ইইউতে বাংলাদেশ বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইইউতে বাংলাদেশ বিতর্ক
ইইউতে বাংলাদেশ বিতর্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টের ফ্লোরে আধা ঘণ্টার বিতর্কে ১৯ জন সদস্য অংশ নিয়েছিলেন। এই নির্বাচিত রাজনীতিবিদেরা সমস্বরে বাংলাদেশে গত ৫ জানুয়ারির নির্বাচনের ললাটে কলঙ্কের তিলক এঁকে দিয়েছেন। তাঁরা অবিলম্বে অংশগ্রহণমূলক নির্বাচন করে দেশকে গণতান্ত্রিক ধারায় আনতে বলেছেন। কিন্তু ইউরোপের এই বার্তাটি বাংলাদেশের জনগণের কাছে খুব স্পষ্ট করে পৌঁছায়নি। ওই বিতর্কের পরে ইসলামি মৌলবাদী জামায়াত নিষিদ্ধকরণ, বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে এবং আগাম নির্বাচনের তাগিদ দিয়ে প্রস্তাব পাস হয়েছিল।
১৬ জানুয়ারি ফ্রান্সের স্টার্সবুর্গে অবস্থিত সংসদে বাংলাদেশ আলোচিত হয়। পরদিনই ওই বিতর্কের প্রতিলিপি পেতে প্রেস টিমের সঙ্গে যোগাযোগ করি। কন্সটাঞ্জে বেকারহফ, চচিপ্রাত মালিনি ও রালুকা বিবিয়ানা হুলুবানের কাছ থেকে ই-মেইলের কিছু সহায়তা পেলাম ঠিকই। কিন্তু তা খুব দরকারি ওয়েবলিংক প্রাপ্তির মধ্যেই সীমিত। আগ্রহী ছিলাম এটা জানতে যে কী প্রস্তাব পাস হলো আর কী আলোচনা হলো। যে ছয়টি গ্রুপ প্রস্তাব এনেছিল তারা যে কেবল ইইউ সংসদে সক্রিয় তা নয়। নিজ নিজ দেশেও তারা সক্রিয়। সুতরাং এটা ভাবা অমূলক যে ইইউর প্রস্তাব যাঁরা পাস করেছেন, তাঁদের অন্যবিধ কোনো প্রভাব নেই বা খাটানোর সুযোগ নেই।
ঢাকার ইইউর আবাসিক প্রতিনিধি সম্প্রতি তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করলেন। এর পরই তোফায়েল আহমেদকে টিভিতে বলতে শুনলাম, ইইউ ৫ জানুয়ারির নির্বাচনকে সমর্থন করেছে। আমি খুবই অবাক হই যে ইইউর প্রতিনিধি তা কী করে বলেন। ওই নির্বাচনকে অনাস্থা দিয়ে ১৪ জানুয়ারি ছয় গ্রুপের ছয়টি আলাদা প্রস্তাবে ৬২ জন সাংসদ সই করেছিলেন। তাঁরা ইইউভুক্ত অন্তত এক ডজনের বেশি দেশের প্রতিনিধিত্ব করছেন।
১৬ জানুয়ারি বাংলাদেশবিষয়ক আলোচনার অধিবেশনে জার্মানভাষী স্পিকার ছিলেন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট-দলীয় ইইউ ভাইস প্রেসিডেন্ট রায়নার উইল্যান্ড। আলোচনায় অংশগ্রহণকারী উনিশের মধ্যে ১১ জন কথা বলেন ইংরেজি বাদে অপর ছয়টি ভাষায়। পরে যখন ওই ১১ জনের বক্তব্যের নকল পেলাম তখন দেখলাম, তার ইংরেজি তরজমা নেই। পোলিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, জার্মান, ফিনিশ ও স্লোভাক ভাষায় লেখা। গুগলসের ল্যাঙ্গুয়েজ টুলসের ওপর নির্ভর করি। সুতরাং এর যান্ত্রিক অনুবাদ হয়তো এক শ ভাগ নির্ভুল নয়।
গোড়াতেই বলা দরকার, একজন ব্যতিক্রম বক্তা পেয়েছি। তিনি রক্ষণশীল ও সংস্কারপন্থী ইসিআর গ্রুপের রিচার্ড সিজরনেকি। ড্যান মজীনাকে রসিকতা করে যদি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলা যায়, তাহলে তিনি নিশ্চয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য! তাঁর কথায়, ‘এটা আওয়ামী লীগ সরকারের দিক থেকে সামনে এগোনোর একটি পদক্ষেপ। আদালতকে হেয়প্রতিপন্ন করার বিরোধীদলীয় চেষ্টা সত্ত্বেও তারা ঘৃণ্য অপরাধের দায়ে অভিযুক্তদের দণ্ড দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে সংহত করতে সাহায্য করেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা নির্দেশ করছে যে এটাই ছিল সঠিক পদক্ষেপ। নির্বাচন বর্জন করার জন্য ধ্বংসাত্মক আচরণ এবং জামায়াতে ইসলামীর সহিংস উগ্রতা বাংলাদেশি গণতন্ত্রের জন্য একটি নিষ্ঠুর অভিঘাত। তিনি আশা করেন, নতুন সরকার দায়িত্বহীন বিরোধী দল এবং তাদের চরমপন্থী ইসলামি মিত্রদের দ্বারা সংঘটিত ক্ষতি কিছুটা হলেও পোষাতে সক্ষম হবে।’
ফিনিশ নারী সাংসদ তারজা ক্রনবার্গ নির্বাচনী হত্যাকাণ্ডের বিষয়ে স্বাধীন এবং স্বচ্ছ অনুসন্ধানের পক্ষে মত দেন। বলেন, জনগণকে তার ইচ্ছার প্রতিফলন ঘটাতে দেওয়া প্রয়োজন ছিল।
ব্রিটেনের প্রতিনিধি ফিল বেনিয়ন বলেন, ‘একজন লিবারেল এবং একজন ডেমোক্র্যাট হিসেবে আমরা বিশ্বাস করি এমন একটি মুক্ত ও ন্যায্য সমাজব্যবস্থায়, যেখানে প্রত্যেকের একটি ভোট থাকবে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে তা অর্জন করা সম্ভব।’ বেনিয়ন ২০১৪ সালের সমস্যাটি ঠিক ধরেছেন। তাঁর কথায়, ‘কণ্ঠ স্থগিত রাখার মধ্য দিয়ে বাংলাদেশে তথাকথিত সুশাসন ও উন্নয়নের নতুন রথ তৈরি করা হচ্ছে।’
ইইউর ফ্লোরে নির্দিষ্টভাবে জামায়াত নিষিদ্ধের বিষয়টি কারও আলোচনায় আসেনি। তবে এর স্পষ্ট ইঙ্গিত এসেছে লিখিত যৌথ প্রস্তাবে। বেনিয়ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাগত জানাতে অপারগ। কিন্তু কেন? তাঁর উত্তর, ‘এই বিচার সামাজিক রিকনসিলিয়েশন দিতে ব্যর্থ। এবং আমি বিশ্বাস করি, এই আদালত প্রকৃতপক্ষে একটি বিভক্তকারী ফ্যাক্টর।’ আর রিচার্ড সিজরনেকি বেনিয়নের সঙ্গে দ্বিমত করে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার একটি উত্তম দৃষ্টান্ত।
লিথুনীয় নারী রাজনীতিক লিমা লুসিজা আন্দ্রেকেইন উল্লেখ করেন, ‘গত ৫ ডিসেম্বর আমি “বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন” শীর্ষক একটি গণশুনানির আয়োজন করি। এতে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।’ কেইন বলেন, ‘আমরা নিরাপত্তা বাহিনীর দ্বারা চলমান নিপীড়ন ও ধরপাকড় বন্ধের দাবি জানাচ্ছি।’ রাজনৈতিক সংকট থেকে বেরোতে হলে সব বিকল্প বিবেচনায় নিয়ে আগাম নির্বাচনের সুপারিশ করেন তিনি।
সিম কালাস ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট। তাঁর মন্তব্য, ‘আমরা উভয় দলের প্রতি একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে একটি গ্রহণযোগ্য ফর্মুলায় পৌঁছাতে আহ্বান জানাই, যেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ সর্বাগ্রে দেখা হবে।’
পোলিশ রাজনীতিক পাভেল রবার্ট কোভালের কথায় মনে হলো শান্তিপূর্ণ নির্বাচন হলে একটি সম্ভাব্য ক্ষমতা হস্তান্তর বা পালাবদলই তিনি আশা করেছিলেন। ফরাসি নারী রাজনীতিক ভেরেনিক দ্য কাইজার ২০০১ সালের নির্বাচনে বিএনপির দুই-তৃতীয়াংশ আসন লাভের কথা স্মরণ করেন। তাঁর চোখে নির্বাচনী ফলাফল ‘চরমতম ভঙ্গুর’। পর্তুগিজ নারী রাজনীতিক আলদা সৌসাও বাংলাদেশে কী ঘটছে তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের পক্ষে মত দেন। পোলিশ রাজনীতিক ফিলিপ কাজমারেক জাতিগত সংখ্যালঘু বিশেষ করে হিন্দুধর্মাবলম্বীদের রক্ষা করতে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত বলে মন্তব্য করেন।
সবচেয়ে গভীর অভিনিবেশপূর্ণ মন্তব্য করেছেন পিপিই গ্রুপের জার্মান রাজনীতিক বার্ন্ড পোসাল্ট। তিনি বলেন, ‘আমি তরুণ বয়স থেকে শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশকে লক্ষ করেছি। এটা দুর্ভাগ্যজনক যে দেশটি প্রকৃতপক্ষে এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি। এখানে লুটেরা শাসন কায়েম হয়েছে।’ পোসাল্টের কথায়, কতিপয় ডাইন্যাস্টি বা রাজবংশ এটা চালাচ্ছে। দেশটিকে তারা নিষ্ঠুরভাবে দমিয়ে রেখেছে। গত ১০ বছর হলো ধীরে ধীরে দেশটি অগ্রগতির দিকে যাচ্ছিল। কিন্তু প্রপাগান্ডার পরিবর্তে যদি দেশটি গণতন্ত্র ও আইনের শাসনের দিকে না যায়, তাহলে এর সবকিছুই ভেস্তে যাবে।
এক হাজার ২৫৬ কোটি ডলারের পোশাক রপ্তানি বাজার ইইউ। ইউরোপীয়দের উদ্দেশে পোসাল্ট বলেন, ‘আপনি একটি কারাগারে সস্তা শ্রম আউটসোর্স করতে পারেন না। পারেন একটি গণতন্ত্রে, যদি সেটা টেকসই হয়।’ ১১ ফেব্রুয়ারি মার্কিন সিনেটের শুনানিতে রানা প্লাজা ও তাজরীনের ভাবমূর্তি নিয়ে বাংলাদেশের ওই কারাগার অবয়বটাই মূর্ত হয়েছে।
স্লোভাক ভাষায় ইয়ারোস্লাভ পাসকা বলেছেন, ক্ষমতাসীনদের ভূমিধস বিজয় খুব প্রতিনিধিত্বশীল নয়। বিরোধী দলকে দমন বন্ধ করতে সুপারিশ রেখে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। অপর স্লোভাক রাজনীতিক এদুয়ার্দ কুকান বলেন, একটি কার্যকর গণতন্ত্রের ১ নম্বর শর্ত হচ্ছে রিকনসিলিয়েশন। ইইউতে ফিনল্যান্ডের প্রতিনিধি মিত্র রেপো নির্বাচনকে একটি ‘দুর্ভাগ্যজনক ব্যর্থতা’ বলে চিহ্নিত করে জোর দেন ন্যাশনাল রিকনসিলিয়েশনের ওপরই।
কমনস ফ্লোরে এক ব্রিটিশ সাংসদের মতো কুকানও বলেছেন, ১৯৯১ সালের পর এই প্রথম সংসদে কোনো বিরোধীদলীয় প্রতিনিধিত্ব নেই। তিনি কার্যত একে বলেছেন প্রবলেম পার্লামেন্ট। পিপিই গ্রুপের মুখপাত্র পোলিশ নারী রাজনীতিক ইয়োলান্তা এমিলিয়া হিবনার। তিনি যুক্তি দেন, ৫ জানুয়ারির নির্বাচন গণতন্ত্রের যেকোনো মানকে প্রত্যাখ্যান করেছে। সেটা শুধু বিএনপির বর্জনের কারণেই নয়, সেটা তাঁর কথায় মূলত ওই নির্বাচনে এমন কোনো স্বাধীন পর্যবেক্ষক ছিলেন না, যাঁরা নির্বাচন-প্রক্রিয়ার ভুয়া দিকগুলো চিহ্নিত করে তাতে কলঙ্ক লেপন করতে পারেন।
শেষে দুটি লিখিত বিবৃতি পেশ করে পিপিই। এটি ইইউ-র বৃহত্তম গ্রুপ। মতাদর্শগতভাবে মধ্য ডান। এর পোলিশ সদস্য বোকেস্লাভ সোনিক বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য পূরণ করেনি। তিনি বাংলাদেশে ‘গণতন্ত্র ও আইনের শাসন পুনরুজ্জীবনের’ দাবি জানান।
অপর পোলিশ সদস্য তাতেউস জভেইফকা মন্তব্য করেন, ‘কেবল ফলাফলই নয়, দেশটিতে যে ধরনের পরিবেশ সৃষ্টি করা হয়েছে সেটা নিরঙ্কুশভাবে অগ্রহণযোগ্য। আমি দুঃখের সঙ্গে বলছি, বাংলাদেশের ক্ষমতাসীন সরকার তার দায়িত্ব পালন করতে পারেনি। এর পরিণতি হলো নির্বাচনী ব্যর্থতা।’
তবে আমি আক্ষেপ করেই বলব, কমন্সের মতো এই বিতর্কেও দেখলাম বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা যে ভেঙেচুরে আছে, প্রায় সব প্রতিষ্ঠানই যে অকার্যকর, সেই কথাটি উচ্চারিত হলো না।
মিজানুর রহমান খান: সাংবাদিক।
[email protected]