নবম-দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র (ইংলিশ ফর টুডে) বইটি পূর্ববর্তী শিক্ষাবর্ষের বইগুলোর তুলনায় বহুগুণে উন্নত। এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে অনেক সহায়ক। এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিতেও এটি সাহায্য করে। বইটি শিক্ষার্থীদের ইংরেজি বলতে পারা, শুনে বুঝতে পারা ও লিখতে পারার ক্ষমতা বৃদ্ধিতে অনেকাংশেই সহায়ক। বইটিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যা শ্রেণীকক্ষে সবার অংশগ্রহণে সম্পন্ন করতে হবে। এ ছাড়া বিভিন্ন দলগত কাজের কথা বলা আছে, যেগুলো করার ফলে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে নিজেদের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে ইংরেজি ভাষায় আলোচনা করতে পারবে।
কিন্তু এসব বাস্তবায়ন করার পেছনে সবার আগে যেটি প্রয়োজন, সেটি হচ্ছে পাঠদানের পদ্ধতি পরিবর্তন করা। শিক্ষকেরা সঠিক নিয়মে পাঠদান করলেই বইটি শিক্ষার্থীদের কাজে লাগবে। নতুবা বইটি পরিবর্তন করার পরও কোনো লাভ হবে না। বইটিতে ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য যেসব নির্দেশ দেওয়া হয়েছে, শিক্ষকেরা শ্রেণীকক্ষে তা মানছেন না। তাঁরা শুধু শ্রেণীকক্ষে রিডিং পড়িয়ে প্রশ্নোত্তর বা মডেল কোশ্চেন সমাধান করেন। এ কারণে শিক্ষার্থীরা বইয়ে উল্লেখিত দলগত কাজগুলো শ্রেণীকক্ষের সবার অংশগ্রহণে করার সুযোগ পায় না। অথচ ওই দলগত ও একক কাজগুলো করার মাধ্যমেই এ দেশের শিক্ষার্থীদের সৃজনশীলতার সুষ্ঠু বিকাশ ঘটবে। আবার শ্রেণীকক্ষে শিক্ষকেরা বইয়ের একক ও দলগত কাজগুলোতে কোনো আগ্রহ প্রকাশ না করায় শিক্ষার্থীরা একক কাজগুলো বাড়িতেও করছে না। তাহলে বইটি এত সুন্দর ও কার্যকরভাবে তৈরি করার অর্থ কী? পড়াশোনা করার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন কিছু শেখা, নম্বর বেশি পাওয়া নয়।
সুতরাং এই মূলমন্ত্রটি বজায় রেখে শিক্ষাদান করা প্রয়োজন। ২০১৩ শিক্ষাবর্ষের এই ইংরেজি প্রথম পত্র বইটি সত্যিই প্রশংসনীয়। তাই শিক্ষকদের এটি অনুসরণ করার জন্য অনুরোধ করছি।
লাবিবা রহমান, উত্তরা, ঢাকা।