকাহত পিতা কেন নিরাপত্তাহীনতায় ভুগবেন?

যে মানুষটি তাঁর পুরো জীবন শিক্ষকতা পেশায় কাটিয়ে দিয়েছেন, যিনি এই সমাজে একটি রেনেসাঁ বা নবজাগরণের স্বপ্ন দেখেন, যিনি এখনো আলো ছড়াচ্ছেন তাঁর বক্তৃতা ও লেখনীর মাধ্যমে; সন্ত্রাসীদের হাতে সন্তান হারানোর পরও যদি সেই তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে এর চেয়ে দুঃখের, এর চেয়ে লজ্জার কী হতে পারে? 
আসুন, আমরা লজ্জিত হই।