আসুন, নাফিসের পাশে দাঁড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজওয়ানুল আহসান নাফিস
রেজওয়ানুল আহসান নাফিস

কোনো ব্যক্তি যখন তাঁর কোনো ভুল বা গুরুতর অপরাধের দায় কবুল করে তার জন্য স্বীকারোক্তি দেন, তখন ওই স্বীকারোক্তির মধ্যে মানবিক আবেদন যেমন থাকে, তেমনি ওই স্বীকারোক্তির মধ্য দিয়ে স্বীকারোক্তি দানকারী ব্যক্তি যে সমাজ ও রাষ্ট্রে বেড়ে উঠেছেন, সেই সমাজ ও রাষ্ট্রের ভেতরকার হতাশা, অসংগতি, অস্থিরতা ও দ্বন্দ্বগুলো মূর্ত হয়ে ওঠে। ৯ আগস্ট ব্রুকলিনের ফেডারেল আদালত নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অপরাধে বাংলাদেশি যুবক কাজী রেজওয়ানুল আহসান নাফিসকে ৩০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
নাফিস তাঁর স্বীকারোক্তিমূলক চিঠিতে লিখেছেন যে ‘খুব ছোটবেলা থেকে আমার তোতলামির সমস্যা ছিল...আমার সত্যিকারের কোনো বন্ধু ছিল না। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক ছিল না। নিঃসঙ্গভাবে বেড়ে উঠি। একটা কিছু হতে আমি জীবনভর চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত কিছু হতে পারিনি। এটি আমার ও পরিবারের জন্য পুরোপুরি হতাশার।...বাংলাদেশি আরেকটি মেয়ের কদর করতাম, যার সঙ্গে আমি আমার ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম। একপর্যায়ে টের পেলাম সে আমার সঙ্গে প্রতারণা করছে। সেটা জানার পর আমার মন থেকে শেষ সান্ত্বনাটুকুও মুছে গেল। গোটা আকাশ যেন আমার ওপর ভেঙে পড়েছে। মনে হলো, এই পৃথিবীতে আমার আর কোনো স্থান নেই। বেঁচে থাকারও কোনো মানে নেই। কিন্তু ইসলাম ধর্মে নিষিদ্ধ থাকায় আমি আত্মহত্যাও করতে পারিনি। সোজাসুজি চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেললাম, হয়ে গেলাম খেপাটে। এভাবেই জিহাদি কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে শেষ করে দেওয়ার ভাবনা আসে...’ (প্রথম আলো অনলাইন ডেস্ক, ১০ আগস্ট, ২০১৩)
নাফিসের এ স্বীকারোক্তিতে আমরা তাঁর ছেলেবেলাকার নিঃসঙ্গতা, মা-বাবার সঙ্গে বিচ্ছিন্নতা, জীবনের উপর্যুপরি ব্যর্থতা এবং সর্বোপরি তাঁর প্রেমিকার প্রতারণার কথা জানতে পারি। ফলে তিনি উদ্ভ্রান্তের মতো ধ্বংস ও হননের পথে পা বাড়ান। মনোবিজ্ঞানীরা বলেন, সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য যেকোনো ব্যক্তির শৈশব ও কৈশোর গুরুত্বপূর্ণ। শৈশব ও কৈশোর যদি আনন্দময় ও হাসিখুশি না হয়, মা-বাবার সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে, তাহলে ওই ব্যক্তির মানসিক বিকাশ ত্রুটিপূর্ণ থেকে যায়। ফলে ওই ব্যক্তির মধ্যে আচরণগত সমস্যা দেখা দেয়, অথবা তিনি জড়িয়ে পড়েন ভয়াবহ কোনো অপরাধে।
নাফিস তাঁর স্বীকারোক্তিমূলক চিঠিতে লিখেছেন, ‘সাদাসিধে মানুষ হিসেবে আমি লোকজনের কথায় সহজেই ভজে যেতাম। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়জীবনে আমার প্রকৃত কোনো বন্ধু ছিল না। কাজেই প্রভাবশালী ও নামডাকওয়ালা মৌলবাদী বন্ধুরা যখন কাছে এল, খুব সহজে তাদের সঙ্গে তাদের কথায় পটে গেলাম। তাদের সঙ্গে মিশে এবং কথা শুনে ধার্মিক হয়ে উঠতে লাগলাম, কিন্তু কখনো মনে হয়নি যে ধীরে ধীরে ভুল পথে এগোচ্ছি। তবে তা নিশ্চিতভাবে ছিল ইসলামের নামে ভুল শিক্ষা।’
সমাজবিজ্ঞানী ও অপরাধবিজ্ঞানীরা মনে করেন, একজন ব্যক্তি কাদের সঙ্গে মেলামেশা করছে, কোন পরিবেশে বেড়ে উঠেছে, তা তার গন্তব্য নির্দিষ্ট করে দেয়। অর্থাৎ একজন ব্যক্তির বন্ধুবান্ধব, ‘পিয়ার গ্রুপ’ এবং পারিপার্শ্বিকতা নির্ধারণ করে দেয় যে ওই ব্যক্তি সঠিক পথে অগ্রসর হচ্ছে, না ক্রমেই এগিয়ে যাচ্ছে বিভ্রান্তি, হতাশা ও বিচ্যুতির দিকে।
নাফিস তাঁর ‘কনফেশানস’-এর একটি জায়গায় জঙ্গিবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা লিখেছেন। তিনি লিখেছেন, ‘গ্রেপ্তার হওয়ার পর ইসলাম বিষয়ে পড়াশোনা করার জন্য আমি প্রচুর সময় পেয়েছি। আমি পুরো কোরআন শরিফ পড়েছি, কারাগারে আসার আগে এই সুযোগ কখনো হয়নি। যতই পড়েছি, ততই বুঝতে পেরেছি আমি কোনো কিছু না বুঝেই অন্ধভাবে মৌলবাদীদের অনুসরণ করেছি। আমার পরিকল্পিত এই কর্মকাণ্ডের সমর্থনে আমি পবিত্র কোরআনের কোথাও একটি আয়াতও পাইনি...ইসলামে মৌলবাদের স্থান নেই। দুর্ভাগ্যের শিকার না হলে আমি কখনো এ ধরনের জিহাদি কাজ করতাম না।...’
নাফিসের স্বীকারোক্তি দেখে শঙ্কিত হচ্ছি এই ভেবে যে মৌলবাদীরা কীভাবে যুবকদের ‘মগজ ধোলাই’ করছে। আরও দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, ইসলামে যে শান্তি ও সহিষ্ণুতার কথা আছে, তাকে পদদলিত করে জঙ্গিবাদীরা আজ ধ্বংস ও হত্যার উৎসবে মেতে উঠেছে। ফলে মুসলিমদের আজ চিহ্নিত করা হচ্ছে ‘টেররিস্ট’ হিসেবে। অথচ সারা বিশ্বে ইসলাম বিস্তৃত হয়েছে তার শান্তি, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের বাণীর কারণে। বাংলাদেশেও ইসলাম বিস্তৃত হয়েছে সুফি-দরবেশদের ধর্মপ্রচারের মাধ্যমে। ফলে বাংলাদেশের মুসলমানেরা ‘উদারপন্থী মুসলিম’ বলেই বিশ্বে পরিচিত ছিলেন। কিন্তু কয়েক দশক ধরে ডানপন্থী রাজনীতির বিকাশ এবং তার হাত ধরে উত্থান ঘটেছে জঙ্গিবাদের। জঙ্গিবাদের এই উত্থান অব্যাহত থাকলে বাংলাদেশের উন্নয়ন, ইমেজ ও ভবিষ্যতের জন্য তার ফলাফল হবে ধ্বংসাত্মক।
নাফিসের স্বীকারোক্তিতে তিনি যেমন তাঁর ব্যক্তিগত দায় স্বীকার করেছেন, তেমনি তাঁর পরিবার, সমাজ ও রাষ্ট্রকে তুলে দিয়েছেন কাঠগড়ায়। নাফিসের শৈশব ও কৈশোর যদি আনন্দময় হতো, মা-বাবার সঙ্গে সম্পর্ক যদি হতো বন্ধুত্বপূর্ণ, তাহলে তাঁর ব্যক্তিত্ব হতো আরও শক্তিশালী, তাহলে হয়তো তিনি আরও সাহসের সঙ্গে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সফল হতে পারতেন।
বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি যখন হতাশাগ্রস্ত হয়ে জঙ্গিবাদীদের থাবার মধ্যে চলে যাচ্ছিলেন, তখন যদি তাঁকে যথাযথ ‘কাউন্সেলিং’ করা হতো, তাহলে হয়তো তিনি বিচ্যুত হতেন না। বাংলাদেশের রাজনৈতিক হানাহানি, দুর্নীতি ও সামাজিক অস্থিরতা যদি তাঁকে হতাশার অন্ধকারে নিমজ্জিত না করত, তখন হয়তো বা নাফিস যুক্তরাষ্ট্রের পথে পা বাড়াতেন না।
নাফিসের স্বীকারোক্তিতে আমরা দেখেছি যে এ অপরাধের জন্য শুধু তিনি দায়ী নন, তাঁর পরিবার ও সমাজের দায় রয়েছে। আসুন, আমরা সবাই মিলে নাফিসের পাশে দাঁড়াই। তাঁর দণ্ড যেন পুরোপুরি মওকুফ হয় অথবা অনেক কমিয়ে দেওয়া হয়, সেই চেষ্টা করি। আর একান্তভাবে কামনা করি নাফিস যেন পরিশুদ্ধ হয়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং জঙ্গিবাদীরা যেন আর কোনো নাফিসকে বিভ্রান্ত ও বিচ্যুত করতে না পারে।
শেখ হাফিজুর রহমান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও অপরাধবিজ্ঞান গবেষক।
[email protected]