আয়শা খানম : কর্মের জ্যোতিতে উজ্জ্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়শা খানম
ফাইল ছবি

মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, নারী আন্দোলনের অগ্রসেনানী, আয়শা খানম ২০২১ সালের দ্বিতীয় দিনে চলে গেলেন। ২০২০-এর বিষে যখন সমগ্র বিশ্ব নীলকণ্ঠ হয়ে উঠেছে, মনে হয়েছিল ২০২১-এ হয়তো নতুন ভোর দেখতে পাব। তখনই আরও একটি নক্ষত্র পতনের শব্দ শুনতে হলো, যা মেনে নেওয়া কঠিন।

ছাত্র আন্দোলন দিয়ে যাঁর জীবন শুরু, তাঁর সমাপ্তি ঘটে সমাজের অধিকারহীন, বঞ্চিত নারীদের মানবাধিকার আদায়ের লড়াইয়ে। যে লড়াই জীবনের শেষ দিন পর্যন্ত করে গেলেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে নারী আন্দোলনকে একটি সামাজিক আন্দোলনে বিকশিত করার ক্ষেত্রে আয়শা খানমের ভূমিকা উজ্জ্বলভাবে লেখা থাকবে।

ছাত্রজীবনে বামপন্থী আন্দোলনে যুক্ত থেকে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের যে দীক্ষা নিয়েছিলেন, আজীবন তা বহন করে চলেছেন। ’৬২-র ছাত্র আন্দোলন, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন সমভাবে সক্রিয়।

অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, নারী-পুরুষের সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই বাংলাদেশ গড়ার কাজ তিনি আমৃত্যু করে গেছেন।
ছাত্রত্ব শেষ করে অন্য কোনো পেশায় যুক্ত না হয়ে, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আহ্বানকে উপেক্ষা করে যে সাম্য ও প্রগতির ঝান্ডা হাতে নিয়েছিলেন, তা নিয়ে অবহেলিত, সামাজিকভাবে অধস্তন নারীর অধিকার ও মর্যাদা রক্ষার কর্মে নিজেকে নিবেদন করেন। তাঁকে বেগম রোকেয়া, সুফিয়া কামালের পরম্পরা বলা বোধ হয় বেশি বলা হবে না। তিনি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকেয়ার উত্তরসূরি, জননীসাহসিকা সুফিয়া কামালের ভালোবাসার মানুষ।

আয়শা খানম ছিলেন একজন রাজনীতিমনস্ক মানুষ। এবং পাঠচর্চা ছিল তাঁর আর একটি মৌলিক বৈশিষ্ট্য। তাঁর পাঠের বিষয়ের ব্যাপকতা দেখলেও বিস্মিত হতে হয়। সমাজ-রাজনীতির সর্বশেষ বইটি সম্পর্কেও তাঁর জানা থাকত। রাজনীতিমনস্কতা ও পাঠচর্চার বিশালতার মধ্যে দিয়ে তিনি যা আহরণ করতেন, তা তিনি নারী আন্দোলনের পরিকল্পনার কাজে প্রয়োগ করতেন। ফলে কর্মসূচি হতো আধুনিক ও প্রাসঙ্গিক। করোনা মহামারি, কর্কট রোগে আক্রান্ত, দুর্বল শরীর তাঁকে বই সংগ্রহ ও পাঠ থেকে দূরে রাখতে পারেনি। এর মধ্যে তিনি বাতিঘর, পাঠক সমাবেশ, প্রথমা থেকে বই কিনেছেন। কন্যা ঊর্মি থাকত আমেরিকায়, ওর কাছেও তালিকা যেত। এবং প্রতিটি বই যে কত ভালোবেসে কিনছেন ও পড়ার জন্য উন্মুখ হয়ে আছেন, তা বোঝা যায় করোনাকালে ফোনে কথা হলে এত আনন্দের সঙ্গে গল্প করতেন নতুন বইয়ের, শুনতাম আর ভাবতাম নিজেদের অক্ষমতার কথা।

আয়শা খানমের চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের নারী আন্দোলনের একটি মহিরুহের পতন হলো। তাঁর গভীর বিচক্ষণতা, বোধের ঋদ্ধতা এ দেশের নারীর অধিকার আদায়ের আন্দোলনরত ব্যক্তি ও সংগঠন সবাইকে ধারণ করার ক্ষমতা ছিল। যৌথ নারী আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভাবনা সব সময় কাজ করত এবং ছিল সক্রিয় উদ্যোগ। যেকোনো সমস্যায় তাঁর পরামর্শ সবার কাম্য ছিল।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং মহিলা পরিষদও ৫০ বছর পার করছে।

বাংলাদেশ এবং বাংলাদেশ মহিলা পরিষদ তার সফলতা, অর্জন, দুর্বলতা নিয়ে পাশাপাশি হেঁটে চলেছে। এই ৫০ বছরে আয়শা খানম তৈরি করেছেন অসংখ্য কর্মী, সংগঠক, যাঁরা তাঁর অসাধারণ বাগ্মিতা ও তথ্যপূর্ণ বক্তব্যে উজ্জীবিত হতেন, অনুপ্রেরণা লাভ করতেন। তাঁর সংবেদনশীল মন কর্ম-সংগঠকদের প্রতি ভালোবাসার ছোঁয়ার পরিচয় দিত। অসুস্থতার সময়ও সংগঠনের প্রতিটি কর্মসূচির খোঁজখবর রাখতেন। নতুন বছরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কর্মসূচি বিষয়ে তাঁর অভিমত ৩১ ডিসেম্বর অডিও রেকর্ড করে পাঠিয়েছেন। এ রকম কর্মনিষ্ঠ ছিলেন তিনি।

নারী আন্দোলনকে সামগ্রিকতায় দেখার দৃষ্টি তাঁর। তিনি বলতেন, ‘নারী আন্দোলন একটি সামষ্টিক কাজ, যেখানে যার যার ক্ষেত্র থেকে সে ভূমিকা রাখবে। নারীবাদ একটি নকশিকাঁথা, সবাইকে এখানে বুনে যেতে হবে কিছু না কিছু, একটি একটি ফোঁড়ে তৈরি হবে, দাগ রাখতে হবে সবাইকে। আমি একা পারব না, তুমি একা পারবে না।’ এভাবে তিনি জাতীয় নারী আন্দোলনের সঙ্গে বৈশ্বিক নারী আন্দোলনে সংযোগ ঘটাতেন।
আয়শা খানম চলে গেলেন, কিন্তু রেখে গেলেন তাঁর সুদীর্ঘ জীবনসাধনা, দেশব্যাপী বিস্তৃত সংগঠন এবং কর্মের বিশাল প্রেরণা। তিনি তাই থাকবেন নারী মুক্তির আগামীর পথচলায়।

সীমা মোসলেম: যুগ্ম সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ