নারীর ক্ষমতায়ন ও শিক্ষার দ্রুত প্রসারে যখন বাংলাদেশ সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে, তখন অরাজনৈতিক সংগঠনের দাবিদার হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নারীবিরোধী বক্তব্য আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। বিভিন্ন পত্রিকা ও সামাজিক গণমাধ্যমের সূত্রে জানা গেছে যে আহমদ শফী হাটহাজারীর ঈদগাহ ময়দানে নারীদের সম্পর্কে এমন সব অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, যা উচ্চারণ অযোগ্য। তিনি নারীদের কেবল চারদেয়ালের মধ্যে বন্দী রাখার কথাই বলেননি, তাদের প্রতি চরম অশ্রদ্ধাও প্রদর্শন করেছেন। ঘরের বাইরে গিয়ে নারীর কাজ করাকেও ইসলামবিরোধী আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলামের এই নেতা, যা অযৌক্তিক, অমানবিক ও অগ্রহণযোগ্য।
ইতিমধ্যে আহমদ শফীর বক্তব্যের বিরুদ্ধে সর্বমহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শফীর নারীবিরোধী এসব বক্তব্যকে জঘন্য ও নোংরা উক্তি বলে অভিহিত করেছেন। তাঁর শালীনতাবর্জিত বক্তব্য নিয়ে গতকাল জাতীয় সংসদেও প্রতিবাদের ঝড় উঠেছে। নিন্দা জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। মানববন্ধন করেছে নারী সংগঠনগুলো। আমরাও স্পষ্ট ভাষায় বলতে চাই, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশে এ ধরনের মানবতাবিরোধী, প্রগতিবিরোধী ও বিদ্বেষমূলক উক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
আহমদ শফীদের বুঝতে হবে, ইসলাম কখনোই নারীকে ঘরে বন্দী করে রাখতে বলেনি। যেখানে ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.) প্রত্যেক নর-নারীর জন্য শিক্ষা গ্রহণকে ফরজ হিসেবে উল্লেখ করেছেন, সেখানে হেফাজতের আমির নারীদের পড়াশোনা বন্ধ করতে বলেন কীভাবে? তাদের চাকরি করতে বারণ করেন কীভাবে?
আমাদের সংবিধানে নারী-পুরুষের সম-অধিকারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোনো ক্ষেত্রেই বৈষম্য করা যাবে না। আর নারীরা চারদেয়ালের বাইরে বেরিয়ে আসতে পেরেছেন বলেই দুই নারী আজ দেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন একজন নারী। লাখ লাখ নারী শ্রমিক ও কর্মী আমাদের সমাজ ও অর্থনীতিতে অসামান্য অবদান রেখে চলেছেন। হেফাজতে ইসলামের আমিরের বক্তব্য কেবল নারীবিরোধী নয়, সংবিধান, মানবতা ও সভ্যতাবিরোধীও।
এ প্রসঙ্গে আমরা আহমদ শফীকে স্মরণ করিয়ে দিতে চাই, তিনি যে ধর্মের নামে নারীদের ঘরে বন্দী রাখতে চাইছেন, সেই পবিত্র ইসলাম নারীকে সম-অধিকার ও স্বাধীনতা দিয়েছে। প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারীও একজন নারী। ইসলামের ইতিহাসে প্রথম শহীদও হন সুমাইয়া নামের আরেকজন নারী। তা ছাড়া নবী করিম (সা.)-এর স্ত্রী হজরত আয়েশা (রা.) শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ধর্ম যদি তাঁদের চারদেয়ালের ভেতর বন্দী করবে, তাহলে তাঁরা যুদ্ধে অংশ নিলেন কীভাবে?
আহমদ শফী ধর্ম ও মানবতাবিরোধী যে বক্তব্য দিয়েছেন, আমরা তা প্রত্যাহারের দাবি জানাই। দেশের আইন ও সংবিধান তথা মানবতা ও গণতন্ত্রে বিশ্বাসী কোনো মানুষ এ ধরনের বক্তব্য দিতে পারেন না।