বাংলাদেশের স্থানীয় সরকারের অংশ হিসেবে দেশের প্রত্যন্ত তৃণমূল অঞ্চল পর্যন্ত কাজ করছে ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের (এলজিআরডি) অধীনে দেশের সব ইউনিয়নে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হয়েছে। সেখান থেকে স্থানীয় সরকারের বিভিন্ন সেবা পায় ইউনিয়নগুলোর মানুষ। দেশের অনেক ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ তথ্যকেন্দ্রও রয়েছে। এ তথ্যকেন্দ্রগুলো কার্যকর সেবা দিচ্ছে গ্রামের মানুষদের। এই তথ্যকেন্দ্রগুলোকে আরও কার্যকর, আরও প্রায়োগিক করে তোলার জন্য যদি দেশের সব ইউনিয়ন পরিষদে একটি করে লাইব্রেরি স্থাপন করা হয়, তাহলে সামগ্রিকভাবে ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ড থেকে শিক্ষা বিস্তারের চেতনাকে ছড়িয়ে দেওয়া যেত। লাইব্রেরিগুলো যেমন পড়াশোনার প্রয়োজনীয়তার প্রতি গ্রামের সাধারণ মানুষের মনে ইতিবাচক ছাপ রাখত, তেমনই লাইব্রেরির কক্ষে বিভিন্ন বিষয়ে যথা—স্বাস্থ্য, স্যানিটেশন, পরিকল্পিত পরিবার বিষয়ে জনসচেতনতার জন্য আলোচনা সভার মাধ্যমে মানুষকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করায় সহায়ক হতো।
সত্যি কথা বলতে কি, ইউনিয়ন তথ্যকেন্দ্র বিশ্বকে ঘরের ভেতর এনে দিয়েছে। কিন্তু প্রয়োজন পূরণের জন্য দরকার যে শিক্ষা,
সেই শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। আর তা পূরণের জন্য দরকার সব ইউনিয়নে বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক বই-পুস্তকসমৃদ্ধ লাইব্রেরি।
গল্প, উপন্যাস তো থাকবেই। বর্তমান গ্লোবাল বিশ্বে গ্রাম ও শহর শব্দ দুটির মাধ্যমে যে বৈষম্য, তা লোপ পাচ্ছে। আজ বাংলাদেশের গ্রামে বসে এ দেশের সন্তান যে নিউইয়র্ক মহানগরের কাজে নিযুক্ত রয়েছেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে সেটাই যুগের বাস্তবতা।
বিদেশে অল্প শিক্ষিত জনশক্তি যে আয় করে, তার চেয়ে অনেক গুণ বেশি আয় করা সম্ভব বাংলাদেশের কোনো গহিন গ্রামের প্রশিক্ষিত যুবকের পক্ষে, যদি আমরা ইউনিয়ন পরিষদ তথ্যকেন্দ্রগুলোতে দক্ষ জনশক্তির সমাবেশ ঘটাতে পারি, যদি ইউনিয়ন পরিষদগুলোতে আমরা বিজ্ঞান-প্রযুক্তির জ্ঞানসমৃদ্ধ বই-পুস্তক দিয়ে একটি করে সুন্দর লাইব্রেরি স্থাপন করে গ্রামের উদ্যমী তরুণদের প্রশিক্ষিত করে গড়ে তোলার পদক্ষেপ নিই।
বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। সেই সম্ভাবনাকে কল্যাণমূলক কাজে লাগানো সম্ভব হবে এ ধরনের পদক্ষেপ নিলে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি এটাই আমাদের অনুরোধ।
মাহদী আল মুবিন
বড় মগবাজার, ঢাকা।